মোগরাপাড়া চৌরাস্তায় এক কেজি পোলাওয়ের চালে বেড়েছে ৭৫ টাকা, বিপাকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাজারে হঠাৎ করেই বেড়েছে পোলাওয়ের চালসহ বিভিন্ন ধরনের চাল ও নিত্যপ্রয়োজনীয় প্রসাধনীর দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে এক কেজি পোলাওয়ের চালের দাম ৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যে পোলাওয়ের চাল প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই একই চাল বিক্রি হচ্ছে প্রায় ২০৫ থেকে ২১০ টাকায়। এছাড়া অন্যান্য চাল ও বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দামও বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, মোকাম থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তাদের দাবি, বিদেশে চাল রপ্তানির কারণে দেশে সরবরাহ সংকট তৈরি হওয়ায় পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
অন্যদিকে ক্রেতারা অভিযোগ করে বলেন, কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পোলাওয়ের চালের দাম ৭৫ থেকে ৮০ টাকা বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় অনেক বেড়ে গেছে। তারা বাজারে নিয়মিত মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন।
হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্রেতাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *