সোনারগাঁয়ে তিন যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মাদক ব্যবসায়ী আসলাম মিয়া আটক

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় তিন যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. আসলাম মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) দুপুরে নিজ এলাকা চর কিশোরগঞ্জ থেকে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কিশোরগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ী মোতার ছেলে নাছিরকে এলাকাবাসী আটক করার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে আসলাম মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে শাহ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠেছে।
আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তারা এ হামলার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, আসলাম মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিন যুবককে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *