নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় শাহাবুদ্দিন মার্কেট স্থানীয়দের কাছে ‘গাউছিয়া মার্কেট’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। গত কয়েক বছরে মার্কেটটি ক্রেতা-বিক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩-৪ বছর আগে স্থানীয় আহমদ হোসেন হিরু ও তার দুই ভাইয়ের উদ্যোগে শাহাবুদ্দিন মার্কেটে এই বাজারের আয়োজন শুরু হয়। শুরু থেকেই ‘মোগরাপাড়া গাউছিয়া মার্কেট’ নামে এর উদ্বোধন করা হয়। নামের সঙ্গে রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউছিয়া মার্কেটের মিল থাকায় ধীরে ধীরে আশপাশের বিভিন্ন এলাকার নারীরা এখানে কেনাকাটার জন্য আসতে শুরু করেন।
প্রথম দিকে অল্প কয়েকটি দোকান নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে মার্কেটটিতে দোকানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে দোকান পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে মার্কেটটি।
মার্কেটটিতে নারী ক্রেতাদের উপস্থিতিই বেশি। বিশেষ করে গ্রামীণ এলাকার নারী ও নিম্ন আয়ের মানুষজন এখান থেকে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন। ফলে অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের মধ্যে মার্কেটটির জনপ্রিয়তা তৈরি হয়েছে।
এখানে নারীদের পোশাকের পাশাপাশি পুরুষ ও শিশুদের পোশাক, শাড়ি, থ্রি-পিস, সেলোয়ার-কামিজ, ওড়না, বোরকা, পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, থান কাপড়, গজ কাপড়, সুতি ও ছাপা কাপড়সহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়।
এ ছাড়া জুয়েলারি, কসমেটিকস, টেইলারিং সামগ্রী, মশারি এবং বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্যও পাওয়া যায়। ফলে এক জায়গা থেকেই পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে।
স্থানীয়রা জানান, রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেট দীর্ঘদিন ধরে কাপড়ের বড় বাজার হিসেবে পরিচিত। সেই নামের সঙ্গে মিল রেখে মোগরাপাড়া চৌরাস্তায় ‘গাউছিয়া মার্কেট’ নামটি স্থানীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এটি মোগরাপাড়া চৌরাস্তার একটি পরিচিত কেনাকাটার স্থান হিসেবে গড়ে উঠেছে।
ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের চাহিদা বাড়ায় ভবিষ্যতে মার্কেটটিতে আরও দোকান ও নতুন নতুন পণ্যের সমাহার ঘটবে বলে তারা আশা করছেন।
Author: নিউজসোনারগাঁ২৪ডটকম
-

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গাউছিয়া মার্কেট’
-

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাস্তায় ভারি যানবাহন চলাচল করতে না দেয়াকে কেন্দ্র নারীসহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার দুপুরে জৈনপুর গ্রামে হামলার এই ঘটনা ঘটে।
জানা গেছে, হাল্কা যানবাহন চলাচলের জন্য উপজেলার পিরোজপুর ইউপির জৈনপুর গ্রামে একটি সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক নির্মাণের পর থেকে একটি কোম্পানির ভারি যানবাহন চলাচল করার ফলে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যায়। এই কারণে রাস্তাটি রক্ষায় গত মে মাসে জৈনপুর গ্রামবাসী গণস্বাক্ষর দিয়ে স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও সোনারগাঁ থানায় স্বারকলিপি প্রদান করে। এসময় এমপি ও ইউএনও এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন গ্রামবাসীদের। এদিকে এমপি ও ইউএনওর আশ^াসে গ্রামবাসী ওই রাস্তা রক্ষায় সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধ করে। এদিকে বৃহস্পতিবার দুপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক এই রাস্তা দিয়ে কোম্পানিতে যাওয়ার সময় গ্রামবাসী নিষেধ করে। খবর পেয়ে কোম্পানির ঠিকাদার ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীরের ভাই আবু সাইদ আবুর নেতৃত্বে তার ঈসমাইল, জসীম উদ্দিন, রনি, লিটন সরকার, আবু নাঈম সরকার, আবুল কালাম সোপানসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, রামদা, লাঠিসোটা ও লোহার রড নিয়ে নিষেধকারীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাহমুদুল ইসলাম শুভ, মায়মুনা আক্তার, পারুল আক্তার, আরাফাত মিয়া, মাহমুদা আক্তার, মুজাহিদ হোসেন, রাব্বী মিয়াসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় আহত শুভর পিতা মহিউদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহত মাহমুদুল ইসলাম শুভ জানান, হাল্কা যানবাহন চলাচলের উপযোগী করে দীর্ঘদিন পর তাদের এলাকায় পাকা রাস্তা হয়েছে। ভারি যানবাহন চলাচলের কারনে কয়েকস্থানে রাস্তা দেবে ভেঙ্গে যায়। ফলে এমপি ও ইউএনও কার্যালয়ে অভিযোগ দায়ের করে এলাকাবাসী। পরে ইউএনও এই রাস্তায় ভারি যানবাহন চলাচল যেন না করে সেজন্য সজাগ দৃস্টি রাখার পরামর্শ দেন। পরদিন থেকে ওই রাস্তায় ভারী যান চলাচলে নিষেধ করে স্থানীয়রা। গত বৃহস্পতিবারও ভারী যান চলাচলে নিষেধ করায় হামলার শিকার হয়েছি। হামলাকারীরা বিভিন্ন হুমকিসহ কোম্পানীর লোক দিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও হুমকি দেয়। এদিকে হামলাকারী আবু দাবী করেন, কোম্পানিতে সিমেন্ট যাওয়ার পথে চাঁদার জন্য ট্রাক আটকে দেয়া হয়। খবর পেয়ে সেখানে গেলে তাদের ওপর হামলা করে শুভ ও তার লোকজন। হামলায় তিনি ও তার ভাগিনা আহত হন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। ফৌজদারী অপরাধের বিষয়টি থানা পুলিশ ব্যবস্থা নেবে। তবে রাস্তায় ভারি যানবাহন চলাচলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
-

সোনারগাঁয়ে পুলিশের হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামী
সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক আসামি হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান তালতলা কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. রাজু। ৩০ বছর বয়সী রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।
পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় রাজুকে। তাকে আটকের পর হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।
এ ঘটনার পর অভিযান চালিয়ে রাজুর বড়ভাই আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
তবে, রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া রাজুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
-

রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি ও দোকানের মালামাল রাখার অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি রাস্তা উপর গাছের স্তূপ তৈরী করে বিক্রি করার অভিযোগে তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।
অভিযানে মা-বাবার দোয়া, জয়নাল এবং আল-আমীন টিম্বারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর মোঃ আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন,দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন সরকারি রাস্তার উপর কোনো ধরনের মালামাল রেখে ব্যবসা করে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় তিনি হুঁশি করে বলেন, ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
-

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মতিন সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, বিদ্যালয় উন্নয়ন কমিটির আহবায়ক আপেল হক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আঃ মজিদ খাঁন ও নুরুল হক, উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন, কাঁচপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের উদ্দেশে উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন বলেন, এসএসসি পরীক্ষার এই সাফল্য জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এটি ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। আগামী দিনে দেশ, জাতি ও সমাজের হাল ধরতে হলে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও উন্নত সোনারগাঁ নির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। মেধা ও নৈতিকতার সমন্বয়ে তরুণদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা যাতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন অতিথিরা।
সংবর্ধনাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এক শিক্ষার্থী জানায়, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক গাইডলাইন ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব ছিল না। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করে আমরা আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চাই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দমুখর ও আবেগঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
-

সোনারগাঁয়ে ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ, রড ঢুকে ছাত্র আহত
সোনারগাঁয়ে ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ, রড ঢুকে ছাত্র আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করানোর অভিযোগ উঠেছে। এ সময় অসাবধানতাবশত রড ঢুকে কাউসার হোসেন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
আহত কাউসার হোসেন উপজেলার কলতাপাড়া এলাকার মোহাম্মদ কবির হোসেনের ছেলে। পরে তাকে মিরেরটেক সেবা হাসপাতালে নেওয়া হলে হাতে ছয়টি সেলাই দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।
ভুক্তভোগী শিক্ষার্থী কাউসার হোসেনের দাবি, স্কুল ছুটির পর শিক্ষকরা তাদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করান। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা কাজ করার সময় অসাবধানতাবশত তার হাতে রড ঢুকে যায়।
কাউসারের পরিবারের অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের মতো ঝুঁকিপূর্ণ কাজ করানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের দীর্ঘ সময় এ কাজে ব্যস্ত রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।
এদিকে বিদ্যালয়ের আশপাশের কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাস্তা মেরামতের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০টি করে ইট অথবা ২০০ টাকা করে দাবি করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, “আজ আমি একটু আগেই স্কুল থেকে চলে এসেছি। পরে ঘটনাটি শুনেছি। জানতে পেরেছি, কাজ শেষে খেলতে গিয়ে তার হাত কেটে গেছে। এরপর আমি ফোন করে তার খোঁজখবর নিয়েছি।”
ভুক্তভোগী পরিবারের দাবি, শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করানোর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে পরিবারটি। -

এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান
সজীব হোসেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমআর গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি বজলুর রহমান।
সাক্ষাৎকালে বজলুর রহমান নবনির্বাচিত প্রশাসক ফজলুল হকের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বজলুর রহমান বলেন, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে এফবিসিসিআই আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, শিল্পখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং ব্যবসায়ী সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। -

পিরোজপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ১০
নিজস্ব সংবাদদাতা :
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর বাসস্ট্যান্ড এলাকায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের সঙ্গে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার দুপুরে আব্দুল জলিলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে বিএনপির কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানালা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারীসহ কয়েকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি রফিকুল ইসলাম, সদস্য মফিজুল ইসলাম মফিজ, আবু আক্কাস, ইয়ানবি, রিফাত ও রাফিদ আহত হন। অপর পক্ষের আব্দুল জলিল, সবুর খান ও ডালিমও আহত হয়েছেন।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বাবুল বেপারী ও আবু বকর সিদ্দিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের দাবি, ঈদুল ফিতরের দিন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই আব্দুল জলিল তার ওপর ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়েছে। বুধবার বিএনপির কার্যালয়ে বসে কথাবার্তার একপর্যায়ে জলিলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই ছেলেসহ আট নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানালা, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে।
-

সোনারগাঁয়ে ৩ শতাংশ জমি জালিয়াতি করে দখলের চেষ্টার অভিযোগ
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় রতন ভুঁইয়া নামে এক ব্যক্তির পৈত্রিক ৩ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা এবং বাধা দিলে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সরেজমিনে সেকেরহাট চৌরাস্তার পাশে লায়েরবাগ এলাকায় গিয়ে দেখা যায়, রতন ভুঁইয়ার দাবি করা জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এতে বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রতন ভুঁইয়া জানান, তার বাবা আমির হোসেন ভুঁইয়া পৈত্রিক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। জমিটির খারিজ ও খাজনার কাগজপত্রও তার নামে রয়েছে। তবে তার এক চাচাতো ভাই জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ওই জমি অন্য এক নারীর কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
রতন ভুঁইয়ার অভিযোগ, তার ৩ শতাংশ জমি নিয়ে জালিয়াতি করে ৬ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয়েছে। এরপর থেকে তাকে জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি ও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করায় জমিতে থাকা তার মেজো ভাইয়ের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি অভিযুক্তরা জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করলে তার ভাই বাধা দেন। এ সময় তাকে ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সমাধান হয়নি, বরং বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে।
রতন ভুঁইয়া বলেন, “আমি আমার জমি বিক্রি করতে চাই না। এই জমিতে আমি থাকব। আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমি আমার জমি ফেরত চাই। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জমির প্রকৃত মালিকানা ও দলিলপত্রের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। -

