Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় অবস্থিত একটি ফ্রেশ সল্ট কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ওই প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
    সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

  • বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ

    বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ

    বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ
    নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
    নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহকর্মীকে ধর্ষণের পর বিচার চাইতে গেলে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
    ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারী জানান, তার স্বামী মোশাররফ হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রামে। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা মদনপুর এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন। আর্থিক সংকটের কারণে তিনি আশপাশের কয়েকটি বাসায় গৃহকর্মীর কাজ করেন এবং কিছুদিন ধরে বাড়িওয়ালার বাসাতেও কাজ করছিলেন।
    অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া তাকে ফোন করে দ্রুত কাজে যেতে বলেন। বাসায় গিয়ে তিনি দেখতে পান, বাড়িতে অন্য কেউ নেই। পরে তিনি রান্নাঘরে কাজ করার সময় বাবুল মিয়া তাকে ডেকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    পরে ভুক্তভোগী নারী বিষয়টি বাড়িওয়ালার স্ত্রী রোজিনা বেগমকে জানিয়ে বিচার দাবি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, উল্টো তারা দুজন মিলে তাকে হুমকি দেন এবং তার মাথার চুল কেটে দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীর ক্ষতি করারও হুমকি দেওয়া হয়।
    এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্তের জন্য ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাঁচপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে ডিসি

    কাঁচপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে ডিসি

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুরসহ বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলমান এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।

    এসময় কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

    পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও যাচাই করেন।

    তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করে দেন।

    এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান পাবলিক পরীক্ষাগুলো নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এতে করে শিক্ষার্থীরা একটি স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
    জানা যায়, আজ ভোর প্রায় ছয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সুরা সদস্য ড. প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ভুঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সোনারগাঁয়ে ভুল প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন  কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

    সোনারগাঁয়ে ভুল প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন  কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে পুরাতন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পুরাতন প্রশ্নপত্রে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন।
    পরে পরীক্ষার্থীদের ১২৫ মিনিট পর নতুন সিলেবাস অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময়ও প্রদান করা হয়।
    ঘটনার পরপরই কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে কেন্দ্রের ১১ জন কক্ষ পরিদর্শককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
    অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন—শিউলী আক্তার, ফারজানা হোসেন স্বপ্না, মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান, ছানোয়ার বেগম, আব্দুল হামিদ, সুমাইয়া আক্তার, মোশারফ হোসেন, বদরুন নাহার ইভা ও মনিরুজ্জামান।
    এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ইতোমধ্যে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন

    সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. মোঃ মোজাম্মেল হক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে তাঁকে এই ডিগ্রি প্রদান করা হয়।
    তাঁর গবেষণার বিষয় ছিল “Investigation of Pre-monsoon Thunderstorms Characteristics over Bangladesh Based on Sensitivity of WRF Model Physics Schemes”। গবেষণায় প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডুয়েটের অধ্যাপক ড. সৈয়দ জামাল আহমেদ। সহ-তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক এবং জাপানের Kagawa University-এর অধ্যাপক ড. তরু তেরাও।
    এই অর্জনে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ড. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। এ সময় শিক্ষক পরিষদের সদস্যসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বলেন, এ ধরনের উচ্চতর গবেষণা কলেজের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী হতে উৎসাহিত করবে।
    সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তে জানা যায়, ড. মোজাম্মেল হক ২০১৬ সালে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালের ২ জুলাই ২৪তম বিসিএসের মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা এবং একটি কারিগরি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
    ১৯৭৫ সালে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করা ড. মোজাম্মেল হক মোহাম্মদ মোবারক হোসেন ও সালেহা বেগমের সন্তান। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

  • সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে মেম্বার পদপ্রার্থী মোশারফ প্রধানের উদ্যোগে একদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

    সোনারগাঁয়ে’র শম্ভুপুরা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর ব্যবস্থাপনা একদিন ব্যাপি বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    ২২ এপ্রিল(মঙ্গলবার)সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা’র শম্ভুপুরা ইউনিয়ন রামগোবিন্দের গাঁও গ্রামে পরিচালিত হয়।

    হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর আয়োজনে গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

    ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাহাল মোস্তাক খান(অর্ণব) সকাল থেকেই উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান।
    বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

    ইউনিয়নের স্থানীয় লোকজন এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান,স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

    উপস্থিত স্থানীয়দের মধ্যে মোঃ মফিজ উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবা এক মহতী উদ্যোগ।

  • এসএসসি ২০২৬ সোনারগাঁয়ে পুরাতন প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন

    এসএসসি ২০২৬ সোনারগাঁয়ে পুরাতন প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর এসএসসি বাংলা পরীক্ষা গ্রহন করা হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিবাভকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর হস্তক্ষেপে পরীক্ষা বন্ধ করে নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করে পূনরায় পরীক্ষা নেয়া হয়েছে।
    ওই কেন্দ্রের ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় মোট ৩টি কক্ষে ১৭৭জন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই পরীক্ষার্থীরা দেখতে পায় তাদেরকে যে প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্ন।
    বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরতদের অবগত করলে তারা বিষয়টি সমাধান করছে বলে সময়ক্ষেপন করেন। পরে প্রায় ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে পুরাতন সিলেবাসের প্রশ্ন তুলে নেয়া হয়। পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়।
    এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ আমাদেরকে সময় বাড়িয়ে দিলেও যারা কক্ষ পরিদর্শক ছিলেন তারা সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে গেছেন।
    বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যদি পরীক্ষার এ সমস্যার কারণে পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পরে তাহলে এ দায় কেন্দ্র সচিবকেই নিতে হবে।
    পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদেরকে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। এবং চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাদেরকে ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেন। এবং পরীক্ষা সম্পন্ন করেন।
    এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেয়া হয়েছিল। বিষয়টি জানতে  পেরে ঢাকা বোর্ডর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হয়েছে। ওই পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত সুষ্ঠূভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে।
    কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার জানান, এটা ভুলবশত হয়েছে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হয়েছে।

  • এসএসসি পরীক্ষায় অভিভাবকদের পাশে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল, পানি বিতরণ কর্মসূচি

    এসএসসি পরীক্ষায় অভিভাবকদের পাশে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল, পানি বিতরণ কর্মসূচি

    নিউজ সোনারগাঁ : এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল। তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের কষ্ট লাঘবে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
    আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন আজমাইন আহম্মেদ শাকিল।
    এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জানান, প্রচণ্ড গরমে অনেক অভিভাবক দীর্ঘ সময় না খেয়ে ও পানির অভাবে কষ্ট পান। তাদের কথা চিন্তা করেই এ সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
    উক্ত কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

  • সোনারগাঁয়ে খেলারত অবস্থায় নিখোঁজ দুই শিশু ভাই, পরিবারে উৎকণ্ঠা

    সোনারগাঁয়ে খেলারত অবস্থায় নিখোঁজ দুই শিশু ভাই, পরিবারে উৎকণ্ঠা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুবায়ের (১০) ও জুনায়েত (৭) নামের আপন দুই ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
    জানা যায়, নিখোঁজ দুই শিশু সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মাদ্রাসার শিক্ষার্থী। তাদের বাড়ি সোনারগাঁ পৌরসভার গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার (২১ এপ্রিল) মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পর বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল তারা। এক পর্যায়ে সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দুই ভাই।
    পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো তাদের সন্ধান মেলেনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অনেকে খোঁজাখুঁজিতে অংশ নেন।
    এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
    যোগাযোগ: ০১৯৩০৪৯৫৯৩৪ / ০১৯৫৬০১৭২১৩
    এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

  • টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

    সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় প্রতাপেরচর কমিনিউটিকে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, হাম-রুবেলা সহ প্রতিটি টিকাদান কর্মসূচি আমাদের সন্তানদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। তাই কোনো শিশুকে যেন এই কর্মসূচির বাইরে রাখা না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

    সোনারগাঁ উপজেলায় ২০ দিনে সর্বমোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • বৈদ্যেবাজারে সন্ধ্যার থেকে শুরু হয় ইয়াবা বেচাকেনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    বৈদ্যেবাজারে সন্ধ্যার থেকে শুরু হয় ইয়াবা বেচাকেনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    সফিকুল ইসলাম ইমাম, নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের একাধিক এলাকায় সন্ধ্যার পর ইয়াবা বেচাকেনা ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
    অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের সুনামই বাজার, আমান গেইট সংলগ্ন ব্রিজের পশ্চিম পার, হামছাদী বকুলতলা, বৈদ্যের বাজার রিফুজি গুচ্ছপাড়া, মামরকপুরের আক্রা, ছনপাড়া আশ্রয়ন প্রকল্প, দামোদরদী, ঈদগাঁ, খংসদরদী আমিরা বস্তি, দক্ষিণ দামোদরদী জেলে পাড়া এবং পশ্চিম দামোদরদীর মতির ইরি স্কিম ব্লকসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামলেই ইয়াবা কেনাবেচা শুরু হয়।
    স্থানীয়দের দাবি, এসব এলাকায় ক্রেতা-বিক্রেতাদের প্রকাশ্য আনাগোনা চলে এবং কিছু কিছু স্থানে নিয়মিত মাদকের আসর বসে। বিশেষ করে আমিরা বস্তিতে জোয়ারের মতো মাদকসেবীদের জমায়েত লক্ষ্য করা যায় বলে অভিযোগ রয়েছে।
    ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্রের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসা দিন দিন বিস্তার লাভ করছে।
    এ অবস্থায় এলাকার সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা বলেন, মাদকের ভয়াবহ প্রভাব থেকে যুব ও কিশোর সমাজকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
    বৈদ্যের বাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে।

  • সোনারগাঁয়ে ৩ কোটি টাকার জাটকা ও চিংড়ি রেনু ও

    সোনারগাঁয়ে ৩ কোটি টাকার জাটকা ও চিংড়ি রেনু ও

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেনু জব্দ করেছে কোস্ট গার্ড।

    আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

    গত শনিবার রাতে উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়।

    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নোয়াখালী হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২,২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

    পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

  • সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে অভিযান: লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

    সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে অভিযান: লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে পুলিশের বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কোনো আসামিকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
    পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলের গাড়ির বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শিবপুর সার্কেলের এসপি সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এবং সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
    অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে গত ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
    এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ), সাং-হামছাদি গ্রামের নাম উল্লেখ করেছে পুলিশ।
    সার্কেল এসপি সালাউদ্দিন কাদের বলেন, “ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
    এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোন আটক

    সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেটসহ ভাই-বোন আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ এক ভাই ও বোনকে আটক করেছে তালতলা বাজার তদন্ত কেন্দ্র পুলিশ।
    শনিবার পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর সংলগ্ন ভারগা ও নাওরা ভিডা এলাকায় অভিযান চালানো হয়। তালতলা বাজার তদন্ত কেন্দ্র পুলিশের এসআই মামুনুর রশিদ ও এএসআই নাসিরের নেতৃত্বে একটি চৌকস দল দীর্ঘ সময় নজরদারির পর সন্দেহভাজন দুইজনকে আটক করে।
    আটককৃতরা হলেন—মো. সেলিম (২৩) ও তার বোন মোছা. ছনিয়া আক্তার (২৮)। তারা স্থানীয় বাসিন্দা আমির হোসেনের সন্তান বলে জানা গেছে।
    পুলিশ জানায়, আটক দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
    পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
    এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

  • সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ সরকার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য নাসির উদ্দীন, আল মামুনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
    তিনি আরও বলেন, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। যত বেশি পরিশ্রম করবে, তত ভালো ফলাফল অর্জন সম্ভব। শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভবিষ্যতে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দেন।
    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।