নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গিয়ে প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব।
বুধবার (১৫ জুলাই) দুপুরে তিনি জলাবদ্ধ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় হাঁটুপানি ভেঙে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে বারগাঁও, কাজীপাড়া, খিদিরপুর, বড়ভিটা, বাঘাপাড়া, চিরিপাড়া, বটপাড়া, বাদামতলা ও বেরিবাঁধ এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারের রান্নাঘর ও বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় খায়রুল ইসলাম সজীব বলেন, “আমি আপনাদের কষ্ট অনুভব করছি। মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আপনাদের এই দুর্ভোগের অবসান না হওয়া পর্যন্ত আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। অচিরেই আপনারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করছি।”
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের মতামত শোনেন এবং জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড-৪) মাহবুব মাওলা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক পাম্প হাউস) মো. আশরাফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শুভ, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, আমির হোসেন, যুবদল নেতা সোহেল রানা, সুমন, রোকন এবং সংসদ সদস্যের বিশেষ সহকারী সেলিম হোসেন দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জলাবদ্ধতা কবলিত এলাকাবাসী দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সাদিপুরের জলাবদ্ধতা পরিদর্শনে খায়রুল ইসলাম সজীব, দ্রুত সমাধানের আশ্বাস

Leave a Reply