দেশে ১৩১৫ কারুশিল্পীর মধ্যে ৯৩২ জনই নারী

নিজস্ব প্রতিবেদক : দেশীয় লোক ও কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত  নতুন করো ‘কারুশিল্প জরিপ করা হয়েছে। জরিপে দেশের ৯টি উপজেলায় মোট ১ হাজার ৩১৫ জন ঐতিহ্যবাহী কারুশিল্পীকে নিবন্ধিত করা হয়েছে। তাদের মধ্যে ৯৩২ জনই নারী, যা মোট নিবন্ধিত কারুশিল্পীর ৭০ দশমিক ৮ শতাংশ।

ফাউন্ডেশন কর্তৃক প্রণীত সরকারের নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের বাস্তবায়নযোগ্য কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়। নির্দিষ্ট অঞ্চলে সরাসরি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ৯ জন দক্ষ তথ্য সংগ্রহকারীর একটি দল ৯টি উপজেলায় নিবিড়ভাবে জরিপ কার্যক্রম সম্পন্ন করেন।
জরিপের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ১ হাজার ৩১৫ জন কারুশিল্পীর মধ্যে ৮৫৮ জনের প্রধান পেশাই কারুশিল্প। অর্থাৎ তারা পূর্ণকালীনভাবে ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন।
এছাড়া নিবন্ধিত কারুশিল্পীদের মধ্যে ৪০ জন প্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত। ৮১ জন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন কারুমেলায় অংশ নিয়েছেন এবং বিশেষ অবদানের জন্য ২৫ জন বিভিন্ন পর্যায় থেকে পুরস্কার পেয়েছেন।
জরিপ সংশ্লিষ্টরা বলছেন, দেশের লোক ও কারুশিল্প খাতের বর্তমান অবস্থা এবং কারুশিল্পীদের সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নে এ জরিপের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কারুশিল্পে নারীদের ব্যাপক অংশগ্রহণ এ খাতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেছে।
জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে কারুশিল্পীদের ঋণ সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, পণ্য বিপণনের সুযোগ এবং জাতীয় মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে লুপ্তপ্রায় লোকশিল্প পুনরুদ্ধার ও সংরক্ষণেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *