সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ফয়জুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, বুধবার রাতে কুমিল্লার কোর্টবাড়ি এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়জুল দীর্ঘদিন ধরে ওই মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মারধর করে ফয়জুলকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *