Category: পিরোজপুর

  • সোনারগাঁয়ে দুই ডাকাত জনতার হাতে আটক

    সোনারগাঁয়ে দুই ডাকাত জনতার হাতে আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুইজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবকরা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও ও মৃধাকান্দী এলাকায় এসব ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ডাকাতির সন্দেহে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। তিনি চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা। আটক হওয়ার পর ওমর ফারুক নিজেকে ডাকাত নয় বলে দাবি করে ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
    এর আগে একই রাতে আনুমানিক ৯টার দিকে মৃধাকান্দী এলাকায় ছিনতাইয়ের সময় আরেক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তি রবিন (২৫), তিনি শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের জাকিরের ছেলে। স্থানীয় জনতা ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে দুইজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি বর্তমানে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।

    এদিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতদিন টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় রয়েছে থানা পুলিশ।
    পুলিশ আরও জানায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় ১০টি টিম নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। সম্প্রতি মেঘনা শিল্পনগরী ও মেঘনা সেতুর কাছাকাছি এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে ডাকাতির চেষ্টার সময়ও সাধারণ মানুষের সহায়তায় আনসার ভিডিপি ও পুলিশ দুই ডাকাতকে আটক করে।
    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমাল রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।

  • সোনারগাঁয়ে জামিনে এসে বাদিকে কুপিয়ে জখম

    সোনারগাঁয়ে জামিনে এসে বাদিকে কুপিয়ে জখম

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয় সেলিম মিয়া ওরফে উদয় নামে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার বাদীর ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

    রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত সজিব মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সজিব মিয়ার মা সেতেরা বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

    জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালুচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো. জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামি করে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসেন উদয়।
    এর পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন তিনি। পরে রবিবার বাদী সেতেরা বেগমের ছেলে চাকরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী, সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত সজিব মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ বিষয়ে অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বাবাকে ফোন করা হলে তিনি এ ব্যক্তি নন বলে দাবি করেন।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    সোনারগাঁয়ে মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজ মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা সোনারগাঁ থানায় মামলা করেছেন। তাঁর দাবি, জাহাজ কাটায় তাঁর প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

    যেভাবে ঘটলো জাহাজ কাটার ঘটনা

    জানা যায়, চট্টগ্রাম থেকে ডিবি (ডাম্ব বার্জ) ধরনের জাহাজটি গত ১ নভেম্বর এক মাসের জন্য ৭ লাখ ২০ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেয় শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। পরে এটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে নিয়ে কেটে ফেলা হয়।

    ১৫ দিন ধরে চলা এই কাটাকাটির কাজে শাহাদাতের সঙ্গে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হকসহ ১০–১৫ জন যুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম

    জাহাজ মালিকের অভিযোগ

    জাহাজের প্রকৃত মালিক রাকেশ শর্মা জানান, জাফর নামে একজন পরিবহন কাজের জন্য জাহাজ ভাড়া নেন। কিন্তু চুক্তিভঙ্গ করে সেটি সোনারগাঁয়ে এনে কেটে স্টিল প্লেট বিক্রি করে দেওয়া হয়। ঘটনাটি জানার পর রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে তা এড়াতে শুরু করেন। ফলে বাধ্য হয়ে তিনি মামলা করেন।

    গ্রেপ্তার ও তদন্ত

    মামলার পর বুধবার সকালে পুলিশ নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

    অভিযুক্তদের অবস্থান

    অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তাঁর বাবা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিকের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

    পটভূমি ও স্থানীয়দের বক্তব্য

    স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময় তাঁর ছেলে শাহাদাত বিভিন্ন শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। মামুনুল হকের রিসোর্ট ঘটনার মামলায় আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

  • ষড়যন্ত্র করে ধানের শীষের প্রচারণা থামানো যাবে না — আজহারুল ইসলাম মান্নান

    ষড়যন্ত্র করে ধানের শীষের প্রচারণা থামানো যাবে না — আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ: বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “ষড়যন্ত্র ছিল, আছে, চলবে—কিন্তু আন্দোলন-সংগ্রাম থামানো যাবে না। ধানের শীষের প্রচারণা তৃণমূলে ইতোমধ্যেই জনপ্রিয়তার ঢেউ তুলেছে।”

    শনিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান।

    মান্নান বলেন, “বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা আমাকে আরও শক্তি দেয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ—এই ঐক্যই আমাদের বড় শক্তি। ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন—এটাই আমাদের অঙ্গীকার।”

    ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, “এ রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নকশা। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ এ দাবিতে আজ ঐক্যবদ্ধ।”

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
    নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, বিএনপি নেতা মাসুম রানা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, আলিনুর বেপারী, পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টুসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

    সমাবেশে জনতার করতালি ও উচ্ছ্বাসে মাঠ বারবার মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন, “ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র দিয়ে থামানো যাবে না।”

  • পিরোজপুরে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে ঘটনার দায় নেবে না বিএনপি.. মান্নান

    পিরোজপুরে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে ঘটনার দায় নেবে না বিএনপি.. মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় দুই ভাই ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোনারগাঁ থানা বিএনপি জানিয়েছে—এই ঘটনার দায় বিএনপি নেবে না। একই সঙ্গে সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের প্রতি।

    শুক্রবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর ভাই আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এতে সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

    ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজহারুল ইসলাম মান্নান বলেন,

    “বিএনপি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায় তাকেই নিতে হবে। প্রয়োজনে এদের আইনের আওতায় আনতে দল প্রশাসনকে সহায়তা করবে। যদি প্রমাণ পাওয়া যায় কেউ দলের নাম বিক্রি করে অপকর্ম করছে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং শুক্রবার বিকেলে সংঘর্ষে রূপ নেয়।

    স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। জলিলপন্থীরা অভিযোগ করেন, রউফপন্থীরা পালিয়ে থাকা আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মীকে এনে তাদের ওপর হামলা চালায়। অপরদিকে, রউফপন্থীদের দাবি, জলিলপন্থীরা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে।

    সংঘর্ষে অন্তত চারটি ঘরে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন,

    “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই ভাইকে আটক করে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

  • সোনারগাঁয়ে বিএনপি নেতা ও দুই ভাইয়ের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ, আহত কয়েকজন

    সোনারগাঁয়ে বিএনপি নেতা ও দুই ভাইয়ের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ, আহত কয়েকজন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১০টার রাত আটটার দিকে ‘বাঘ বাটোয়ারা’ ও স্থানীয় একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পুনরায় উত্তেজনা দেখা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    এ সময় আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, রউফপন্থীদের বিরুদ্ধেও জলিলপন্থীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, আব্দুর রউফ পরিকল্পিতভাবে পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মীকে এলাকায় এনে প্রতিপক্ষের ওপর হামলা চালান। অপরদিকে, রউফপন্থীরা দাবি করেন—জলিলপন্থীরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

    সংঘর্ষে চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার ঝাউচর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত দুইটি চুনা কারখানায় অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনাব্বর হোসেন এবং মেঘনাঘাট জবির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।

    অভিযান শেষে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলো ভেঙে ফেলা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রতিটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ — জামায়াত নেতা ড. ইকবাল

    দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ — জামায়াত নেতা ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এসময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান তিনি।

    গণসংযোগে সঙ্গী ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের অসংখ্য কর্মী-সমর্থক।

    প্রচারণাকালে ড. ইকবাল বলেন,
    “দেশের মানুষ এখন বুঝে গেছে—কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। আল কোরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তাই বৃষ্টির দিনেও মানুষের দ্বারে দ্বারে ছুটছি। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”

    তিনি আরও বলেন,
    “৫ আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় হলে তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। আমি নির্বাচিত হলে সোনারগাঁয়ের প্রতিটি মজলুমের পাশে দাঁড়াব, তাদের অধিকার ফিরিয়ে দেব।”

    ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জোর দিয়ে বলেন,
    “সোনারগাঁয়ে যত প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিই থাকুক না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতিশ্রুতির জায়গা থেকে রাজনীতি করছে।

  • “তৃণমূলই বিএনপির প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকব না” মামুন মাহমুদ

    “তৃণমূলই বিএনপির প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকব না” মামুন মাহমুদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “তৃণমূলই বিএনপির প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম বন্ধ করতে হবে। এসব অপকর্মের কারণে বিএনপির বদনাম হচ্ছে এবং এর দায়ভার কেউ নেবে না। তিনি সতর্ক করে বলেন, “এখনও সময় আছে অপকর্ম থেকে সরে আসুন। না হলে জেলখানা আপনাদের জন্য অপেক্ষা করছে।”

    শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার প্রতাপের চর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “কারো সঙ্গে হিংসা করবেন না, সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না এবং কোনো অন্যায়কারীকেও প্রশ্রয় দেওয়া হবে না। তৃণমূলের সঙ্গে ভাব দেখাবেন না, তাদের ভালোবাসুন ও পাশে থাকুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। ক্লিন অপারেশন শুরু হতে পারে—সতর্ক থাকবেন।” তিনি আরও বলেন, “নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। তাই ঝগড়া না করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়ন সভাপতি শাফিরউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান মাসুম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা প্রমুখ।

    এ সময় সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নদীর জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নদীর জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারী খাস জমিতে আল- মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপির নেতা আপন দুই ভাই এ ভরাট কাজ করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে এ জমিগুলো দখল করা হচ্ছে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে এ বালু ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    তবে বিএনপি নেতার দাবি, তারা নিজের ও আল-মোস্তফা কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করেছেন। সেখানে কোন নদীর জায়গা নেই।
    জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ব্রীজ এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীর জায়গা ও সরকারী খাস জমি দখল করে আল-মোস্তফা কোম্পানিকে বালু ভরাট করে দেয়ার দায়িত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে। অবৈধ ভরাটের ফলে এ নদীতে বিভিন্ন নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পরেছে।
    এলাকাবাসীর দাবি,দীর্ঘদিন ধরে এ এলাকার কয়েক হাজার মানুষ এ নদীতে গোসল করা থেকে শুরু করে রান্নাবান্নার পানি নেয়ার জন্য এ স্থানটি ব্যবহার করতো। বর্তমানে বালু ভরাট করে ফেলার কারনে তা আর সম্ভব হচ্ছে না। মানুষের মাছ ধরার জীবিকাও নষ্ট করে ফেলা হয়েছে। নদীর জমির পাশাপাশি ব্যক্তিমালিকানা জায়গাও দখল নিয়েছেন তারা।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, আষাঢ়িয়ার চর ব্রীজের পূর্ব পাশে বির্স্তৃণ এলাকা জুড়ে শাখা নদীতে বালু ভরাট করে রাখা হয়েছে। মারীখালির নদীর মধ্যভাগে বাঁশের খুটি ও বেড়া দিয়ে বালু ভরাট করা হচ্ছে। সেখানে গেলে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।
    তবে বালু ভরাট কাজ করতে আসা এক শ্রমিক জানান, আব্দুর রউফ ও জলিল আল-মোস্তফা নামের কোম্পানির বালু ভরাট করেছেন।
    আষাঢ়িয়ার চর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ নদী ভরাট প্রতিদিন রাতে বেলায় করা হচ্ছে। । দিনের বেলায় কোন কাজ করা হচ্ছে না।
    অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ জানান, এখানে কোন নদীর জায়গা নেই। আমার জায়গা ও কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করা হয়েছে। নদী আরো এক প্লট পরে রয়েছে।
    কোম্পানীর চেয়ারম্যান আল-মোস্তফা জানান, এলাকাবাসী জায়গা ভরাট করছে।  এখানে আমাদের কোম্পানীরও  কিছু জমি রয়েছে। আমাদের জমিও ভরাট করা হচ্ছে। আমাদের জমি থেকে আড়াইশ’ ফুট দুরে হচ্ছে খাল। বিআইডব্লিউটিএ লোকও  মেপেছে। এখন যেহেতু বর্ষাকাল, সব জায়গায় খাল দেখা যায়। তাই তরা ভরাট কাজ বন্ধ রাখতে বলেছেন। বর্তমানে আমরা ভরাট কাজ বন্ধ করে দিয়েছি।
    হোসেনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের প্রমাণ পাওয়া গেছে। দখলদারদের তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে এসিল্যান্ড কার্যালয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
    সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাস সম্পত্তি ও নদীর জায়গা কাউকে দখল করতে দেয়া হবে না। ঘটনা স্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দখলের প্রমাণ পাওয়া গেলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
    বিআইডব্লিউটিএ মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, শাখা নদীগুলো বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দেখভাল করবেন। কেউ নদীর জায়গা দখল করলে তিনি ব্যবস্থা নেবেন।

  • সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর নদে মিললো শিশুর মরদেহ

    সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর নদে মিললো শিশুর মরদেহ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    রবিবার (৩১ আগস্ট) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের মারীখালী নদ থেকে ভাসমান অবস্থায় মোস্তাকিম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার অসহায় ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে নদে ভেসে ওঠে তার মরদেহ। তিন মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে বাবা ও দাদার কাছেই থাকতো শিশু মোস্তাকিম।

    কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও বই বিতরণ

    ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও বই বিতরণ

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও ধর্মীয় বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ ও মইনীয়া প্রকাশিত ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। একই সঙ্গে ঈদে মিলাদুন্নাবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও শাখার সভাপতি আবুসাঈদ মোহাম্মদ সালেক। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জনাব ইকবাল হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    “পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ)-এর আদর্শ হলো দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সমাজকে মুক্ত করে শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এই উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও মানবিক কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।”

    সভাপতির বক্তব্যে আবুসাঈদ মোহাম্মদ সালেক বলেন,
    “মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী ও সংগঠন সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মঈনুদ্দীন আল হাসানীর নির্দেশে সারা দেশে ৫০ হাজার নেতাকর্মী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর ৫ লক্ষ বৃক্ষ রোপণ করে থাকে মইনীয়া যুব ফোরাম।”

    তিনি আরও বলেন, “গাছ পৃথিবীর প্রকৃত বন্ধু। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা শাহ হানিফ আল মাইজভান্ডারী, খলিফা শাহ রবিউল আল মাইজভান্ডারী, খলিফা আলী মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য ও কালীগঞ্জ উপজেলা সভাপতি মাসুম মিয়া, মাহিম মিয়া, কামাল হোসেন, মাসুদ রানা প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসাইন।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের আশপাশে তিনটি চুনা ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে জোনের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি এবং বিপরীত পাশে একটি ভাট্টি ধ্বংস করা হয়। একইসঙ্গে দিশারী হোটেলকে ১ লাখ টাকা ও হিরাঝিল হোটেলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১.৫ ইঞ্চি পিভিসি পাইপসহ উৎসস্থল বিনষ্ট করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, আলী আজগর, মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, ডা. মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সাঈদ, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফির উদ্দিন মজনু, আব্দুর রউফ, সানোয়ার, জয়নাল মেম্বার, শফিকুল ইসলাম, মোশাররফ মেম্বার, রহমান সরকার, আলমগীর মেম্বার, শহীদ সরকার, আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, দপ্তর সম্পাদক ফজল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী ও মো. কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আবু মোরশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ফজলু মেম্বার এবং উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

    দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

    বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনার শাখা নদীতে পড়ে যায় রিজভী। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে তাকে খুঁজে পায়নি।

    নিহত রিজভী দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

    এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুনরায় খোঁজ শুরু করলে আষাড়িয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ না থাকলে স্থানীয়ভাবে দাফন করা যেতে পারে, আমরা লিখিত অনুমতি দিয়ে দেব।”

    ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, “সম্ভবত নদীর স্রোতে ভেসে শিশুটি দূরে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”

    লাশ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

  • সোনারগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    সোনারগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে পড়ে রুহুল আমিন (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে। তিনি সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় নোয়াব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

    নিহতের বাবা আতাউর রহমান জানান, রুহুল মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টরিতে রাজু নামের এক ঠিকাদারের অধীনে রংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি ভবনের সপ্তম তলায় রঙের কাজ করছিলেন। এ সময় নিরাপত্তা বেল্ট ফসকে গেলে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, শ্রমিক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।