নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা ও কোরবানিকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাসহ আশপাশের বিভিন্ন বাজারে বেড়েছে মাংস কাঁটার কাজে ব্যবহৃত খাটিয়া ও হোগড়ার চাহিদা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্লাস্টিক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতেও ভিড় করছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এসব পণ্যের বিক্রি। কোরবানির পশু জবাই, মাংস কাটা ও সংরক্ষণের সুবিধার জন্য অনেক পরিবার আগে থেকেই খাটিয়া ও হোগড়া কিনে প্রস্তুতি নিচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে বড় সাইজের খাটিয়া প্রতিটি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের খাটিয়ার দাম ৩০০ থেকে ৪০০ টাকা এবং ছোট খাটিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এছাড়া প্রতিটি হোগলা বিক্রি হচ্ছে প্রায় ৩৫০ টাকায়। বৃষ্টি থেকে কোরবানির মাংস ও স্থান রক্ষায় ব্যবহৃত প্লাস্টিকের দামও বেড়েছে, যা আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এক দোকানি বলেন, “ঈদের কয়েকদিন আগে থেকেই বিক্রি বাড়তে শুরু করেছে। বিশেষ করে কোরবানির আগের দুই-তিন দিন সবচেয়ে বেশি ক্রেতা আসে। অনেকেই একসঙ্গে খাটিয়া, হোগলা ও প্লাস্টিক কিনে নিচ্ছেন।”
আরেক বিক্রেতা জানান, “এবার বৃষ্টির আশঙ্কা থাকায় প্লাস্টিকের চাহিদাও বেশি। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের চাপ থাকছে।”
ক্রেতারা জানান, কোরবানির সময় প্রয়োজনীয় জিনিস আগে থেকেই কিনে রাখলে শেষ মুহূর্তের ভোগান্তি কম হয়। তাই পরিবারের প্রয়োজন অনুযায়ী এখনই এসব সামগ্রী সংগ্রহ করছেন তারা।
স্থানীয় ব্যবসায়ীদের আশা, ঈদের আগের দিন পর্যন্ত এ কেনাবেচার ব্যস্ততা আরও বাড়বে।
শেষ মুহূর্তে জমে উঠেছে খাটিয়া ও হোগড়ার বাজার, বেড়েছে প্লাস্টিকের চাহিদাও

Leave a Reply