সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুমন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রামগোবিন্দেরগাঁও এলাকার সুমনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি সাদা-লাল শপিং ব্যাগের ভেতর পুরোনো খবরের কাগজে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন জানায়, পলাতক আলী নুরের সহায়তায় বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো তার হেফাজতে রেখেছিল।
পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পূর্বের দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৮ সালের ৫ এপ্রিল সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং ২০০৯ সালের ২০ অক্টোবর কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার সুমন ও পলাতক আলী নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply