নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের দাবি, মাদকের সহজলভ্যতার কারণে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এলাকার যুবসমাজ। এ অবস্থায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের বেচাকেনা দীর্ঘদিন ধরে চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ায় পরিবার ও সমাজে উদ্বেগ বাড়ছে।
সচেতন মহলের অভিযোগ, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, পারিবারিক কলহ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যেও মাদকের প্রভাব বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমে প্রকাশিত মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করে মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্তভাবে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ জরুরি।
এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, “সোনারগাঁকে মাদকমুক্ত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সরাসরি তদারকি ও কার্যকর ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সোনারগাঁর যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

Leave a Reply