Category: সর্বশেষ

  • জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

    জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

    বিনোদন প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশী-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ তাঁর পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ লাভ করেছে।

    গত শুক্রবার (৫ জুন) পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।

    নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান। তিনি সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এর সন্তান।

    বর্তমানে কানাডা প্রবাসী ওয়াহিদ ইবনে রেজা
    ভিএফএক্স ও অ্যানিমেশনের মাধ্যমে মিডিয়ার আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তার নির্মিত অ্যানিমেটেড মুভি ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে বর্তমান দুনিয়ায় পরিবেশগত বিপর্যয় নিয়ে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও উলভারিনের প্রকৃতির সাথে সহাবস্থান খোঁজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
    চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, “এটি একটি ব্যতিক্রমী চিন্তার ফসল। ধ্বংসের পরেও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা এবং প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সাথে সহাবস্থানের সারমর্মকে এটি সূক্ষ্ম অথচ শক্তিশালীভাবে প্রকাশ করেছে।”
    পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান। এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন দুনিয়ায় কাজ করা এই নির্মাতা তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে চলচ্চিত্রটি উৎসর্গ করে বলেন, “আমি সত্যিই আশা করি যে আমরা একসাথে এই পৃথিবীকে ওর (সামারা) এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও ভালো একটি জায়গা করে তুলতে পারব।”
    পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন, বুধবার পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযানে দুই চুনা কারখানা গুঁড়িয়ে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের অভিযানে দুই চুনা কারখানা গুঁড়িয়ে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    রোববার (৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টিপরদী এলাকায় একটি এবং মল্লিকপাড়া এলাকায় একটি চুনা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত।

    অভিযান চলাকালে এক্সকাভেটর মেশিনের সাহায্যে কারখানা দুটি ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে পানি স্প্রে করা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক প্রতিমন্ত্রী বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক প্রতিমন্ত্রী বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক গৃহবধূ। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলাব এলাকায় সাবেক মন্ত্রী রেজাউল করিমের একটি পরিত্যক্ত বাড়িতে মো. আলাউদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বাড়িটি দীর্ঘদিন নির্জন থাকায় সেখানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। আলাউদ্দিনের পরিবার এ ধরনের কর্মকাণ্ডে বাধা দিলে স্থানীয় কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।
    লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ জুন বিকেলে পেরাব এলাকার আরিফের ছেলে শাওন (২৫), লিটনের ছেলে সাব্বির (২৬), দুলালের ছেলে রাতুল (২৫), ওমেদের ছেলে আবির (২৩) এবং অজ্ঞাত আরও ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের টিন কুপিয়ে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।
    ভুক্তভোগীদের দাবি, হামলায় আলাউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৪৮) গুরুতর আহত হন। এ ঘটনায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    আলাউদ্দিনের পরিবার জানায়, হামলাকারীদের ভয়ে তারা বর্তমানে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
    এ বিষয়ে অভিযোগকারী রুনা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
    অন্যদিকে, অভিযোগে নাম উল্লেখ থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, “এটি একটি সাজানো ঘটনা। আমরা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”
    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন নম্বর যেভাবে রিচার্জ করবেন

    প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন নম্বর যেভাবে রিচার্জ করবেন

    নিজস্ব প্রতিবেদক : প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের অনেক গ্রাহক। আগে যেখানে রিচার্জের জন্য ২০ ডিজিটের টোকেন নম্বর ব্যবহার হতো, এখন অনেক গ্রাহকের মোবাইলে ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। এতবড় নম্বর মিটারে ডায়াল করতে গিয়ে ভুল করছেন অনেকে।

    ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য মাধ্যমে রিচার্জের পর প্রাপ্ত টোকেন নম্বর এত দীর্ঘ যে তা মিটারে প্রবেশ করাতে অনেক সময় লাগছে। সামান্য ভুল হলেই টোকেন গ্রহণ করছে না মিটার। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টোকেন প্রবেশ করাতে না পারায় অনেক বাসা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

     

    এ সমস্যা থেকে দ্রুত কীভাবে সমাধান পেতে পারেন জেনে নিন

    ডেসকো প্রিপেইড মিটারে রিচার্জ করার পর প্রাপ্ত ২০০ ডিজিটের বিশাল টোকেনটি মূলত ১০টি আলাদা ব্লকে (প্রতিটি ব্লকে ২০টি করে ডিজিট) বিভক্ত থাকে। ট্যারিফ পরিবর্তন বা মিটার আপগ্রেডের কারণে আসা টোকেনটি ডেসকো মিটারে সঠিকভাবে প্রবেশ করানোর নিয়ম নিচে দেওয়া হলো:

    আপনার মোবাইলে আসা এসএমএস বা রিচার্জ স্লিপে ২০টি করে ডিজিট পরপর স্পেস দিয়ে মোট ১০টি লাইনে ২০০টি ডিজিট সাজানো থাকবে। ধাপে ধাপে ২০ ডিজিট করে চাপুন: প্রথম লাইনের ২০টি ডিজিট মিটারের কিপ্যাডে নির্ভুলভাবে তুলুন। এরপর মিটারের লাল বা নীল রঙের ‘Enter’ (↵) বোতামটি চাপুন।

    ডিসপ্লে চেক করুন: প্রথম ২০ ডিজিট চাপার পর ‘Enter’ দিলে মিটারের স্ক্রিনে ‘Good’, ‘Open’ বা ‘01’ (প্রথম ধাপ সফল) লেখা আসবে।

    বাকি ধাপগুলো সম্পন্ন করুন: প্রথম ধাপ সফল হলে, একইভাবে দ্বিতীয় লাইনের ২০টি ডিজিট চেপে আবার ‘Enter’ চাপুন। এভাবে একে একে ১০টি ধাপই (মোট ২০০ ডিজিট) সম্পন্ন করতে হবে।

    চূড়ান্ত সফল বার্তা: ১০ নম্বর ধাপের শেষ ২০টি ডিজিট চেপে ‘Enter’ দেওয়ার পর মিটারের ডিসপ্লেতে মূল রিচার্জের টাকা বা ‘SUCCESS’ লেখাটি ভেসে উঠবে।

    জরুরি কিছু বিষয় ও কোডভুল হলে সংশোধন: চাপার সময় কোনো একটি সংখ্যা ভুল হলে ডেসকো মিটারের তীর চিহ্ন বা ক্রস (←) বোতামটি চেপে সেটি মুছে আবার সঠিক সংখ্যাটি চাপুন। পরপর ভুল করবেন না; মাঝপথে কোনো একটি ধাপে ভুল হলে স্ক্রিনে ‘Reject’ বা ‘Error’ দেখাতে পারে। এমন হলে ঘাবড়াবেন না, তবে পরপর তিনবার ভুল করলে মিটার লক হয়ে যেতে পারে।

    মিটারের ব্যালান্স দেখা: টোকেন ইনপুট শেষ হওয়ার পর আপনার ডেসকো মিটারে টাকা যোগ হয়েছে কি না তা নিশ্চিত করতে ‘801’ চেপে ‘Enter’ দিন, স্ক্রিনে বর্তমান ব্যালান্স দেখতে পাবেন।

  • শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের গৌরব, ঢাকা বিভাগে সেরা দুই শিক্ষক

    শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের গৌরব, ঢাকা বিভাগে সেরা দুই শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই শিক্ষক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার মিয়া এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি. আর. বিলকিস।
    শিক্ষাক্ষেত্রে তাঁদের এ সাফল্যে সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জ জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননা অর্জন করেন।
    প্রতিক্রিয়ায় দুই শিক্ষকই এ অর্জনের জন্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতীয় পর্যায়ে ভালো ফলাফলের জন্য সবার দোয়া কামনা করেন।

  • “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই” শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদে আবেগঘন

    “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই” শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদে আবেগঘন

    নিজস্ব প্রতিবেদক : “আমার বাবাকে যারা মেরেছে, তাদের বিচার চাই। আমার বাবাকে আর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু হত্যাকারীদের শাস্তি হোক।” এমন হৃদয়বিদারক আহ্বান জানিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু কন্যা ওয়াকিয়া। তার আবেগঘন আর্তনাদে উপস্থিত শতাধিক মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন।
    শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিহত ফয়জুল মিয়ার পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দৃশ্যের অবতারণা হয়। মানববন্ধনে নিহতের স্বজন, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলি এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে গত বুধবার রাত ১০টার দিকে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।
    নিহতের পরিবারের অভিযোগ, নিরাময় কেন্দ্রের মালিক সজীব, রকি ও তাদের সহযোগীদের নির্যাতন ও মারধরের কারণেই ফয়জুল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে নুরজাহান বেগম সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।
    মানববন্ধনে নিহতের স্ত্রী মাসুদা বেগম বলেন, “আমার তিন সন্তানের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি একজন অসহায় নারী। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
    নিহতের ভাই বিল্লাল হোসেন বলেন, “আমার ভাই সুস্থ অবস্থায় নিরাময় কেন্দ্রে গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই আমরা তার লাশ পেয়েছি। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত কাউকে যেন ছাড় দেওয়া না হয়। আমরা দ্রুত তদন্ত ও সকল আসামির গ্রেপ্তার দাবি করছি।”
    এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, গাবতলি গ্রামের ইসমাইল মেম্বারের ছেলে রকি, সজীবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
    উল্লেখ্য, নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে। পরিবারের দাবি, মাদক নিরাময় কেন্দ্রে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় “ফয়জুল হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করো” এবং “নিরাময় কেন্দ্রের নামে নির্যাতন বন্ধ করো” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার মেম্বার গ্রেপ্তার

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার মেম্বার গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুফদী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত কালু বেপারীর ছেলে।
    সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
    পুলিশ জানিয়েছে, দেলোয়ার হোসেন মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

  • নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু গ্রেপ্তার

    নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতের দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে সোনারগাঁ থানা হেফাজতে নেওয়া হয়।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সোনারগাঁয়ে ছেলের আত্মহত্যার শোকে বাবারও মৃত্যু

    সোনারগাঁয়ে ছেলের আত্মহত্যার শোকে বাবারও মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দমদমা গ্রামে পারিবারিক সমস্যার জেরে উজ্জ্বল নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উজ্জ্বল। এসব সমস্যার ভার সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।
    এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে উজ্জ্বলের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, শোকাহত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
    একই পরিবারের বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দমদমা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
    স্থানীয়রা বলেন, উজ্জ্বল একজন পরিচিত ও মিশুক মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবার মৃত্যুর ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

  • সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিচালক পলাতক

    সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিচালক পলাতক

    নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিচালক পলাতক
    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রটির পরিচালক সজীবের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
    নিহত ফয়জল (৫৫) কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকার বাসিন্দা এবং মৃত ফোছন মিয়ার ছেলে।
    স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, ফয়জল দীর্ঘদিন ধরে এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
    ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মারধরের মাধ্যমে ফয়জলকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
    এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিচালক সজীব আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তবে হত্যার অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    সোনারগাঁয়ে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ফতেকান্দি এলাকায় সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাসহ কয়েকজনকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগীরা।

    অভিযোগ সূত্রে জানা যায়, ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিক খাঁন সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ২ এপ্রিল তাইজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

    তাইজুল ইসলামের অভিযোগ, মামলার বিষয়টি জানার পর গত মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়ামের লোকজন মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। বুধবার সকালে এলাকাবাসী ও ভুক্তভোগীরা এর প্রতিবাদ করলে অনিক খাঁন সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
    এ সময় তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
    পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
    স্থানীয় বাসিন্দা তমিজউদ্দিন বলেন, “সরকারি হালটের ওপর ঘর নির্মাণ এবং রাস্তা দখলের অভিযোগ দীর্ঘদিনের। এলাকাবাসী প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।”
    আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছে। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।”
    তাইজুল ইসলাম বলেন, “জমির সীমানা নিয়ে বিরোধ থাকলেও মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার কোনো অধিকার কারও নেই। প্রতিবাদ করায় আমার ভাতিজার ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”
    তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অনিক খাঁন সিয়াম। তিনি বলেন, “রাস্তা বন্ধ বা ভাঙচুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”
    নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “এটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হলে আমাদের কোনো আপত্তি থাকবে না।”
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯ থেকে একটি কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে মসজিদে কুরআন শিক্ষা কর্মসূচিতে হামলার অভিযোগ, আহত ৫

    সোনারগাঁয়ে মসজিদে কুরআন শিক্ষা কর্মসূচিতে হামলার অভিযোগ, আহত ৫

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত একটি কুরআন শিক্ষা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি।

    মঙ্গলবার (২ জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া জামে মসজিদে ‘সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রাম’-এর আয়োজন করে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াত।

    আয়োজকদের দাবি, মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের অনুমতি নিয়েই ধর্মীয় এ শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

    জানা গেছে, কুরআন শিক্ষার ক্লাস চলাকালে স্থানীয় বিএনপির নামধারী ৮ থেকে ১০ জন নেতাকর্মী মসজিদে প্রবেশ করে অংশগ্রহণকারীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

    নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির হোসাইন অভিযোগ করে বলেন, আমরা একটি সম্পূর্ণ ধর্মীয় ও অরাজনৈতিক শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করছিলাম। হঠাৎ করে কিছু ব্যক্তি মসজিদে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

