সোনারগাঁয়ে ১ হাজার ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০টি অবৈধ আবাসিক গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা, কালভার্টের ভেতর, মিরেরটেক বাজার এবং রিয়া মহল সিনেমা হলের বিপরীত পাশে অবৈধভাবে স্থাপিত প্রায় ১ হাজার ৬০০টি আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অনিয়মের দায়ে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল-এর নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *