নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটহাট্টা এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে পাটহাট্টা গ্রামের কাজেম সাহেবের তিনতলা ভবনের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, আব্দুস সামাদ (৪৩)। তিনি মো. ইয়াছিনের ছেলে। তার স্থায়ী ঠিকানা পূর্ব সোনাপুর এলাকা হলেও তিনি বর্তমানে আলী হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার বাসা মোশারফ হোসেন স্কুলের সামনে অবস্থিত।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সোনারগাঁয়ে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply