সোনারগাঁয়ে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একজন পলাতক রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা অভিমুখী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চলছিল। এ সময় কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামানোর সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে।
চেকপোস্ট থেকে প্রায় ১০ গজ দূরে মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে থাকা একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কার্টনের ভেতরে ঘিয়া রঙের কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে আনুমানিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পরে অভিযান চালিয়ে রাত ১১টা ২৫ মিনিটে সোনারগাঁও পৌর এলাকার ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মোটরসাইকেলটি তার চাচা আবু হানিফের। চাচার অগোচরে চাচাতো ভাই নাইমের কাছ থেকে চাবি নিয়ে তিনি তার বন্ধু জীবন (২২), সাং কাঁচপুর বেহাকৈর, সোনারগাঁও, নারায়ণগঞ্জকে সঙ্গে নিয়ে বের হন।
একপর্যায়ে তারা কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে কাঁচপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিলেন এবং গাঁজার কার্টনটি জিসানের কোলে ছিল বলে তিনি স্বীকার করেন।
পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *