Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • ১৬-১৭ বছরের পুরোনো সড়ক এখন চলাচলের অনুপযোগী

    ১৬-১৭ বছরের পুরোনো সড়ক এখন চলাচলের অনুপযোগী

    নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বৈদ্যের বাজারগামী পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে ঢালাইয়ের মাধ্যমে নির্মিত সড়কটি বর্তমানে ভেঙে-চুরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, একসময় পানাম-গাবতলী, হাড়িয়া গোবিন্দপাড়া, হাড়িয়া চক্রবর্তীপাড়া, হাড়িয়া চৌধুরীপাড়া, হামছাদি উলুকান্দি, সোনামই, নগর জোয়ার ও বারুইপাড়াসহ আশপাশের হাজারো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই সড়কটি। কিন্তু দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঢালাই উঠে গিয়ে ইট ও খোয়া বের হয়ে এসেছে। এতে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হাঁটাচলাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

    বৈদ্যের বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও হাড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে তারা দুর্ভোগ পোহালেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

    চলাচলের অনুপযোগী সড়কটি দ্রুত সংস্কারের জন্য বৈদ্যের বাজার এন.এ.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ সোনারগাঁ উপজেলা প্রশাসন ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে উন্নয়ন কাজ

    মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে উন্নয়ন কাজ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত অংশে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে প্রশস্তকরণ ও উন্নয়নকাজ। এছাড়া সার্ভিস লেনেও বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই পাকা করার কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। উন্নয়নের এমন চিত্র এখন স্থানীয়দের মধ্যে ভয় ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের মাঝখানে থাকা শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক, যাত্রী, কর্মরত শ্রমিক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
    জানা গেছে, এশিয়ান হাইওয়ের গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনে উন্নীত করার কাজ ২০১৯ সালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় শুরু হয়। ভূমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয়সহ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭২৩ কোটি ৭৯ লাখ টাকা। নানা জটিলতায় গত সাত বছর ধরে ধীরগতিতে কাজ চললেও চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
    স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজ শুরু হলেও নিরাপত্তার বিষয়টি একেবারেই উপেক্ষিত হয়েছে। বন্দর উপজেলার বাসিন্দা সেলিম ও দ্বীন ইসলাম বলেন, ‘ঢাকা বাইপাস সড়কের নির্মাণকাজ হওয়ায় আমরা অনেক খুশি। কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে কাজ চলছে এবং অনেক স্থানে পাকা করা হচ্ছে। এসব খুঁটি চালক ও যাত্রীদের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এখনই এগুলো অপসারণ না করা হলে পরে কর্তৃপক্ষ আর গুরুত্ব দেবে না।’
    প্রাইভেটকার চালক মিজানুর রহমান বলেন, ‘দেশের অনেক মহাসড়কে গাড়ি চালিয়েছি, কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করতে আগে দেখিনি। এই সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে এবং গাড়ির গতিও বেশি থাকে। ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি।’
    ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রকল্পের রি-সেটেলমেন্ট অফিসার ফারদিন ইমাম বলেন, ‘বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। মৌখিকভাবেও একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। তাদের গাফিলতির কারণে নির্মাণকাজও ধীরগতিতে চলছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।’
    এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সড়ক নির্মাণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো খুঁটি বসানোর স্থানে মাটি ভরাট করে দিতে না পারায় খুঁটিগুলো অপসারণ করা যাচ্ছে না। প্রতিদিন অল্প অল্প করে এ ধরনের কাজ করা সম্ভব নয়, কারণ অন্য গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার সড়কের দুই পাশে মাটি ভরাট করে দেওয়ার জন্য বলেছি। তা করা হলে একসঙ্গে দ্রুত খুঁটিগুলো অপসারণ করা সম্ভব হবে।’

  • সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

    সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকা মুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মো. মায়া আলম (৪০) সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের বাসিন্দা।

    আহতরা হলেন, উপজেলার বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মায়া আলমের মৃত্যু হয়। স্থানীয়রা চার আহত যাত্রীকে উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করেন।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

    হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে

  • সোনারগাঁয়ে মিছিলের সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

    সোনারগাঁয়ে মিছিলের সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় মিছিল করার সময় ১২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাসযোগে এসে বস্তল এলাকায় মিছিল করার চেষ্টা করেন ছাত্রলীগের একদল কর্মী। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে।

    আটকদের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন: রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) ও জোবায়ের হোসেন (১৯)। তাদের বাড়ি নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায়।

    এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • চরহোগলায় রাজু হত্যা: বিএনপি নেতা শাহাদাতের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, ঘটনাস্থল থেকে শর্টগান উদ্ধার

    চরহোগলায় রাজু হত্যা: বিএনপি নেতা শাহাদাতের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, ঘটনাস্থল থেকে শর্টগান উদ্ধার

    চরহোগলায় রাজু হত্যা: বিএনপি নেতা শাহাদাতের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, ঘটনাস্থল থেকে শর্টগান উদ্ধার
    নিজস্ব প্রতিবেদক:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামে রাজু (৩৮) হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা শাহাদাতের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, অভিযুক্তদের কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
    এদিকে, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে স্থানীয়রা একটি দেশীয় শর্টগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
    স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
    পুলিশ জানিয়েছে, রাজু হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

    সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় রাজু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রের দাবি, মাদকের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় মোতালেব প্রধানের ছেলে শাহাদাত প্রধান ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।

    এদিকে, স্থানীয়দের ভাষ্যমতে, শাহাদাত প্রধান পূর্বে একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি যুবদল নেতা শান্ত হত্যা মামলার ২ নম্বর আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ আরও ১০–১২টি মামলার আসামি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা আদালতের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • আড়াইমাসের মাথায় সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি

    আড়াইমাসের মাথায় সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুরে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগ দেওয়ার আড়াইমাসের মাথায় তার এ বদলির আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

    রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

    এ পুলিশ পরিদর্শক এর আগে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, পরিদর্শক গোলাম সারোয়ার সোনারগাঁয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়। ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে ‘যোগসাজশ’ করে এ গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।

    এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাসফেরত ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে।

    তবে, তার বদলির আদেশে ‘প্রশাসনিক’ কারণ দেখানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, “হেডকোয়ার্টার থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ আমাদের জানানো হয়নি। তবে আইজিপি স্যারের নির্দেশে পুলিশের একটি গোয়েন্দা দল থানাগুলোতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মকাণ্ড মনিটর করছে। সেই মনিটরিং কার্যক্রমে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা সেটাও হেডকোয়ার্টার বলতে পারবে।”

    গোলাম সারোয়ার আগামী ১ আগস্ট পর্যন্ত এ থানায় আছেন। এই সময়ের মধ্যে তাকে রংপুর রেঞ্জ পুলিশে যোগদান করতে হবে। এই সময়ের মধ্যে সোনারগাঁ থানারও নতুন ওসি নিয়োগ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী

  • সোনারগাঁয়ে তালাবদ্ধ  ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এরপর যা মিলল

    সোনারগাঁয়ে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এরপর যা মিলল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাব এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়।

    প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই। পাওয়া যায় কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।

    গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যান এক নারী। দীর্ঘ সময় ব্যাগটি সেখানে পড়ে থাকলেও কেউ সেটি নিতে না আসায় কর্মচারীদের সন্দেহ হয়।

    দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

    রাত দুইটার দিকে ডিএমপির বম্ব

    ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং মহাসড়কে যান চলাচল

    স্বাভাবিক হয়।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ

    সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ব্যাগে

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দামোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা

    হচ্ছে।

  • সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর, ‘ভুমিদস্যুদের ভয়ে’ নিরাপত্তাহীনতায় পরিবার

    সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর, ‘ভুমিদস্যুদের ভয়ে’ নিরাপত্তাহীনতায় পরিবার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির সীমান প্রাচীর ভেঙে ঘরে ভাঙচুর ও আঙ্গিনার গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল করে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

    গত বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার সোনারগাঁ পৌরসভার বাণীনাথপুর গ্রামে জাকির হোসেন ও মো. মহিউদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হামলায় নিজেদের সন্ত্রাসী বাহিনী নিয়ে নেতৃত্ব দেন বাণীনাথপুর গ্রামের টুকুন মেম্বারের ছেলে মো. মোশারফ ও মো. মালেক এবং পাশের সাহাপুর গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে মো. সগির। তারা ভুক্তভোগীর বাড়িঘরে হামলা চালিয়ে সীমানা প্রাচীরও ভেঙে দেয়।

    এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। মালেক এ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। সগিরও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

    এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এই চিহ্নিত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জমি কেনাবেচার দালালি, চাঁদাবাজি এবং ভুয়া সাইনবোর্ড খাটিয়ে জমি দখল করছে। সাধারণ মানুষের জমিতে জোরপূর্বক নিজেদের বা ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং চাঁদা না দিলে নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    ক্ষতিগ্রস্ত মো. জাকির হোসেন ও মো. মহিউদ্দিন বলেন, “আমরা কোনো অপরাধ না করেও আজ নিঃস্ব। আমাদের বাড়িঘর ভেঙে দিয়ে সীমানা প্রাচীর ও গাছপালা কেটে ফেলা হয়েছে। আমরা এই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

    তারা এ বিষয়ে আইনগতভাবে মামলা করবেন বলেও জানান।

    এদিকে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন।

  • জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ

    জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার (২৫ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
    খাইরুল ইসলাম সজিব প্রথমে তার আইডি হ্যাক হয়েছে বলে উল্লেখ করেন। পরবর্তীতে একই পোস্টে তিনি জানান, তার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করা হয়েছে।
    তবে কী কারণে তার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। এছাড়া আইডিটি পুনরুদ্ধারের জন্য তিনি কী পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়েও কিছু উল্লেখ করেননি।
    খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সমর্থক ও অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

  • সোনারগাঁয়ে ১২ মামলার আসামী রাসেল আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১২ মামলার আসামী রাসেল আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ১২ মামলার আসামি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

    শুক্রবার (২৪ জুলাই) বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হকের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
    প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতো।পিরোজপুর ইউনিয়নের পাঁচানী ও আশপাশের এলাকায় নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পগুলোতে আধিপত্য বিস্তারের মূল চেষ্টা থাকত এই বাহিনীর। ইট, বালু সরবরাহ, স্ক্র্যাপ বা ঝুট ব্যবসা এবং নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করতো তারা। এলাকায় ক্ষমতা প্রদর্শনের জন্য এ বাহিনী প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা, হকিস্টিক নিয়ে মহড়া দিয়ে আসত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালানো, টেঁটাবিদ্ধ করে আহত করা এবং বাড়িঘরে হামলার‌ একাধিক ঘটনা ঘটেছে ইতোমধ্যে। এছাড়া মাদক বা সন্ত্রাস সংক্রান্ত অপরাধের সংবাদ প্রকাশ করলে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করার মত ঘটনাও রয়েছে এ বাহিনীর ।

    এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অদ্য ২৪ জুলাই রাত ১২:১০ ঘটিকার সময় র‍্যাব-১১, সিপিএসসি এবং র‍্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবান পুর এলাকার মৃত সাফাতুল্লার ছেলে সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদ গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্য মতে, সকাল ০৫:৩০ ঘটিকার সময় সোনারগাঁয়ের কুরবানপুরের আসামির বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি গোডাউনে ভিতর থেকে ০১টি দেশীয় শটগান ,০৪ রাউন্ড গুলি, ১৪ টি টেটা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২ টি মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ের সাদিপুরে এক কিলোমিটার সড়ক মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

    সোনারগাঁয়ের সাদিপুরে এক কিলোমিটার সড়ক মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ি মোড় থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সড়কটি বর্তমানে স্থানীয়দের জন্য যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে।
    স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই বিকল হয়ে যায়। বড় বড় গর্তের কারণে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগী, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কটির অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। অনেক জায়গার পিচ উঠে গিয়ে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব গর্তের মধ্য দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমির উদ্দিন বলেন, “প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলাচলে খুবই সমস্যা হয়। প্রায়ই এ রাস্তায় দুর্ঘটনা ঘটে। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ারও কোনো উপায় থাকে না। অনেক ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তা ব্যবহার করতে হচ্ছে।”

    সাদিপুর এলাকার বাসিন্দা মো. আল আমীন প্রধান বলেন, “প্রতিদিন চাকরিজীবীসহ আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টির সময় রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েকদিন আগে সাদিপুর কেন্দ্রীয় মোল্লাবাড়ী মসজিদ মোড়ে একটি রিকশা উল্টে গিয়ে এক নারী যাত্রী গুরুতর আহত হন। এরপরও শত ভোগান্তি নিয়েই আমাদের চলাচল করতে হচ্ছে। সরকারের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।”

    স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, “নারায়ণগঞ্জ জেলার মধ্যে এত খারাপ রাস্তা আর আছে কি না আমার জানা নেই। জনপ্রতিনিধিরা যদি এ রাস্তা সংস্কার করতে না পারেন, তাহলে অন্তত নৌকা চলাচলের ব্যবস্থা করে দিন।”
    এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী বলেন, “আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।”

    সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত বলেন, “আমি আগে এ রাস্তার বিষয়ে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। এটি এলজিইডির রাস্তা। এ বিষয়ে উপজেলা পর্যায়ে সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • বন্দরে ভাইরাল আসলাম বিরানীকে ২০ হাজার টাকা জরিমানা

    বন্দরে ভাইরাল আসলাম বিরানীকে ২০ হাজার টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি করার অপরাধে ভাইরাল হওয়া আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) ভ্রাম্যমান আদালত বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় দোকানটিকে ওই টাকা জরিমানা করেন।

    জানা গেছে, উপজেলার নির্বাহী কর্মকর্তা। শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম দুপুরে বুরুন্দী আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালায়। অভিযান চলাকালে রান্না ঘরে গরু জবাইসহ অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি অপরাধে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করে।

    প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছে, আসলাম বিরিয়ানি হাউজের অসাধু ব্যবসায়ী আসলাম দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি রান্না করে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগনের কাছে অবাধে বিক্রি করে আসছিল। এ ঘটনায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বুরুন্দী আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে।

  • জামপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    জামপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকার

    জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকায় জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

    বুধবার(২২ জুলাই) বিকালে মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই মীরেরেটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।
    বিশেষ করে কলতাপাড়া, মীরেরেটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম এবং সাদিপুর হাইস্কুলের পাশের এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

    এইসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম, জামায়াত নেতা মাওলানা মোঃ ইয়াছিন সহ এলাকার সর্বস্তরের জনগণ।

  • কারুশিল্পী জরিপ ২০২৬-এর তথ্য সংগ্রহকারীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    কারুশিল্পী জরিপ ২০২৬-এর তথ্য সংগ্রহকারীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তৃণমূল পর্যায়ের কারুশিল্পীদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’-এর তথ্য সংগ্রহকারীদের নিয়ে এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে এইওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি জনাব চন্দ্র শেখর সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
    বক্তারা বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ এবং এর সঠিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ডিজিটাল ও পদ্ধতিগত উপায়ে কারুশিল্পীদের তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের কারুশিল্প খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সুস্পষ্ট চিত্র পাওয়া যাবে।
    তারা আরও বলেন, এ জরিপের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা, আন্তরিকতা ও নির্ভুল তথ্য সংগ্রহ দেশের কারুশিল্প খাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই জরিপের মাধ্যমে বাংলাদেশের কারুশিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

  • হাইকোর্টের রুলে সোনারগাঁয়ের ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের কপালে ভাঁজ

    হাইকোর্টের রুলে সোনারগাঁয়ের ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের কপালে ভাঁজ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি হাইকোর্টের জারি করা এক রুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (পাস) নির্ধারণের প্রস্তাব আসায় সম্ভাব্য অনেক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে অনেকের কপালেই পড়েছে চিন্তার ভাঁজ।
    বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে একাধিক বিএনপি নেতা মাঠে সক্রিয় হয়ে ওঠেন। তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, গণসংযোগ এবং বিভিন্ন পর্যায়ে লবিং শুরু করেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের স্থানীয় সরকার পরিচালনা কিংবা প্রশাসনিক বিষয়ে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার অনেকেই ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী নন বলে জানা গেছে।
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন। জনপ্রতিনিধির রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় সরকার সম্পর্কে জ্ঞান, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি বাস্তবায়িত হলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

    এদিকে, বুধবার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান

    হাইকোর্টের রুল জারির পর সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অনেকে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। রুলটি চূড়ান্তভাবে কার্যকর হলে উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী অনেক সম্ভাব্য প্রার্থীর সমীকরণ বদলে যেতে পারে।