    তিনি আরো বলেন, এ ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    প্রোগ্রামে অংশগ্রহণকারী জামায়াত কর্মী সোহেল জানান, হামলার সময় তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোনারগাঁ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

    অভিযোগে স্থানীয় বিএনপি কর্মী নাছির মোল্লা ও বিএনপি নেতা এসহাকের নেতৃত্বে শামীম মোল্লা ওরফে ‘ইয়াবা শামীম’, মোজাম্মেল মোল্লা, শফিকুল মোল্লা ও রাকিবসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

    তবে অভিযোগ অস্বীকার করে নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসহাক বলেন, মসজিদে অনুমতি ছাড়া দলীয় কর্মসূচি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমি সেখানে যাই। এ সময় কথা-কাটাকাটি হয়েছে, তবে হামলা বা মারধরের অভিযোগ সঠিক নয়।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সোনারগাঁয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট

    সোনারগাঁয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট

    নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশ হিসাব নাম্বার থেকে টাকা ৪০ হাজার ৯শ’ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

    সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকার দ্বীন ইসলামের বিকাশ হিসাব নাম্বার থেকে এ টাকা লুট করা হয়।
    এ ঘটনায় ব্যবসায়ী দ্বীন ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    ভুক্তভোগী দ্বীন ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত সোমবার তার ব্যবসায়িক কর্মস্থল জৈনপুর এলাকায় বিকাশ এজেন্ট ব্যবসা পরিচালনা করে। এসময় বিকেলে সাড়ে ৫টার দিকে তার বিকাশ এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব নাম্বার (০১৭১৮-৫৩৬৫০৯) এর পিনকোড হ্যাক করে তার অজান্তে ৩৭ হাজার ৯০০ টাকা অজ্ঞাত ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে (০১৮৬৫-৭৯২১৭৩) সেন্ডমানি করে নিয়ে যায়। একই সময়ে তার বিকাশ হিসাব নাম্বার (০১৭১৮-৫৩৬৫০৯) হতে সিটি ব্যাংকের মাধ্যমে তিন হাজার টাকা লোন নিয়ে অজ্ঞাত ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে (০১৮৬৫-৭৯২১৭৩) সেন্ডমানি করে নিয়ে যায়।
    এব্যাপারে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ নেওয়া হয়েছে| তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়েতের প্রস্তুতিমূলক আলোচনা

    সোনারগাঁয়ে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়েতের প্রস্তুতিমূলক আলোচনা

    নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০১ জুন) সকালে মঙ্গলেরগাঁও বাজারে অবস্থিত পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আসগার আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা ও উন্নয়নের ধারা নিশ্চিত হবে।

    তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার। তাই জনগণের প্রত্যাশা পূরণে আদর্শিক, স্বচ্ছ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সোনারগাঁ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম খন্দকারের সঞ্চালনায় এবং পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জহিরুল ইসলাম জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সাথে গণসংযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার, তরুণ ভোটারদের সম্পৃক্তকরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এ সময় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও বাড়ানো হবে। পাশাপাশি জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাজী মো. শাহজালাল, জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ওমর ফারুক, ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আখিরুজ্জামান, ৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম, ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ, ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আওলাদ হোসেন, জামায়াত নেতা আক্তার হোসেন, আবু ইসলাম, ইতালি প্রবাসী মামুনুর রশিদ ও ফ্রান্স প্রবাসী নূরে আলম প্রমুখ।

    শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে গৃহবধূ তৃষার মৃত্যুর ঘটনায় স্বামীর বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

    সোনারগাঁয়ে গৃহবধূ তৃষার মৃত্যুর ঘটনায় স্বামীর বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

    গৃহবধূ তৃষার মৃত্যুর ঘটনায় স্বামীর বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় গৃহবধূ তৃষা (২২) আত্মহত্যার ঘটনায় তার স্বামী সোহাগ মিয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে ভাদুড়ীকান্দী গ্রামে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    এর আগে রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় নিজ বাড়িতে তৃষার মৃত্যুর ঘটনা ঘটে।
    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার আরজু মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে বোনের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর তৃষার ননদ তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
    খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
    এদিকে তৃষার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে তৃষার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং তার স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, “খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
    ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

    সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে তৃষা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
    রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার আরজু মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে বোনের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এর কিছু সময় পর তৃষার ননদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
    খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, “খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
    এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।