গজারিয়ায় উদ্বোধন হলো ‘ন্যাচার লাউঞ্জ’, প্রকৃতি ও আধুনিক সেবার সমন্বয়ে নতুন ফ্যামিলি ডেস্টিনেশন

নিউজ সোনারগাঁ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ ‘ন্যাচার লাউঞ্জ’। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটিকে ব্যতিক্রমধর্মী একটি হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার পথিকৃৎ মো. রোকন-উদ-দৌলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, মোটিভেশনাল স্পিকার ও আন্তর্জাতিক পর্যটন সাময়িকী ভ্রমণ-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান তরুণ এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে ‘নাতি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত শওকত আলী তালুকদার নিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা, মানবকল্যাণে অঙ্গীকার এবং মানসম্মত গ্রাহকসেবার দর্শনকে সামনে রেখে ‘ন্যাচার লাউঞ্জ’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রচলিত হাইওয়ে রেস্টুরেন্টের ধারণার বাইরে গিয়ে এখানে প্রকৃতির সৌন্দর্য, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা এবং পারিবারিক বিনোদনের সমন্বয় ঘটানো হয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ এবং পাখির কলতানে মুখর প্রাকৃতিক পরিবেশ। দর্শনার্থীরা এখানে নির্মল পরিবেশ উপভোগের পাশাপাশি দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন। এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন এবং নামাজ আদায়ের সুব্যবস্থাও রাখা হয়েছে।
একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, যেখানে সিএনজি, এলপিজি (অটোগ্যাস), অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। পাশাপাশি রয়েছে অনন্যা মার্ট, একটি আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা। ফলে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং একটি পূর্ণাঙ্গ হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে।
বিয়ে, জন্মদিন, করপোরেট সভা, সেমিনারসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক অনুষ্ঠানস্থল। সবুজ পরিবেশ, প্রশস্ত পার্কিং এবং আন্তরিক সেবার কারণে দূরপাল্লার যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছে ‘ন্যাচার লাউঞ্জ’ একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শাহ শের আলী গ্রুপের যাত্রা শুরু হয় ২০০০ সালে ড্রেজিং ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত শাহ শের আলী কোম্পানির হাত ধরে। পরবর্তীতে ২০০৭ সালে ‘শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’-এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৯ সালের ১৩ জানুয়ারি এর বাণিজ্যিক কার্যক্রম চালু হয়। দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘ন্যাচার লাউঞ্জ’, যা ভবিষ্যতে দেশের অন্যতম সেরা প্রকৃতি-নির্ভর হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *