সোনারগাঁয়ে: আনোয়ার ও গোলজারসহ ৭ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ

নিউ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ী ইমদাদুল হক দিপু।

২২ জানুয়ারি (বুধবার) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি তদন্তের জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে আনোয়ার হোসেনকে। অন্যান্য আসামিরা হলেন আউয়াল, গোলজার হোসেন প্রধান, শহিদুল্লাহ মেম্বার, তামীম, বাবুল ও রিপন।

অভিযোগের বিবরণ

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামপুর ইউনিয়নের জামপুর মৌজায় আরএস ৩১৯ নং দাগের ২৭.৬৬ শতাংশ জমি প্রফেসর ইয়ামিনের কাছ থেকে বায়নামূল সাপেক্ষে ক্রয় করেন ইমদাদুল হক দিপু। এ জমি নিয়ে আনোয়ার হোসেনসহ আসামিরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

গত ১৫ জানুয়ারি চাঁদার দাবিতে আসামিরা দিপুর জমিতে অনধিকার প্রবেশ করেন এবং চাঁদা না দিলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সাংবাদিক সম্মেলনে অভিযুক্তদের দাবি

মামলার পর বিকেলে সোনারগাঁয়ে এক সাংবাদিক সম্মেলনে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা জানান, ইমদাদুল হকের অভিযোগ ভিত্তিহীন এবং জমি নিয়ে বিরোধের বিষয়টি অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।

আদালতের নির্দেশনা

আদালত মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে সোনারগাঁও থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *