লাঙ্গলবন্দ ব্রিজে সংস্কার কাজ, টানা দুইদিন ধরে তীব্র যানজট

নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের একপাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত দুইদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে রোজার মাসে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে ব্রিজটির বিভিন্ন স্থানে ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের কারণে সেতুর ওপরের স্টিল প্লেট সরে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সড়ক ও জনপথ অধিদপ্তর গত কয়েক বছর ধরে একপাশ বন্ধ রেখে অন্যপাশ দিয়ে যান চলাচল চালু রেখে আংশিক সংস্কার কাজ করে আসছে। তবে পুরোপুরি সংস্কার না হওয়ায় কিছুদিন পরপরই একই সমস্যা দেখা দিচ্ছে। ফলে আবারও একপাশ বন্ধ করে কাজ শুরু করতে হচ্ছে। এতে মহাসড়কে দুই পাশে ১০ কিলোমিটার পযর্ন্ত যানজট তৈরি হচ্ছে।
মহাসড়কে চলাচলকারী যাত্রীরা জানান, সামান্য পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। রোজার মধ্যে এমন ভোগান্তি কল্পনাতীত। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
চালকরা জানান, একপাশ দিয়ে যান চলাচল করায় ব্রিজের উভয় প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে এবং নির্ধারিত সময়ে ট্রিপ শেষ করা যাচ্ছে না। দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, টেকসই ও পূর্ণাঙ্গ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা না হলে এ ভোগান্তি থেকে মুক্তি মিলবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *