নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর আমলি আদালতে দায়ের করা মামলায় মানড়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন অভিযোগ করেন, তার ছেলে শাকিল হোসেনকে বিদেশে মাসিক এক লাখ টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৯ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব ও নগদে ৪ লাখ টাকা গ্রহণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মোশাররফ হোসেন জানান, বিদেশে চাকরির আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়। পরে ২ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা চাইলে তাকে নানা ধরনের হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি মতিঝিলে অবস্থিত অফিসে টাকা চাইতে গেলে তার ওপর হামলার ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। বিচার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলার বাদী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার বক্তব্য শুনে আমরা মর্মাহত। চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফারুক আহমেদ বিপুল অর্থ ব্যয় করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে। এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন উঠেছে।”
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক আহমেদ বলেন, “বাদীর সঙ্গে আমার বিরোধ রয়েছে। বরং আমি তার কাছে টাকা পাব। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করব।”
মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

Leave a Reply