সোনারগাঁয়ে খাল ভরাটের ফলে জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ও ছয়িস্যা এলাকার শত শত কৃষক তাদের ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দিয়েছে। এর ফলে ২ থেকে ৩’শ বিঘা কৃষিজমি জলাবদ্ধতার শিকার হয়েছে। অল্প বৃষ্টি হলেই জমিগুলো পানিতে ডুবে যায়, ফলে কৃষকেরা ফসল চাষ করতে পারছেন না।

কৃষক মাসুম রানা বলেন, “আমাদের এলাকায় সরকারি খাল ভরাট করে দেওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এতে ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে আমরা বিপাকে পড়েছি। মেঘনা গ্রুপ ও স্থানীয় নেতাদের এই অপকর্মের জন্য আমরা কৃষকেরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় কৃষক ছোরহাব প্রধান, মো. ফারুক মিয়া, রওকত হোসেন ও বাচ্চু মিয়া। তারা বলেন, “আমাদের একমাত্র জীবিকার উৎস কৃষি। এই জমিগুলোতে ফসল ফলিয়ে আমরা জীবন ধারণ করি। খালটি অবৈধভাবে ভরাট করায় পানির স্রোত বন্ধ হয়ে গেছে। আমরা সরকারের কাছে এই খাল রক্ষার দাবি জানাচ্ছি।”

এ কর্মসূচিতে অংশ নেন পিরোজপুর ইউনিয়নের পাঁচ গ্রামের শতাধিক বাসিন্দা। তারা অবৈধভাবে খাল ভরাটের দ্রুত প্রতিকার এবং কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *