সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা, কর্মচারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি হাসপাতালের এক কর্মচারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফা হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত রেটের চেয়ে বেশি মূল্য নেওয়া, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম পরিচালনা এবং ইচ্ছেমতো সেবার মূল্য নির্ধারণের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া, আল সিফা হাসপাতালে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও ল্যাব টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও নিয়মিত কর্মচারী দিয়ে প্যাথলজি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে আল সিফা হাসপাতালকে ২ লাখ টাকা এবং নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা, মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
এ সময় আল সিফা হাসপাতালের এক কর্মচারী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্যাথলজি পরীক্ষা পরিচালনা করায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সোনারগাঁ উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *