নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় দুই হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিকদার বাড়ি এলাকায় একটি চুনা কারখানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নয়াপুর এলাকায় আরেকটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল।
এ সময় এক্সকাভেটর মেশিন ব্যবহার করে কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুঁড়িয়ে, দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Leave a Reply