নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজারে একটি ফার্নিচার ও টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে হোসেনপুর বাজারের বিসমিল্লাহ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক মো. নাহিদ জানান, দুর্বৃত্তরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশে থাকা প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে তিনি দোকানে এসে চুরির ঘটনা দেখতে পান।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চুরির ঘটনায় দোকান মালিক মো. নাহিদ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Category: ইউনিয়ন
-

হোসেনপুর বাজারে ফার্নিচার ও টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৪ লাখ টাকা লুট
-

ইফতার মাহফিলে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জামপুর ইউনিয়নের বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। -

সোনারগাঁয়ের একরামপুর গ্রামে চুরির আতঙ্ক, প্রশাসনের সহায়তা কামনা এলাকাবাসীর
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে পুরো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে গ্রামের অন্তত দুইটি বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির জানালার থাই গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এমনকি রান্নাঘরের হাড়ি-পাতিলও চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আসাদ মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা তিনটি জানালার থাই গ্লাস খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
ঘন ঘন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে।
একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, গ্রামে পুলিশের টহল বৃদ্ধি ও চোরদের দ্রুত গ্রেপ্তার করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে। -

সোনার বাংলা গড়তে স্বেচ্ছাসেবক দলকে কাজে লাগতে হবে : এমপি মান্নান
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনার বাংলা গড়তে যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক কাজে লাগাতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুব সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের Sonargaon Upazila উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ। তরুণদের একটি সংগঠিত ও সুসংহত প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় যুবদলসহ সচেতন যুবসমাজকে সোচ্চার হতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ থেকে মাদক অনেকাংশেই নির্মূল করা সম্ভব।
এ সময় তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রশাসনের উদ্দেশে এমপি মান্নান বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক Mosharraf Hossain, সিনিয়র সহ-সভাপতি Nazrul Islam Titu, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসমিন নোবেল, কাউসার আহমেদ, আব্দুল আলিম, হারুন অর রশিদ মিঠুসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। -

সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ সুমন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক সুমন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার মোঃ নবী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। -

সোনারগাঁয়ে মাদক কারবারি পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের মাদক কারবারি মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার বিকেলে তালতলা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে মহজমপুর, উত্তর কাজিপাড়া, তালতলা, ব্রাক্ষণবাওগা, মালিপাড়া এ ৫ গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানবন্ধনে বক্তব্য রাখেন, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ, জামপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উত্তর কাজিপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী শফিকুল ইসলাম, আয়নাল হক, জয়নাল আবেদীন, জায়েদা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি তালতলা- বারদী সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তরা জানায়, দীর্ঘদিন ধরে উত্তর কাজিপাড়া গ্রামের মোতালেব হোসেন ও তার বাবা আজগর আলী ওরফে বান্না ও মা সালেহা বেগমসহ পরিবারের ৫ সদস্য মাদক ব্যবসা করে আসছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই ওই এলাকায় মাদকের জন্য বহিরাগতরা মোটরসাইকে যোগে এসে মাদক ক্রয় করে থাকে। এছাড়াও তাদের কাছ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে মাদক নিয়ে যায়। এতে বাধা দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। পুলিশের হাতে একাধিকবার এ পরিবারের সদস্যরা মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হলেও বন্ধ হয়নি এ মাদক ব্যবসা।মানববন্ধনে জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ বলেন, মোতালেব হোসেন ও তার পরিবার চিহ্নিত মাদক কারবারি। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হুমকি দেওয়া হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
-

ওপেন টেন্ডারে ৯৭ লাখ টাকায় আনন্দবাজার হাটের ইজারা পেলেন দুই ইউপি সদস্যের পরিবার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটের ইজারা ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ৯৭ লাখ টাকার সর্বোচ্চ দর দিয়ে বাজারটির ইজারা পান বাছেদ মেম্বার।
বাজার পরিচালনার দায়িত্বে রয়েছেন নবী মেম্বারের ভাই নজরুল ইসলাম। টেন্ডার প্রক্রিয়া শেষে আজ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
ইজারা কার্যক্রম শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আরা জিনাত আনুষ্ঠানিকভাবে ইজারাদারের নাম ঘোষণা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ইজারাদারের মাধ্যমে বাজারের শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসবে। -

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, পরিবারের সিদ্ধান্তে সুরতহাল হয়নি
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউছিয়া অংশে, জামপুর ইউনিয়নের প্যাচাইন এলাকায় জামান এগ্রো ফিশারিজের গেট থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহত আলী হোসেন বরগাঁও দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন এবং মাতার নাম ফয়সান বিবি।
পুলিশ জানায়, নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, এটি সড়ক দুর্ঘটনা এবং এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। তাই তারা সুরতহাল বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করতে আগ্রহী নন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জোহরের নামাজের পর জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে -

সোনারগাঁয়ে সরকারী খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।
রবিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।
সূত্রে জানা যায়, রবিবার লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকজন।
স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনারকে (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের তৌফিকুর রহমান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
-

উচ্ছেদের বদলে ইট বিছিয়ে ‘জায়গা করে দেওয়া’, মোগরাপাড়ায় প্রশ্নের মুখে সড়ক ও জনপদ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বারবার উচ্ছেদ অভিযানের পর এবার উল্টো দখলদারদের জন্য সরকারি অর্থ ব্যয়ে নতুন করে ইট বিছিয়ে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর ধরে চৌরাস্তায় মহাসড়কের অংশ দখল করে অস্থায়ী দোকান বসিয়ে চাঁদা আদায় করে আসছেন একটি প্রভাবশালী চক্র। সময়ে সময়ে বিভিন্ন সরকারের আমলে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছুদিনের মধ্যেই ফের দখল হয়ে যায় জায়গাটি।
গত ৫ আগস্টের পর তিন দফা উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানা গেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, আগের তুলনায় অবৈধ দোকানের সংখ্যা আরও বেড়েছে। এতে চৌরাস্তা এলাকায় প্রতিদিনই তীব্র যানজট তৈরি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
এদিকে সম্প্রতি দখলকৃত অংশের পুরোনো ময়লা-আবর্জনা সরিয়ে সেখানে নতুন করে ইট বসানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদের বদলে এমন উন্নয়নমূলক কাজ দখলদারদের জন্য ‘জামাই আদর’-এর মতো পরিস্থিতি তৈরি করেছে। এতে দখল আরও স্থায়ী রূপ পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
সচেতন মহলের প্রশ্ন, যদি অবৈধ স্থাপনা স্থায়ীভাবে বসতে দেওয়া না হয়, তাহলে কেন বারবার উচ্ছেদের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আবার যদি স্থায়ীভাবেই বসতে দেওয়া হয়, তাহলে উচ্ছেদের নামে সরকারি অর্থ ও জনবল ব্যয় করার যৌক্তিকতা কী? নতুন করে ইট বিছানোর ফলে দোকান ভাড়া বাড়ানো এবং আরও দোকান বসানোর সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়ক দখলমুক্ত রাখতে স্থায়ী ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। -

সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি আজহারুল ইসলাম মান্নানের সাক্ষাৎ, সোনারগাঁয়ের সমস্যা সমাধানে আশ্বাস
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে সোনারগাঁ উপজেলার বিভিন্ন অবকাঠামোগত ও নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন এমপি মান্নান। তিনি উপজেলার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, গ্রামীণ যোগাযোগ ও স্থানীয় সরকারের সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন এবং দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
বৈঠককালে প্রতিমন্ত্রী এমপি মান্নানকে বড় ভাই সম্বোধন করে সোনারগাঁয়ের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সাক্ষাৎ শেষে এমপি মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের আন্তরিক সহযোগিতায় সোনারগাঁয়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। -

সোনারগাঁয়ে নাঈম হত্যা: খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে স্থানীয়দের আল্টিমেটাম
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজমিস্ত্রি মো. নাঈম মিয়া (২২) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাজার এলাকায় কয়েক শ’ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, নাঈমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পরমেশ্বরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নাঈম তার বড় ভাই নাসিমুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি দোকান থেকে বের হয়ে যান। ফোনে তাকে বলতে শোনা যায়, “আমার কাছে টাকা নাই।” এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ক্ষেত থেকে “ডাকাত ডাকাত” চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে বস্তাবন্দি অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই আজহারুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁও উপজেলা ও নোয়াগাঁও ইউনিয়ন শাখার নেতারা। উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান বলেন, একজন পরিশ্রমী যুবককে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযানে আবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। -
সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটকরা হলেন ইরফান (৩০), নানাখি এলাকার হারুনুর রশিদের ছেলে ও, অনিক চন্দ্র দাস (৩৫), পঞ্চমীঘাট এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নানাখি এলাকার গ্রামীণ ব্যাংকের পাশ থেকে মাদক কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। -

সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে স্থানীয় জনগণ প্রথমে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার আব্দুল হাই এর ছেলে মোঃ আল আমিন (২৫),এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার মৃত মাহিম মিয়ার ছেলে মোঃ সোহান (২৩),
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ
নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত ৫টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। পিরোজপুরে একটি সচল ভাট্টি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয় এবং বাকি ভাট্টিগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি ঝাউচরে ২টি অবৈধ ঢালাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার ঘনফুট অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে প্রতিদিন সরকারের দুই লাখের বেশি টাকার গ্যাস সাশ্রয় হবে। এছাড়া বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে।
অভিযানে তিতাসের কারিগরি টিম, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

সোনারগাঁয়ে রোজা রেখে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-র বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে রোজা অবস্থায় খেলতে গিয়ে অজ্ঞান হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়াম (১৪) ওই গ্রামের এমদাদুলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রোজা রেখে সিয়াম বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সুস্থ-সবল একটি ছেলের হঠাৎ এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।
ঘটনার পর থেকে এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে।