Category: ইউনিয়ন

  • অনুমতি ছাড়াই মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি খালের উপর ব্রিজ নির্মাণের অভিযোগ

    অনুমতি ছাড়াই মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি খালের উপর ব্রিজ নির্মাণের অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় সরকারি খালের ওপর অনুমতি ছাড়াই একটি বেসরকারি ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই প্রভাব খাটিয়ে একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এ নির্মাণকাজ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির শিকদারের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে একটি কোম্পানিকে সুবিধা দিয়ে সরকারি খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের ব্যবস্থা করার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

    এদিকে এ সংক্রান্ত একটি আবেদনপত্রের কপি পাওয়া গেছে, যেখানে মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি গত ২৫ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যক্তিগত প্রয়োজনে খালের ওপর একটি লোহার ব্রিজ নির্মাণের অনুমতি চেয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

    সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা বলেন, “ব্রিজ নির্মাণের বিষয়ে ইউনিয়ন পরিষদ অবগত নয়। আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও এ বিষয়ে কিছু জানাননি। এটি সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে।”

    উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, “অলিপুরা বাজার-সনমান্দী খালের ওপর কোনো ব্রিজ নির্মাণের আবেদন গৃহীত হয়নি। সরকারি খালের ওপর অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই।”

    অভিযোগের বিষয়ে সুবিধাভোগী প্রতিষ্ঠানের পরিচালক জাকির হোসেন বলেন, “বিএনপি নেতা খোকন শিকদারের অনুমতি নিয়েই আমরা ব্রিজ নির্মাণ করছি।” তবে তিনি কোনো লিখিত অনুমোদনের কাগজ দেখাতে পারেননি।

    অভিযুক্ত খোকন শিকদার জানান, “আমি খালটির সভাপতি হিসেবে তাকে ব্রিজ নির্মাণের অনুমতি দিয়েছি,” তবে টাকার লেনদেনের অভিযোগ তিনি অস্বীকার করেন।

    এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান বলেন, “সরকারি খালের ওপর কোনো স্থাপনা নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বাধ্যতামূলক। অনুমতি ছাড়া এ ধরনের নির্মাণ পরিবেশ ও পানি প্রবাহের জন্য ঝুঁকিপূর্ণ।”

    স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত এ নির্মাণকাজ বন্ধ করে যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

    সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দুই পরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
    নিহত সাবরিয়া আক্তার অনিয়া কাঁচপুর সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের মেয়ে এবং সায়েম সিমেলের স্ত্রী। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
    নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সাবরিয়া আক্তার অনিয়াকে নির্যাতন করা হতো। সর্বশেষ বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
    অন্যদিকে স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে সাবরিয়া আক্তার অনিয়া আত্মহত্যা করেছেন।
    খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।

  • সোনারগাঁয়ে খাল কেটে মাটি লুটের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

    সোনারগাঁয়ে খাল কেটে মাটি লুটের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আমিন মার্কেট এলাকায় খাল কেটে অবৈধভাবে মাটি লুটের অভিযোগ উঠেছে জামাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খাল খনন কমিটির সভাপতি খোকন শিকদার।

    অভিযোগে জানা যায়, আমিন মার্কেট সংলগ্ন একটি খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
    লিখিত অভিযোগে খোকন শিকদার উল্লেখ করেন, খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ মাটি উত্তোলনের ফলে খালের গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
    অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামাল মিয়া বলেন, “আমি ভেকু (খননযন্ত্র) বন্ধ করে দিয়েছি।”
    উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিতে পারে সেজন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

  • শম্ভুপুরা ইউনিয়নে চুরির আতঙ্ক, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

    শম্ভুপুরা ইউনিয়নে চুরির আতঙ্ক, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক এসব ঘটনায় দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

    সর্বশেষ শনিবার (২৮ মার্চ) রাতের কোনো এক সময়ে ইউনিয়নের একরামপুর গ্রামের শামীম মিয়ার নির্মাণাধীন ভবন থেকে তিনটি জানালার থাই গ্লাস চুরি হয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবার হতবাক হয়ে পড়ে।
    স্থানীয় সূত্র জানায়, এর আগেও হোসেনপুর বাজারের একটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
    বিশেষ করে একরামপুর গ্রামে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিভিন্ন বাসাবাড়ির জানালার থাই গ্লাস, আসবাবপত্র, মোটর এমনকি রান্নাঘরের হাঁড়ি-পাতিলও চোরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
    এলাকাবাসীর দাবি, ধারাবাহিক এসব ঘটনায় পুলিশ অধিকাংশ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
    এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পরিবার

    সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পরিবার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    ভুক্তভোগী হাবিবুল্লাহ (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এর পরেই রাতে দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে ঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন করা হয়।
    হাবিবুল্লাহ বলেন, “গভীর রাতে হঠাৎ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।”
    তিনি আরও বলেন, এ ঘটনায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
    এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক জানান, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাঁচপুরে বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে গেছে মুদি দোকান

    কাঁচপুরে বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে গেছে মুদি দোকান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে একটি মুদি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে।
    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দক্ষিণ পাড়া এলাকার খান বাড়িতে অবস্থিত একটি কাঁচা টিনশেডের “সাফিয়া স্টোর” নামের মুদি দোকানে রাত ২টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একই সময়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাত ২টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
    ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ৩টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। এতে একটি মুদি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

  • নোয়াগাঁওয়ে অগ্নিকাণ্ডে চার দোকান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা

    নোয়াগাঁওয়ে অগ্নিকাণ্ডে চার দোকান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও স্টানে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
    এতে দোকানে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
    ঘটনার পরদিন মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহাগ ও এপিএস সেলিম হোসেন দিপু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের আইন অঙ্গনে নতুন করে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. নাজমুল হাসান রাব্বী। সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল-এর অধীনে তিনি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন।
    আইন পেশায় যুক্ত হয়ে সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদান এবং জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে তিনি তার বড় ভাই অ্যাডভোকেট দিপু আহমেদের সঙ্গে নারায়ণগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।
    অ্যাডভোকেট দিপু আহমেদ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবেও কর্মরত। আইন অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
    এদিকে, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে নারায়ণগঞ্জ জজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তারা জানান, আইনজীবীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশার মানোন্নয়নে কাজ করতে চান।
    একই সঙ্গে তারা অতীতে রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, এসব ঘটনা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী ছিল।
    তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন হয়রানি আর হবে না এবং নারায়ণগঞ্জে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।
    সংশ্লিষ্ট মহল মনে করছে, তরুণ ও অভিজ্ঞ আইনজীবীদের এই যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জ জজ কোর্টের নির্বাচনে নতুন গতি আনবে এবং আইনজীবী সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বরকত মোল্লার সন্তান। তাদের এ সাফল্যে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন।

  • নোয়াগাঁও ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি ব্যবহারে বিভ্রান্তি

    নোয়াগাঁও ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি ব্যবহারে বিভ্রান্তি

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে এক বিএনপি নেতার প্রকাশিত পোস্টারকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টারে দলীয় পদবির পরিবর্তে ইউনিয়ন পরিষদের পদবি ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার প্রকাশ করেন। তবে সেখানে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি” উল্লেখ না করে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ” লেখা হয়। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পোস্টারটি টানানো হয়েছে।
    পোস্টারে তিনি নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও উল্লেখ করেন এবং সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
    এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টারটি তৈরি করা হলেও কম্পিউটার টাইপের সময় অনিচ্ছাকৃতভাবে এ ভুলটি ঘটে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রেস কর্তৃপক্ষও এটিকে বড় কোনো সমস্যা নয় বলে জানিয়েছে।
    অন্যদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের দায়িত্বশীল পদবির ভুল ব্যবহার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন।

    নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিষয়টি তিনি সরাসরি দেখেননি, তবে শুনেছেন ঈদের আগে এলাকায় পোস্টার লাগানো হয়েছে। ইউনিয়ন পরিষদের কোনো পদবি ব্যবহারের অনুমতি ফারুক আহমেদের নেই বলেও তিনি জানান। তিনি বলেন, “ইউনিয়ন বিএনপি উল্লেখ করা যেত, কিন্তু ইউনিয়ন পরিষদের পদবি ব্যবহার সঠিক হয়নি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    এ ঘটনায় এলাকায় আলোচনা চললেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রশাসনিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

  • মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক
    নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
    মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রের ভয় দেখিয়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে ডাকাতদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।
    আটককৃতরা হলেন পারভেজ (২৭), পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং সাদ্দাম (২৯), গজারিয়া উপজেলার ছোট রায়পাড়া এলাকার বাসিন্দা।
    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে মাদকবিরোধী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। বৈদ্যের বাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

    কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল আরমান, আনোয়ার হোসেন, মানিক মিয়া ও মোঃ সানাউল্লাহ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মহিবুল্লাহ্ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে—এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

    কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • ঈদ সালামি নিয়ে বিরোধ: সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

    ঈদ সালামি নিয়ে বিরোধ: সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঈদ সালামি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
    ঘটনাটি ঘটেছে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে কম সালামি পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ঈদের দিন রাতে স্বামী সাগর তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
    খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ নিজে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
    পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

    আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের ছুটির সুযোগে এ নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অভিযুক্তরা সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। পরে কাজ বন্ধ থাকলেও বর্তমানে ঈদের ছুটিতে প্রশাসনের ব্যস্ততাকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
    স্থানীয়দের ভাষ্য, মোতালেব, আমির ও মাজারুল একসময় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী হিসেবে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তারা দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। এরপরও তারা আগের মতোই এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
    এলাকাবাসীর আরও অভিযোগ, কিছুদিন আগে চাঁদাবাজির উদ্দেশ্যে প্রকাশ্যে এক দোকানদারকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
    স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত মোতালেব, আমির ও মাজারুল বিএনপিতে অনুপ্রবেশ করে দলের সুনাম নষ্ট করছে। তারা পরিকল্পিতভাবে বর্তমান এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেও কাজ করছে বলে অভিযোগ করেন নেতারা।
    এ বিষয়ে আমির হোসেন, জানান তারা আনন্দবাজার হাটে কোন ঘর নির্মাণ করেনি। বিষয়টি সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট।

  • জামপুর ইউনিয়নে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

    জামপুর ইউনিয়নে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

    নিউজ সোনারগাঁ : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান।
    মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সুশৃঙ্খলভাবে বিতরণের জন্য আগে থেকেই উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় তা বাস্তবায়ন করা হয়।
    ঈদ উপহারের প্যাকেজে লুঙ্গি, শাড়ি ও থ্রি-পিসসহ প্রয়োজনীয় পোশাক সামগ্রী ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে নিম্নআয়ের পরিবারের জন্য ঈদের কেনাকাটা কঠিন হয়ে পড়েছে, সেখানে এই সহায়তা কিছুটা স্বস্তি এনে দেয়।
    এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান বলেন, “ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
    উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করে এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।
    উল্লেখ্য, হাজী গোলজার প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

  • সোনারগাঁয়ে হাজী আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে  ৩২শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

    সোনারগাঁয়ে হাজী আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ৩২শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
    সোমবার (১৬ মার্চ) বিকেলে বৈদ্যের বাজার ইউনিয়নের তার নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩২০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
    এ সময় হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।
    স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে হাজী আব্দুল্লাহ আল মামুন নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা এলাকায় প্রশংসিত হচ্ছে।

  • সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

    সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
    সম্প্রতি সোনারগাঁয়ে সংঘটিত জনসম্পৃক্ত আন্দোলনের সাথে জড়িত স্থানীয় অধিবাসীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে নোটিশে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
    নোটিশে বলা হয়েছে, তিনি থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও অভিযোগ অনুযায়ী অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আগামীকাল ১৫ মার্চ রোববার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
    এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।