সোনারগাঁয়ে রেস্তোরাঁর বিদ্যুতের তার কেটে চুরির অভিযোগ, ভবন মালিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা শপিং কমপ্লেক্সে একটি রেস্তোরাঁর বিদ্যুতের তার কেটে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় রেস্তোরাঁর ম্যানেজার মো. ইমন মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আল-মদিনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার রেস্তোরাঁটি ২০২০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তির মাধ্যমে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন ব্যবসায়ী মো. মাহাবুব মামুন শিকদার। অভিযোগ অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অধিক ভাড়ার আশায় ভবন মালিক মাজহারুল ইসলাম নবী রেস্তোরাঁটি অন্যের কাছে ভাড়া দেওয়ার চেষ্টা করেন।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতিষ্ঠান ছাড়তে অস্বীকৃতি জানালে, ভবন মালিকের নেতৃত্বে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন সময়ে পানির ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ আগস্ট রাতে প্রতিদিনের মতো রেস্তোরাঁ বন্ধ করে সবাই চলে যাওয়ার পর ৫ আগস্ট সকালে এসে দেখা যায়, রেস্তোরাঁর বিদ্যুতের মূল সংযোগের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
অভিযোগকারী মো. ইমন মিয়া জানান, তিনি রেস্তোরাঁটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযোগে অভিযুক্ত ভবন মালিক মাজহারুল ইসলাম নবীর বক্তব্য জানা সম্ভব হয়নি।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত সব তথ্য অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *