সোনারগাঁয়ে পানি নিষ্কাশন পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ও গাছের চারা রোপণ

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের পাশের সড়কের পানি নিষ্কাশনের সুবিধা নিশ্চিত করতে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় একটি পাইপ ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। উদ্বোধন শেষে তিনি পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর পুত্র নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব, সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান, সাদিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, সোনারগাঁ থানা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, সাদিপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জজ মিয়া, সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আওলাদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে বিশ্বাস কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। এটি বাস্তবায়িত হওয়ায় প্রায় ৩ শতাধিক পরিবার ও চলাচলের সড়কটি জলাবদ্ধতা থেকে রক্ষা পেয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে এই পাইপ ড্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জনদুর্ভোগ কমবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে।

ফারুক হোসাইন
০১৮৩৩৫৪৭২৬৯

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *