সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ড্রেজারে হামলা ও ভাঙচুরের অভিযোগ, ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের শান্তি বাজার এলাকায় চাঁদার দাবিতে একটি ড্রেজারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ড্রেজার মালিক মো. হানিফ সরকার (৬৯)।

অভিযোগে হানিফ সরকার জানান, বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন, আশিক মিয়া, জুয়েল, সোহাগ, মুছা মিয়া ও আলমগীরসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে শান্তি বাজার এলাকায় তার ড্রেজারে দেশীয় অস্ত্র ও পিস্তলসহ সশস্ত্র একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ড্রেজারের প্লাস্টিক পাইপ, মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভাঙচুর করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে।
হামলার সময় ড্রেজারের দায়িত্বে থাকা মিস্ত্রি সালাউদ্দিন ও কর্মচারী সুজন বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া ড্রেজার থেকে প্রায় ২০ হাজার টাকার যন্ত্রাংশ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে ড্রেজার পরিচালনা করতে হলে চাঁদা দিতে হবে, অন্যথায় ড্রেজারে আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানান, অভিযোগ পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *