নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে বিচার পেতে চলো যাই গ্রাম্য আদালতে।”
অনুষ্ঠানে গ্রাম্য আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণকে গ্রাম্য আদালত সম্পর্কে সচেতন করতে এ আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের ওপর চাপও কমে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা গ্রাম্য আদালত সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আসিয়া বেগম, উর্মি আক্তার ও নার্গিস আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম্য আদালতের সেবাকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বিষয়ক বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন

Leave a Reply