নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত ৫টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। পিরোজপুরে একটি সচল ভাট্টি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয় এবং বাকি ভাট্টিগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি ঝাউচরে ২টি অবৈধ ঢালাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার ঘনফুট অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে প্রতিদিন সরকারের দুই লাখের বেশি টাকার গ্যাস সাশ্রয় হবে। এছাড়া বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে।
অভিযানে তিতাসের কারিগরি টিম, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

Leave a Reply