নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর গ্রামের সবুজ (২৯)।
র্যাব জানায়, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে লুকানো ১,৯৫৫ পিস ইয়াবাসহ আটক ২

Leave a Reply