Category: সর্বশেষ

  • ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

    সোমবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    ফারজানা রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবির বিশেষজ্ঞ মাহমুদুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি সেগুফতা মেহনাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

    সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

    সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বক্তারা বলেন “বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

    বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

    এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাজারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলার রুবেল মিয়া,
    দৈনিক খবরের কাগজের মো: ইমরান হোসেন, দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির সরকার সবুজ, দৈনিক মুক্ত খবরের শাহিন সাকি, দৈনিক বাংলাদেশের খবর সজীব হোসেন, দৈনিক নতুন সময় তৌরব হোসেন, দৈনিক প্রথম সূর্যোদয় আরাফাত হোসেন সিফাত, দৈনিক আজকের সংবাদের মোক্তার হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের আমজাদ হোসেন প্রমুখ।

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী হঠাৎ  শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে যায়। পরে শিক্ষাকরা তাদেরকে প্রাথমিক চিকিসা দেয়ার চেষ্টা করে। এ সময় তাদের প্রচন্ড শ^াস কষ্ট শুরু হলে শিক্ষকরা দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুপুরের দিকে দশম শ্রেণিতে একই রকম ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভীড় করতে শুরু করে। এক পর্যায়ে অসুস্থ শিক্ষার্থীদেরকে  স্থানীয় হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। বাকিদের নাম জানা যায়নি।
    শিক্ষার্থীরা জানায়, সোমবার শিক্ষার্থীরা স্কুলে আসার পর ক্লাস চলাকালীন ষষ্ঠ ও সপ্তম  শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতংক ছড়িয়ে পরে।
    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর শ^াস কষ্ট শুরু হয়। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিদ্যালয়ের দশম শ্রেণিতে একই ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। কি কারণে এভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে তার কোন কারণ জানা নেই বলে তিনি জানান।
    দশম শ্রেণির অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাস্তি বিদ্যালয়ে ক্লাস করার সময় হঠাৎ করে শ^াস কষ্টে আক্রান্ত হয়। খবর পেয়ে তাকে বিদ্যালয় থেকে হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক জানিয়েছেন কোন ধরনের ভীতির কারণে শিক্ষার্থীদের এমন অসুস্থতা হতে পারে।
    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সকাল ১১টার দিকে প্রথমে দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুরের দিকে আরো ৬জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের সাবার মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যায়। সবাই প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত ছিল। তাদের অবস্থার অবনতি দেখে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

     

  • সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

    সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে মসজিদের অভ্যন্তরে থাকা আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান  যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। পর পর দুই দফা চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম জানান, তিনি সকালে মক্তবের শিশুদের পড়ানোর পর মসজিদ বন্ধ করে দেন। ঘন্টা খানেক পর এসে তিনি দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা। ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই।
    মসজিদের কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় এক দল চোর দানা দেয়। তখন মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো ওই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে।
    তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বন্দরে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

    বন্দরে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে শনিবার রাত থেকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার বড় একটি অংশ অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    ভোর হতে না হতেই নবীগঞ্জসহ বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এতে করে অফিস, স্কুল ও কলেজগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

    স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কটি দীর্ঘদিন ধরেই খানা-খন্দে ভরা ও বেহাল অবস্থায় রয়েছে। নিয়মিত সংস্কারের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

    বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দুর্ঘটনার পরও দ্রুত উদ্ধার কাজ শুরু হয়নি, যার ফলে এমন ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।”

    ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সময়মতো সংস্কার না হলে ভবিষ্যতেও এমন ভোগান্তি পোহাতে হবে।”

  • বন্দর কেওঢালায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ১

    বন্দর কেওঢালায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই কলেজের আরেক শিক্ষার্থী শিহাব প্রধান।

    শনিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং তুলারাম কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আহত শিহাব প্রধান শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে, তিনিও একই কলেজে পড়াশোনা করতেন।

    জানা গেছে, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় পৌচ্ছালে একটি দ্রুতগামী বাস তাদের পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসানার মৃত্যু হয়। শিহাব গুরুতর আহত হলে প্রথমে তাকে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ঘটনার পর ঘাতক যানবাহনটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

  • কালবৈশাখী ঝড়ে সোনারগাঁয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    কালবৈশাখী ঝড়ে সোনারগাঁয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ শুরু হওয়া ঘন্টাব্যাপী ঝড় ও বৃষ্টিতে এলাকা জুড়ে আতঙ্ক ও ভোগান্তি নেমে আসে।

    স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস ও বৃষ্টিতে বহু দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে। অনেকের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয় এবং মাঠের শাক-সবজি ও ফলের ব্যাপক ক্ষতি হয়। আমগাছের অনেক ফল পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে।

    ঝড়ের সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং কোথাও তার ছিঁড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল বা বিকেল নাগাদ কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে আসলেও এখনো অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

    বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে, মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উঁচু ভবনের ভাড়াটিয়ারা, কারণ বিদ্যুৎ না থাকায় পানির ট্যাংকে পানি রিজার্ভ করা সম্ভব হয়নি। ফলে রান্না ও টয়লেটসহ প্রয়োজনীয় কাজে পানি সংকটে পড়তে হয় অনেক পরিবারকে।

    উপজেলার জনবিচ্ছিন্ন এলাকাগুলোতে গড়ে ওঠা পোলট্রি ফার্মগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাট্টি ফার্মের মালিক সজিব জানান, তার একটি বড় ফার্ম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং বহু মুরগি মারা গেছে।

    সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সিকিউরিটি অফিসার শফিক জানান, ঝড়ে ফাউন্ডেশনের বিভিন্ন ফলদ গাছসহ সৌন্দর্য বর্ধনের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সবজি চাষি রফিক বলেন, তার এবং আশেপাশের কৃষকদের শাকসবজির ক্ষেত ঝড়ে মাটির সাথে মিশে গেছে। পুঁইশাক, ঢেঁটা, জালি কড়াসহ অনেক মৌসুমি শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

    সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, ঝড়ে অনেক জায়গায় খুঁটি ভেঙে পড়েছে, তার ছিঁড়ে গেছে এবং কিছু জায়গায় ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। এগুলো মেরামত করে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হলেও এখনো কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত ১৫ মে সকাল ১০টার দিকে মো. তালেব আলী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    তালেব আলী স্ট্রোকজনিত কারণে অস্পষ্ট ও এলোমেলোভাবে কথা বলেন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে তাকে হাতুরাপাড়া তেলের পাম্প (নয়াপুর)—চাঁন সূর্য ফিলিং স্টেশনে পৌঁছে দিলে পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকা হবে।

    যোগাযোগ:
    হাতুরাপাড়া তেলের পাম্প,
    চাঁন সূর্য ফিলিং স্টেশন,
    সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

    মোবাইল:
    01819-049827
    01996-092672

    সবাইকে অনুরোধ, দয়া করে পোস্টটি শেয়ার করুন।

     

  • সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক

    সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: শুক্রবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ম সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
    বৈঠকে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক রবিউল হুসাইন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সহসভাপতি  ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদিচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক  মোকাররম মামুন, এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া বেগম, সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন, খাদিজা আক্তার মৌসুমী, পল্লবী সরকার, মো. রাশেদ ও ইসকান্দার আলী আলভী।
    বৈঠকে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
    এ সময় বক্তারা বলেন, সোনারগাঁ হচ্ছে প্রাচীণ বাংলার রাজধানী। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন। এসব নিদর্শন জরুরি ভিত্তিতে সুরক্ষা ও সংরক্ষণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধংস হয়ে গেছে। এখানকার প্রত্ন সম্পদগুলো সংরক্ষণ করে সোনারগাঁকে একটি পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান বক্তারা।

  • সোনারগাঁয়ে সতিন হত্যার দায়ে সতিনের যাবজ্জীবন কারাদন্ড

    সোনারগাঁয়ে সতিন হত্যার দায়ে সতিনের যাবজ্জীবন কারাদন্ড

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম; সোনারগাঁয়ে কাজল নামে এক নারীকে হত্যার দায়ে গৃহবধুর শিমু আক্তার (৩৪) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর পরষ্পর সম্পর্কে সতিন হতেন।

    বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শিমু আক্তার সোনারাগাঁয়ের জিয়ানগর এলাকার ওহিদুল্লাহর স্ত্রী। একইসঙ্গে নিহত কাজল চাঁদপুরের কচুয়া এলাকার মো. আবুল কালামের মেয়ে।

    আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতিন কাজলকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় কাজলের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

    কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

  • বন্দরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

    বন্দরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

    নারায়ণগঞ্জের বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিরব (১৪) এর মৃত্যু করেছে। নিহত নিরব বন্দর উপজেলার কাজীপাড়াস্থ কামড়াব এলাকার সৌদিআরব প্রবাসী আফজাল মিয়ার ছেলে।

