সোনারগাঁয়ে রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগভর্তি যুবকের মরদেহ উদ্ধার

নিউজ সোনারগাঁ :  সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগভর্তি এক অজ্ঞাতনামা যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঝোপের মধ্যে একটি বড় ব্যাগ দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ উদ্ধার করে খোলার পর দেখা যায়, ভেতরে এক যুবকের মরদেহ। মরদেহের গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ব্যাগে ভরে ডোবায় ফেলে গেছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংবাদকর্মীদের ছবি তুলতে ও কাছে যেতে বাধা দেয়। এমনকি লাশ উদ্ধারের সময়ও পুলিশ কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত যুবক স্থানীয় এক ব্যবসায়ীর আত্মীয় হতে পারেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *