রাজু হত্যা মামলায় বিএনপি নেতা মোতালেব মেম্বার ও যুবদল নেতা শাহাদাত প্রধানকে ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর-কিশোরগঞ্জ এলাকায় রাজু হত্যা মামলায় ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোতালেব মেম্বার ও তার ছেলে, যুবদল নেতা শাহাদাত প্রধানকে পরিকল্পিতভাবে মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
শাহাদাত প্রধানের স্ত্রী অভিযোগ করে বলেন, তার শ্বশুর ও স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকার কিছু নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রাজনৈতিক উদ্দেশ্যে তাদের রাজু হত্যা মামলায় জড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার সময় তার শ্বশুর ও স্বামী বাড়িতেই অবস্থান করছিলেন। বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তার দাবি। এছাড়া, তার শ্বশুর প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ থাকায় তার স্বামীও বাড়িতেই ছিলেন বলে তিনি জানান।
শাহাদাত প্রধানের বোন বলেন, তার বাবা মোতালেব মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে থেকেছেন এবং বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দুঃসময়েও দল ছেড়ে যাননি। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় তার বাবা একাধিক মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার বাবা ও ভাইকে এই হত্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার বাবা ও ভাই পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ বলেও তিনি উল্লেখ করেন।
পরিবারের সদস্যদের দাবি, গত ২৭ জুলাই রাত প্রায় ১১টার দিকে রাজুকে মারধরের ঘটনার পর তার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, এই মামলাকে কেন্দ্র করে তাদের পরিবারসহ এলাকার কয়েকটি নিরীহ পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে তারা দাবি করেন।
তবে এসব অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী, তদন্তকারী সংস্থা কিংবা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *