Category: সর্বশেষ

  • দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার তীব্র যানজট: গরমে দুর্ভোগে যাত্রীরা

    দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার তীব্র যানজট: গরমে দুর্ভোগে যাত্রীরা

    নিউজ সোনারগাঁ : কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট ধীরে ধীরে বিস্তৃত হয়ে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা পর্যন্ত পৌঁছে গেছে বলে জানা গেছে। এ কারণে দীর্ঘ সময় ধরে আটকে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।
    রোববার (২৪ মে) দুপুর থেকে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত একের পর এক যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
    যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। অনেক যানবাহনে পর্যাপ্ত পানি ও বাতাসের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ গন্তব্যেও পৌঁছাতে পারেননি।
    স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এমনিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সাম্প্রতিক সময়েও এই মহাসড়কের কয়েকটি অংশকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানজট নিরসনে কাজ করছে বলে জানা গেছে। তবে যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার ও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

  • সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর নামে মামলা

    সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর নামে মামলা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

    একই সঙ্গে মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।

    মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

    পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

    এ সময় হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে।

  • সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মাহমুদুল হাসান হিমেল (২৯), মেহেদী হাসান মুরাদ (২৫), নূর হোসেন (৪০), শফিকুল ইসলাম (৪৮) ও মোঃ মোখলেস (৪৯)।
    অভিযান চলাকালে দুপুর ১টার দিকে নয়াপুর এলাকায় অবস্থিত হাবিব রাইস মিল থেকে মাহমুদুল হাসান হিমেল ও মেহেদী হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১টা ৪০ মিনিটে নূর হোসেনকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। এরপর দুপুর ২টা ২০ মিনিটে শফিকুল ইসলামকে নিজ বাসভবন থেকে এবং দুপুর ২টা ৫০ মিনিটে সোনাপুর এলাকায় একটি ডাবের দোকান থেকে মোঃ মোখলেসকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামীদের আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা

    সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়|

    সভায় সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় পর্যালোচনার মূল প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন|
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী,  সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, সাংবাদিক আনিছুর রহমান, রুবেল মিয়া ও ডালিম হোসেন প্রমূখ|
    সভায় বক্তারা বলেন, সোনারগাঁওয়ে গোয়ালদী মসজিদ ও পানাম সেতুর যে সংস্কার কাজ চলমান রয়েছে সেগুলো ইতিমধ্যে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি পরিদর্শন করেছেন| পরিদর্শনে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গেছে|
    বাজারের প্রচলিত ইট ছোট করে কেটে স্থাপনার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে| কিন্তু প্রাচীন স্থাপনাগুলোতে পাতলা জাফরি ইট ব্যবহার করা হয়েছিল| প্রচলিত ইট কেটে ব্যবহার করার কারণে স্থাপনার স্থায়িত্ব নিয়ে শংকা রয়েছে| এছাড়া পানাম সেতুর নিচের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে না|
    যে দুটি স্থাপনা সংস্কার করা হচ্ছে সেগুলোর আশপাশে যাতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা|

  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান

    ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান

    নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সিএনজি বেবীট্যাক্সি স্ট্যান্ডে মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে খুন হওয়া অটোরিকশা চালক মোঃ মমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
    শুক্রবার বিকেলে তিনি নিহত মমিনের নাজিরপুর গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় মমিনের স্ত্রী রিনা আক্তার স্বামীর মৃত্যুর পর পরিবারটির আর্থিক সংকট, অসহায়ত্ব এবং দুই সন্তানের লেখাপড়ার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্বামীর হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    এসময় এমপি মান্নান নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং মমিনের দুই ছেলে রহিম ও হাসানের পড়াশোনা বিদ্যালয়ে বিনামূল্যে চালিয়ে নেওয়ার ব্যবস্থা, সরকারি অনুদানের মাধ্যমে টিন, নগদ অর্থ, চালসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
    পরিদর্শনকালে এমপি মান্নান মোবাইল ফোনে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারকে পলাতক অভিযুক্ত লাইনম্যান শাহিন মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
    এ বিষয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “অটোরিকশা চালক মমিনের হত্যাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মামলার আসামিকে আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”
    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা মামলার আসামি শাহিনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ৩ চুনা কারখানা গুঁড়িয়ে, ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ৩ চুনা কারখানা গুঁড়িয়ে, ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়ে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রায় ২০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
    বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার ঝাউচর এলাকায় নুরে মদিনা মসজিদ সংলগ্ন একটি, ইসলামপুর এলাকায় একটি এবং সোনাখালী এলাকায় বারডেম হাসপাতালের বিপরীত পাশে একটি চুনা কারখানায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
    অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিতের নেতৃত্বাধীন দল।
    অভিযানকালে এক্সকেভেটর মেশিন ব্যবহার করে কারখানাগুলো ভেঙে ফেলা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পানি স্প্রে করা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ সংযোগ শনাক্ত হবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

    সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য্যের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থানাধীন ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে অভিযান পরিচালনা করে।
    অভিযানে মো. দীপু (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভবনাথপুর এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
    এছাড়া পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দীপুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় পূর্বে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, মারামারি, চুরি ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা-তামা ছিনতাই

    কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা-তামা ছিনতাই

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ কাউসার (৩০) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডের একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে নবাবপুর যাওয়ার পথে কাঁচপুরের কিউট ফ্যাক্টরির সামনে যানজটে আটকে পড়ে। এসময় ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে পিকআপে উঠে কাউসার, সেলসম্যান মহারাজ ও হেলপার ইসরাফিলকে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ও প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ২ বস্তা তামা ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
    ভুক্তভোগীদের দাবি, ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার

    সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ থানা পুলিশের অভিযানে তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে। 

    মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইকরাম উজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
    গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত উজ্জ্বল (৩৫), ডাকাত সর্দার আল আমিন (৩২) ও ইলিয়াছ বাবু (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
    এ বিষয়ে পুলিশ জানায়, সোনারগাঁ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
    বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
    আমিনুল ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি এর আগে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
    প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।”
    জানা গেছে, আমিনুল ইসলামের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে। তিনি হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. মুজাফফর আলী মাস্টারের সন্তান।
    উল্লেখ্য, গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষকরা অংশগ্রহণ করেন।

  • মুমিন হত্যার বিচারের দাবিতে দড়িকান্দি বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল, তীব্র যানজট

    মুমিন হত্যার বিচারের দাবিতে দড়িকান্দি বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল, তীব্র যানজট

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালক মুমিন হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী।

    বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবাজার টু দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে ১০ টাকা চাঁদা দেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালক মুমিন (৪০) ও দড়িকান্দি এলাকার মিলন (৪৫)-এর মধ্যে তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মারধরের একপর্যায়ে মুমিনের মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
    মুমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত চালক ও এলাকাবাসী দড়িকান্দি টু বাংলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা অভিযুক্ত মিলনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    বিক্ষোভ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার

    সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ রুবেল (৩৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৯ মে ২০২৬) অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

    গ্রেফতারকৃত রুবেল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার মোঃ হানিফার ছেলে।

    পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে জরিমানা ৫০ হাজার টাকা

    মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে জরিমানা ৫০ হাজার টাকা

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টিতে ক্যামিকেল রং ব্যবহার ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
    বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
    অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকার বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি করা হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামের একটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে ক্যামিকেল রং মেশানো এবং বিভিন্ন পোকার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার” নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ার-এর নেতৃত্বাধীন একটি টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • জনগনের দোরগোড়ায় সেবা পৌঁচ্ছে দিতে সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু

    জনগনের দোরগোড়ায় সেবা পৌঁচ্ছে দিতে সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু

    নিউজ সোনারগাঁ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের মতো সোনারগাঁ উপজেলাতেও এ মেলার আয়োজন করা হয়।

    মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমিসেবা মেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে।

    উদ্বোধনের পর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আসিফ আল জিনাত।

    তিনি বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন। বর্তমানে সরকার ভূমিসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে, যাতে মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারে।

    এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ভূমি কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।

  • সোনারগাঁয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাবেদ আলী

    সোনারগাঁয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাবেদ আলী

    নিউজ সোনারগাঁ : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ সাবেদ আলী।
    সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম-এর উদ্যোগে গত ১৩ মে জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
    সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
    এ সম্মাননার খবরে শম্ভুপুরা ইউনিয়নে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনরা এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
    স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাবেদ আলীর এ অর্জন শম্ভুপুরা ইউনিয়নবাসীর জন্যও গর্বের বিষয়। সহকর্মীরা জানান, তিনি একজন দক্ষ জনপ্রতিনিধির পাশাপাশি মানবিক ও সেবাপরায়ণ ব্যক্তি হিসেবেও এলাকায় পরিচিত। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।

  • সোনারগাঁয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে ফয়সাল নামে এক মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়।
    নিহত ফয়সাল জয়রামপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা তাকে ছেড়ে চলে যান। তার বাবা ঢাকায় অন্য ছেলেদের সঙ্গে বসবাস করতেন। স্ত্রীও দুই সন্তান নিয়ে আলাদা হয়ে যান।
    জানা গেছে, গত শুক্রবার ফয়সাল তার দুই সন্তানকে বড় স্ত্রীর কাছে রেখে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি।
    এদিকে রোববার থেকে তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যান। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ধারণা করছে, কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘ সময় লাশ ঘরের ভেতরে থাকায় তা পচে অর্ধগলিত হয়ে যায়।
    পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।