নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজমিস্ত্রি মো. নাঈম মিয়া (২২) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাজার এলাকায় কয়েক শ’ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, নাঈমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পরমেশ্বরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নাঈম তার বড় ভাই নাসিমুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি দোকান থেকে বের হয়ে যান। ফোনে তাকে বলতে শোনা যায়, “আমার কাছে টাকা নাই।” এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ক্ষেত থেকে “ডাকাত ডাকাত” চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে বস্তাবন্দি অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই আজহারুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁও উপজেলা ও নোয়াগাঁও ইউনিয়ন শাখার নেতারা। উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান বলেন, একজন পরিশ্রমী যুবককে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযানে আবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সোনারগাঁয়ে নাঈম হত্যা: খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে স্থানীয়দের আল্টিমেটাম

Leave a Reply