বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেক জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁ উপজেলার মালেক জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাচপুরে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (আজ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

শ্রমিকরা জানান, মালেক জুট মিল কর্তৃপক্ষ চার সপ্তাহের বেতন বকেয়া রেখেই হঠাৎ মিল বন্ধ ঘোষণা করে। এ ঘোষণার প্রতিবাদ ও বেতন পরিশোধের দাবিতে তারা মহাসড়কে বিক্ষোভে নামেন। এ সময় ‘বকেয়া বেতন চাই’, ‘শ্রমিক ছাঁটাই চলবে না’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভকারীরা বলেন, আজকের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে। নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই কিংবা সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করার চেষ্টা করলে আবার রাস্তায় নামতে বাধ্য হবো।

খবর পেয়ে মালেক জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মাকসুদুর রহমান ও কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের আশ্বস্ত করা হয় যে, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।

ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তাঁদের অনুরোধে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরে যান। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *