Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার

    সোনারগাঁয়ে আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের ভোটবিহীন আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান লায়ন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (গতকাল) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্র হত্যার মামলা রয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

    লায়ন বাবুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এক পর্যায়ে তিনি দাবি করেছিলেন, “বারদীতে আসতে হলে শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” এবং নিজেকে “মুক্তিযুদ্ধ ও বারদী ইউনিয়নের সরকার” হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া নানা সময় ভিন্ন ভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে সমালোচনার মুখে ছিলেন।

  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

    পরিমল বিশ্বাস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    বুধবার (১৩ আগস্ট) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দল নেতা সোহেল, মোতালেব মেম্বারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

    আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। সোনারগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকা ও ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”

  • সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন জাপানের ১১০ বিনিয়োগকারী

    সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন জাপানের ১১০ বিনিয়োগকারী

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট জাপানের একটি বিনিয়োগকারী দল। ব্রাক ইপিএল এর উদ্যোগে জাপানি প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী,বড় সরদার বাড়ী ও শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করেন।
    মঙ্গলবার দুপুরে জাপানি প্রতিনিধি দলটিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন  চত্বরে স্বাগত জানান, ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক।
    পরে তারা রেস্টোরেশনকৃত ঐতিহাসিক বড় সরদার বাড়ি ও শিল্পাচার্য জয়নুল জাদুঘর ঘুরে দেখেন। এ সময় পরির্শনকারীরা জাদুঘরে রক্ষিত বিভিন্ন লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সোনারগাঁয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা বড় সরদার বাড়ির স্থাপত্য রীতি দেখে অভিভূত হন। এর আগে এ প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। জাপানের এ বিনিয়োগকারী দলটি বাংলাদেশে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বাংলাদেশে এসেছেন।
    এ বিনিয়োগকারী দলের সাথে ব্রাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিতি ছিলেন। এছাড়া বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের দুটি পৃথক ইউনিট তাদের নিরাপত্তার দায়িত্বে নিযোজিত ছিলেন।

     

  • সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

    সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
    মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সফল যুব সংগঠন এবং যুব ঋণপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফরজানা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূঁইয়া

    বক্তারা দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজের গুরুত্ব তুলে ধরে আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সরকারি নানা সহায়তা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
    অনুষ্ঠানের শেষপর্বে সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং নির্বাচিত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

    আয়োজকরা জানান, যুবদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ১০১ কেজি গাঁজা জব্দ

    সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ১০১ কেজি গাঁজা জব্দ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

    র‍্যাব জানায়, সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানির কান্দি এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে মফিজুল ইসলাম মাহি, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার, ছুরি ও দা উদ্ধার করা হয়। এই গ্যাংটি পরিচালনা করে মফিজুল ইসলাম নামের এক ডাকাত সর্দার।

    মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি মেঘনা ব্রিজ টোলপ্লাজার আশপাশে যানজটের সুযোগ নিয়ে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে আসছিল।

    অভিযানের অন্য অংশে, পিরোজপুরের বটতলা এলাকা থেকে মাদকবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়, যাতে ১০১ কেজি গাঁজা ছিল। তবে এই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলছে।

  • সোনারগাঁয়ে সাদিপুরে নির্বাচন বিষয়ক আলোচনা সভা

    সোনারগাঁয়ে সাদিপুরে নির্বাচন বিষয়ক আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রতন মার্কেট এলাকায় নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।
    বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি রশিদ মোল্লা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়তুল্লা এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারদিন আহাম্মেদ মাসুদ।

    আলোচনা সভায় এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,
    “আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র হতে পারে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সোনারগাঁকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা, ঐতিহ্য রক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

    তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি সবসময় জনগণের পাশে আছেন ও থাকবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
    সভায় ছাত্রদল, যুবদলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে সংঘর্ষে জড়িয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  বিশেষ প্রতিনিধি:

    সোনারগাঁয়ে সংঘর্ষে জড়িয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশেষ প্রতিনিধি:

    বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) বিকেলে মীরেরবাগ এলাকায় সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।

    সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যার পর ফুটবল খেলাকে কেন্দ্র করে জামপুর পশ্চিম পাড়ার শ্রমিকদল নেতা হান্নানের ছেলে মেহেদীর নেতৃত্বে কয়েকজন মীরেরবাগের যুবকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নাহিদ, আ. সাত্তার, আরাফাতসহ কয়েকজন আহত হন। এর মধ্যে নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    তিনি জানান, ঘটনার সময় তিনি উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন, পরে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে এএসআই ফরমান আলীর সঙ্গে দেখা হলে ঘটনাটি তাকে জানান। পরে হান্নানের দোকানে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে কেউ তার ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যেখানে দাবি করা হয় তিনি লুটপাট করতে গিয়ে ধরা পড়েছেন এবং পুলিশ তাকে উদ্ধার করেছে।

    আব্দুর রহিম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য হান্নান ও তার সহযোগীরা এ অপপ্রচার চালিয়েছে। এমনকি এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সোনারগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নামও জড়িয়ে দেওয়া হয়েছে।

    তিনি এই নিন্দনীয় মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে হামলার মূল হোতা মেহেদী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

  • সোনারগাঁয়ে সাদিপুরে ওলামা দলের লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে সাদিপুরে ওলামা দলের লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণায় লিফলেট বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা ওলামা দল।

    শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পঞ্চমীঘাট বাজার এলাকায় দোকান, যানবাহন ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

    উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুজ্জামেল হকের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আল আমিন, নাসির উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন মোল্লা, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা শফিউদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি জমিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন, মাওলানা রমজান ও মাওলানা নাইমসহ স্থানীয় শতশত নেতাকর্মী।

    বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করেন।

  • সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

    সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, খায়রুল ইসলাম, মনিরুজ্জামান মনির, ফারুক হোসেন, কামরুল ইসলাম, শেখ ফরিদ, মীমরাজ হোসেন, ইমরান হোসেন, মাজহারুল, মাসুম, মাহমুদ, মোকাররম মামুনসহ সোনারগাঁও উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজপত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।

    সভায় বক্তারা আরও বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি জানানো হয়।

  • সাবেক এমপি বাহাউল হকের সাথে সাক্ষাৎ করলেন তিন মনোনয়ন প্রত্যাশী

    সাবেক এমপি বাহাউল হকের সাথে সাক্ষাৎ করলেন তিন মনোনয়ন প্রত্যাশী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম :

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সোনারগাঁ থেকে মনোনয়ন প্রত্যাশী তিন রাজনীতিবিদ।
    শুক্রবার পৌর এলাকার গোয়ালদী গ্রামে বাহাউল হকের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন তারা। এসময় তাদের মধ্যে সোনারগাঁয়ের রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
    সৌজন্য সাক্ষাতে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন  প্রত্যাশী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইঁয়া ও বাংলাদেশ নাগরিক পার্টি(এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী মোহাম্মদ তুহিন মাহমুদ।
    এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    প্রার্থীদের উদ্দেশ্যে সাবেক সাংসদ বাহাউল হক বলেন, সোনারগাঁয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সোনারগাঁবাসীর পাশে থেকে এখানকার  সকল রাজনীতিবিদদের কাজ করতে হবে।

    এর আগে তিন দলের তিন মনোনয়ন প্রত্যাশী  গোয়ালদী জামে মসজিদে জুম্মার নামাজের আগে উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

  • আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    নিউজ সোনারগাঁ: –  সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে। শুক্রবার বিকালে উপজেলার সনমান্দী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে সনমান্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত ৫ আগষ্টের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তৃতা ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, এডঃ সামিমা আক্তার সাম্মী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ-ইয়াসিন নোবেল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন। এসময় বিএনপি নেতা ইঞ্জিঃ মমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রিপন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসাইন দুলু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার এদেশকে ধংশ করে গেছে। তারই প্রেতাত্ত্বারা এখনও ঘাপটি মেরে আছে দেশের ক্ষতি করার জন্য। সবাইকে সজাগ থাকতে হবে। এদেশে রক্ষা করতে হবে।

  • সোনারগাঁয়ে অচেতন অবস্থায় গুরুতর জখম যুবক উদ্ধার

    সোনারগাঁয়ে অচেতন অবস্থায় গুরুতর জখম যুবক উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গলাচিপা তিন রাস্তার মোড়ে এক অজ্ঞাতনামা যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে তাঁকে গুরুতর জখমের চিহ্নসহ পড়ে থাকতে দেখা যায়।

    উদ্ধারের সময় যুবকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল এবং তিনি নিজের নাম-ঠিকানা কিছুই জানাতে পারছিলেন না। স্থানীয়রা বিষয়টি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

    এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, কেউ যদি ওই যুবককে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তবে দ্রুত তদন্ত কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

  • সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন 

    সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন 

    নিউজ সোনারগাঁ: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব। শুক্রবার  (৮ আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে  এ মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের  নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, মো.কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান প্রমুখ।

    মানববন্ধনে ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন  বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

    সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

    যুগ্ম সম্পাদক রবিউল  হুসাইন বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কি হবে। সাংবাদিকের উপর হামলা ও হত্যাকান্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর হুমকি।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

     

     

  • সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে কুমিল্লাগামী “মিয়ামি” পরিবহনের একটি বাসকে থামায়। এসময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় সন্দেহভাজন নারী যাত্রীকে আটক করা হয়।

    আটককৃতের নাম লামিয়া আক্তার (২২), পিতা ওসমান গনি, গ্রাম দাররা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    আটক লামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৮ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

    বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনার শাখা নদীতে পড়ে যায় রিজভী। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে তাকে খুঁজে পায়নি।

    নিহত রিজভী দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

    এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুনরায় খোঁজ শুরু করলে আষাড়িয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ না থাকলে স্থানীয়ভাবে দাফন করা যেতে পারে, আমরা লিখিত অনুমতি দিয়ে দেব।”

    ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, “সম্ভবত নদীর স্রোতে ভেসে শিশুটি দূরে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”

    লাশ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

  • বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে বন্দর স্টিল মিলের শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে বন্দর স্টিল মিলের শ্রমিকদের সড়ক অবরোধ

    নিউজ সোনারগাঁ: ৯ মাসের বকেয়া বেতন ও ২টি ঈদ বোনাস পরিশোধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারায়ণগঞ্জের বন্দর স্টিল মিলের শ্রমিকরা।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টায় অত্র প্রতিষ্ঠানের সম্মুখে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দেওয়ানবাগে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

    খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।

    বিক্ষোভকালে শ্রমিকরা জানান, ‘আমাদের ৯ মাসের বেতন এবং ২টি ঈদ বোনাস তারা আটকে রেখেছে। পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। বারবার মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা কয়েকবার আশ্বাস দিয়েছেন কিন্তু আমাদের বকেয়া বেতন ও বোনাস আজ পর্যন্ত পরিশোধ করেনি’।

    এ বিষয়ে কথা বলতে বন্দর স্টিল মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মিলের মূল গেইট বন্ধ ছিলো এবং দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।