নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টিতে ক্যামিকেল রং ব্যবহার ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকার বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি করা হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামের একটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে ক্যামিকেল রং মেশানো এবং বিভিন্ন পোকার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার” নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ার-এর নেতৃত্বাধীন একটি টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে জরিমানা ৫০ হাজার টাকা

Leave a Reply