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার
নিজস্ব প্রতিবক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ থানাধীন এলাকা থেকে সজিব ওরফে ব্লেড সজিবকে গ্রেফতার করে।
গ্রেফতার সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
পরে গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সোনারগাঁ থানার মামলা নম্বর-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে লাখ টাকার পৌরসভার গাড়ি, চুরিতে জড়িতে পৌর কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সোনারগাঁও পৌরসভার লাখ লাখ টাকার সরকারি গাড়ি রোদ-বৃষ্টিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এতে অপচয় হচ্ছে সরকারী সম্পদ।
সময়মতো সংস্কার ও যত্ন নেওয়া হলে এসব গাড়ি এভাবে নষ্ট হতো না বলে মনে করছেন পৌরসভার অনেক বাসিন্দা।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গাড়ি বর্তমানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মরিচা ধরে গাড়িটির বিভিন্ন অংশ একে একে খসে পড়ছে। এর পাশেই পড়ে রয়েছে মাটি খনন ও ড্রেন পরিষ্কারের কাজে ব্যবহৃত আরেকটি গাড়ি। দীর্ঘদিন পড়ে থাকায় সেটির চাকা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন অংশে মরিচা ধরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর সরকারি ব্যবস্থাপনায় পৌরসভার বিভিন্ন কাজে ব্যবহারের জন্য দুটি গাড়িসহ প্রয়োজনীয় যানবাহন দেওয়া হয়। কিছুদিন ব্যবহারের পর নতুন গাড়ি পাওয়ার পর পুরোনো গাড়িগুলো মেরামত ও সংরক্ষণ না করে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। এতে রোদ-বৃষ্টিতে গাড়িগুলোতে মরিচা ধরে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে।
তাদের অভিযোগ, গাড়িগুলো এভাবে পড়ে থাকার সুযোগে রাতের আঁধারে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। স্থানীয়দের দাবি, পৌরসভার কিছু কর্মচারীর সহযোগিতায় চোরেরা এসব যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করেছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর চুরির ঘটনা বেড়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ঘটনায় পৌরসভার দু-একজন কর্মচারী আটকও হয়েছেন বলে স্থানীয়রা জানান।স্থানীয়দের দাবি, সরকারি অর্থে কেনা এসব যানবাহন এভাবে ফেলে না রেখে দ্রুত সংস্কার, সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় রোধ হবে, অন্যদিকে পৌরসভার নাগরিক সেবাতেও এগুলো কাজে লাগানো সম্ভব হবে।
তবে পৌরসভা কর্তৃপক্ষের দাবি, গাড়িগুলো সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ার পরই সেখানে রাখা হয়েছে। এগুলো সরকারি সম্পদ হওয়ায় নিয়মনীতি অনুসরণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। -

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪)।
সোমবার (১৭ আগস্ট) সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে। অপর আসামি আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া গ্রেফতার জাবেদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বন্দর থানায় ২০২৪ সালের ১ অক্টোবর দায়ের করা একটি মামলার তথ্যও পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
পরে যথাযথ পুলিশ প্রহরায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। -

সনমান্দি কান্দাপাড়ায় ৫ শতাধিক মানুষের ভরসা নড়বড়ে সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ৫ শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে একটি নড়বড়ে সাঁকোর ওপর ভরসা করে চলাচল করছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার হতে হচ্ছে শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধদের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কান্দাপাড়া গ্রামে শিশু ও বৃদ্ধসহ ৫ শতাধিক মানুষের বসবাস। গ্রামের মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই সাঁকোটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন শিশুরা স্কুলে যাতায়াত করে এবং মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এছাড়া বিভিন্ন প্রয়োজনে বৃদ্ধ ও নারীদেরও বাধ্য হয়ে সাঁকোটি ব্যবহার করতে হচ্ছে।
তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন অসুস্থ ও জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীরা। নড়বড়ে সাঁকো দিয়ে রোগী পারাপার করতে গিয়ে স্বজনদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সাঁকোটির পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
কান্দাপাড়া গ্রামের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
-

সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৩ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৬ আগষ্ট রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে প্রতাপেচর ১ টি, গোলাবাড়ি ১ টি, আমবাগান ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ও তিতাস কর্তৃপক্ষের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানাগুলাে এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
-

সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা
মোঃ পলাশ শিকদার, শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও দুই কৃতি শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ আগস্ট) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত বি. আর. বিলকিস এবং সোনারগাঁ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক বৃত্তিতে সফল চার শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়ে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
-

বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা ও অপচয় রোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পল্লী বিদ্যুৎ ও পুলিশের পৃথক টিম অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে মার্কেটগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করা এবং রাত ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ী ও মার্কেট সমিতির প্রতিনিধিদের সতর্ক করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মার্কেট সমিতির প্রতিনিধিরা সরকারি সিদ্ধান্ত মেনে চলার বিষয়ে প্রশাসনকে আশ্বস্ত করেন। এটি প্রাথমিকভাবে সতর্কতামূলক অভিযান হওয়ায় এদিন কাউকে জরিমানা করা হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে, যাতে সবাই সরকারের নির্দেশনা মেনে চলেন।
তিনি আরও বলেন, এরপরও কেউ সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।