    সে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র । বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

    স্থানীয় এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে দুপুরে নিরব স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।

    পরে তার নানা কবির হোসেন অনেক খোঁজাখোজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মদনপুর দি বারাকা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষনা করে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেন তিতাস কতৃপক্ষরা।

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তিতাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    ১৪ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাট আওয়াতাধীন প্রতাপেরচর, ঝাউচর, এলাকায় ২ টি স্পটে অভিযান চালিয়ে ২ টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

    অপসারিত মালামালের পরিমাণ: এমএস পাইপ ১” ব্যাসের ৩০ ফুট আনুমানিক জিআই পাইপ ৩/৪” ব্যাসের ৪০ ফুট ও হোজ পাইপ ৪৫০ ফুট জব্দ করা হয়।

    এ সময় কারখানাগুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে জেল জরিমানা করা সম্ভব হয়নি।
    চুন কারখানা ১টির জমির মালিক/ভাট্টির মালিকের নামে সোনারগাঁও থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

    উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১০,০০০ ঘনফুট ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,৬৩,১০৪/- টাকা

    এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত চলছে যেখানেই অবৈধ গ্যাস ও কারখানায় অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • মুন্সিগঞ্জের ডাকাতির গরু সোনারগাঁ থেকে উদ্ধার 

    মুন্সিগঞ্জের ডাকাতির গরু সোনারগাঁ থেকে উদ্ধার 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : গত ২ মে মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকার কাঁলাচান হাওলাদার নামের এক গরু ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৩ টি গরু সোনারগাঁ থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর ফার্ম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

    মুন্সিগঞ্জের ডিবি পুলিশের এসআই ইয়াসিন জানান, গত ১০/১২ দিন আগে মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার একটি গরুর ফার্ম থেকে  থেকে ৩ টি গরু ডাকাতি হয়। এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচান হাওলাদার নামের গরু ব্যবসায়ী বাদি হয়ে  ৯ জনকে আসামি করে একটি  ডাকাতি মামলা করেন। এই ঘটনার সুত্র ধরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় লোকমান মিয়ার গরুর ফার্মে অভিযান চালিয়ে ৩ টি গরু উদ্ধার করা হয়। গরুর ফার্মের মালিক লোকমান পলাতক রয়েছে।

     

  • ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

    ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে সোনারগাঁ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন।

    এর আগে সোমবার (১২ মে) সকালে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার নিহত হওয়ার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

    রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত কী আদেশ দেন, তা জানা যায়নি।

  • সোনারগাঁ কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

    সোনারগাঁ কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

     

    সোনারগাঁয়ে ২৭ বছর পর কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচন, বিএনপি প্যানেলের জয়

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসায় দীর্ঘ ২৭ বছর পর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

    নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় অর্জন করে। ব্যালট নং ৫-এর প্রার্থী আনসার আলী সর্বোচ্চ ১৮৩ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যালট নং ২-এর প্রার্থী সানাউল্লাহ ১৫৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং ব্যালট নং ৩-এর প্রার্থী নজরুল ইসলাম ১৩৭ ভোট পেয়ে তৃতীয় হন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনির হোসেন ৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

    নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সদস্যরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “দীর্ঘ ২৭ বছর পর এ মাদরাসায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পেরে আনন্দিত হয়েছেন। বিএনপি প্যানেলের বিজয় প্রমাণ করে জনগণ এখনো দলের প্রতি আস্থাশীল। আমি নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানাই এবং আশা করি, তারা মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”

    নবনির্বাচিত সদস্যরা জানান, “এই নির্বাচনে অংশগ্রহণ ছিল এক আনন্দঘন অভিজ্ঞতা। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করে যাবো।”

  • বন্দরে তিতাসের অভিযানে ২ লাখ টাকা জরিমানা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    বন্দরে তিতাসের অভিযানে ২ লাখ টাকা জরিমানা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (তারিখ উল্লেখ করুন) মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই সাখাওয়াত হোসেন টিপু ও ইদ্রিস, তিতাসের প্রকৌশলী শাহ্-আলম রনি এবং অন্যান্য কর্মকর্তারা।

    অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ প্রায় ১০-১৫টি দোকান ও কিছু আবাসিক বাড়িতে অবৈধভাবে স্থাপিত আনুমানিক ১২০ ফুট গ্যাস বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩৫০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়।

    এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নবাবী স্বাদ চাইনিজ ও অবৈধ আবাসিক গ্রাহকদের কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

    অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।