Category: সর্বশেষ

  • সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি: গিয়াসউদ্দিন

    সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি: গিয়াসউদ্দিন

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি। আমি তাদের সম্মান রাখব।”

    রবিবার (২২ জুন) দুপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ প্রধান।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের। দেশবাসী নির্বাচন চায়, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত। আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে।”

    তিনি আরও বলেন, “সোনারগাঁওয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেওয়া হচ্ছে না—এটি ঠিক নয়। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তারা সবাই সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

    মনোনয়ন প্রসঙ্গে গিয়াস উদ্দিন বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায় না। এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁওয়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তার যথাযথ মূল্য দেব।”

    অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন।
    এছাড়াও উপস্থিত ছিলেন:

    • নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল
    • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম
    • সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন
    • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল
    • নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী
    • সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন
    • সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার
    • সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন

    এছাড়াও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • “সামাজিক জীবনে উন্নতি ও শান্তি প্রতিষ্ঠায় পরামর্শের তাৎপর্য”  মোঃ মহসীন কবীর

    “সামাজিক জীবনে উন্নতি ও শান্তি প্রতিষ্ঠায় পরামর্শের তাৎপর্য” মোঃ মহসীন কবীর

    ইসলামের ইতিহাস ও নবী মহুাম্মদ (সা.) এর জীবনী/ অধ্যয়ন করলে দেখা যায়, পরামর্শ গ্রহণ এবং পরামর্শ প্রদানের গুরুত্ব কতটা ছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন “এবং যারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ করে ” সূরা আল-শুরা (৪২:৩৮)

    এই আয়াতে আল্লাহ বলেন, মুমিনেরা তাদের কাজকর্ম নিজেদের মধ্যে পরামর্শ করে ঠিক করে নেয়। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুরা বা পরামর্শের গুরুত্ব অনেক বেশি ।
    নবীজির জীবনে পরামর্শ কেবলমাত্র একটি সামাজিক রীতি নীতি ছিলনা, বরং তা ছিল সঠিক সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম। পরামর্শের মাধ্যমে নবীজি র নেতৃত্ব ও মিশনের উন্নয়ন ঘটে এবং ইসলামের সুসংহত ভিত্তি গড়ে ওঠে । নবীজি সাহবী (রাঃ) গনকে নিয়ে ও পরামর্শ করতেন। সাহাবী (রাঃ)’গন বলতে বাধ্য হতেন যে , হুযুর (সাঃ) এর মতো এতো মাশোয়ারা বা পরামর্শ করতে আর কাউকে দেখিনি ।
    প্রথমত, নবীজির জীবনে পরামর্শের গুরুত্বের মলূ কারণ ছিল সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন। নবী (সা.) সর্বদাই আল্লাহর নির্দেশনা অনসুরণ করলেও, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সাহাবাদের মতামত গ্রহণ করতেন। এটি ছিল এক ধরনের দলগত চিন্তা-ভাবনা, যা ভুলের সম্ভাবনা কমায় এবং সঠিক পথ অনসুরণের সহায়ক হয়। উদাহরণস্বরূপ, খলিফা হিজরত মদিনায় মহান যুদ্ধে যখন দুশ্চিন্তায় পড়েন, তখন সাহাবাদের পরামর্শ গ্রহণ করে কৌশল নির্ধারণ করতেন। এতে তার নেতৃত্ব শক্তিশালী ও কার্যকর হয়।
    দ্বিতীয়ত, নবীজির জীবনে পরামর্শ ছিল সততা ও বিনিময়ের মাধ্যম। পরামর্শদাতারা তার সাথে খোলামেলা আলোচনা করতেন এবং নবী (সা.) তাদের মতামত শ্রবণ করতেন। এতে একটি বিশ্বাসের পরিবেশ তৈরি হতো যা সামগ্রিক সামাজি ক ঐক্যের জন্ম দেয়। এমনকি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়ও নবী সাহাবাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতেন, যা দলের সকল সদস্যকে সম্মানিত ও সুরক্ষিত বোধ করতো। এটি পরামর্শের মাধ্যমে নেতৃত্বের গণতন্ত্রও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে ।
    তৃতীয়ত, পরামর্শ নবীজির জীবনে সমস্যা সমাধানে র একটি কার্যকর উপায় ছি ল। নবী (সা.) যেখানেই সমস্যার সম্মুখীন হতেন, যেমন কুরাইশদের বিরোধ, মদিনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা যুদ্ধকালীন সংকট, তিনি সব সময় সাহাবাদের সাথে আলোচনা করতেন। এক্ষেত্রে পরামর্শ ছিল সমস্যা বিশ্লেষণ ও সমাধানের পথ উদঘাটনের অন্যতম মাধ্যম। এতে শুধুমাত্র মহুাম্মদ (সা.)র ব্যক্তিগত জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে সম্পুর্ণ সমাজের বদ্ধিুদ্ধিমত্তা কাজে লাগানো সহজ হতো।
    চতুর্থত, পরামর্শ নবীজির জীবনে নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার ছিল। নবী (সা.) নিজে একজন প্রাজ্ঞ ও দরূদর্শী নেতা হলেও, তিনি বঝুতে পারতেন একা নেতৃত্ব দেয়া যথেষ্ট নয়।
    বিভিন্ন সময় সাহাবাদের পরামর্শ গ্রহণ করে তিনি আরও উন্নত ও ফলপ্রসূনীতি গ্রহণ করতে ন।
    এটি নবীজির নেতৃত্বকে সময়োপযোগী, কার্যকর এবং মানবিক করে তুলত। অবশেষে, নবীজির জীবনে পরামর্শের মাধ্যমে ইসলামের সুশাসন ও সমাজ ব্যবস্থার ভিত্তি মজবতু হয়। পরামর্শ গ্রহণের মাধ্যমে নবীজির নেতৃত্বে দলগত ঐক্য সৃষ্টি হয়েছিল এবং কঠিন সময়ে সাহাবারা একযোগে কাজ করতে পারত। এভাবেই নবীজির পরামর্শ গ্রহণের সংস্কৃতি ইসলামের ইতিহাসে এক মহৎ দৃষ্টান্ত হয়ে আছে ।
    সংক্ষেপে বলা যায়, নবীজির জীবনে পরামর্শ ছিল সফল নেতৃত্ব, সম্মিলিত বদ্ধিুদ্ধিমত্তা, সমস্যার সমাধান এবং সমাজের ঐক্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি দেখিয়েছেন যে নেতৃত্ব মানেই একক সিদ্ধান্ত নয়, বরং পরামর্শ গ্রহণের মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণের নাম। তাই বর্তমান যুগে ও আমরা নবীজির পরামর্শ গ্রহণের ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলগত চিন্তাভাবনা ও মতবিনিময়কে গুরুত্ব দেয়া উচিত। এতে ব্যক্তি গত এবং সামাজিক জীবনে উন্নতি এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
    লেখক পরিচিতি :-
    মোঃ মহসীন কবীর,
    সহকারী ম্যানেজার (অবঃ), সাধারণ বীমা কর্পোরেশনের (সাবীক), অর্থ মন্ত্রণালয়াধীন, ঢাকা।

  • দিনভর বিএনপির দুই গ্রুপের অস্ত্রের মহড়া, সন্ধ্যার পর দুইজন খুন

    দিনভর বিএনপির দুই গ্রুপের অস্ত্রের মহড়া, সন্ধ্যার পর দুইজন খুন

    নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির দুপক্ষের বিরোধের জেরে দিনভর দেশীয় অস্ত্রের মহড়া শেষে সন্ধ্যার পর এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

    শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় ও গভীর রাতে সিরাজউদ্দৌলা ক্লাবের সামনে ঘটনা দুটি ঘটে।

    নিহত আব্দুল কুদ্দুস (৬০) বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে ও নিহত মেহেদী সালেহ নগর এলাকার জলিল মুন্সির ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড নিয়ে গত কয়েকদিন ধরে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশার অনুসারী রনি-জাফর গ্রুপের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা হান্নান সরকারের অনুসারী বাবু-মেহেদীর বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন আহত হয়। সেই বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাবু-মেহেদী গ্রুপের লোকজন রনি-জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে নিহতের স্বজন ও রনি-জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    শনিবার রাতে রনি-জাফর সমর্থকদের ওপর হামলা চালায় বাবু-মেহেদী গ্রুপ। এ সময় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপযার্য়ে পান দোকানি কুদ্দুসকে মেহেদীর লোকজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    রাত সাড়ে ১১টার দিকে সিরাজুদ্দৌলার ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার লোকজন যাচ্ছিল। ওই সময় রনি-জাফর গ্রুপের লোকজন তাদেরকে ধাওয়া দেয়ে। একপর্যায়ে মেহেদীকে ধরে ফেলে তারা। তাকে মারধর ও ছুরিকাঘাতে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মাত্র চার ঘণ্টার ব্যবধানে উভয় পক্ষের দুজন নিহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

    বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে  কুদ্দুস ও মেহেদী  নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

  • সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে।

    শনিবার (২১ জুন) দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

     

     

    অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের কথা বললে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে কৌশলে তাকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেন  শিশির। বিষয়টি নিয়ে অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

     

     

    অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

    অভিযুক্তের বাবা কমল হালদার বলেন, ‘অভিযোগের বিষয়টি সত্য নয়।’

     

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

     

  • সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক

    সোনারগাঁ প্রতিনিধি:

    জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদি গ্রামে ওয়ার্ডভিত্তিক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জাতীয় রাজনীতি, স্থানীয় সমস্যাবলী এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরব অংশগ্রহণ করেন।

    বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের সক্রিয় সংগঠক শাকিল সাইফুল্লাহখন্দকার পনির

    বক্তারা বলেন,

    “মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতিই আমাদের লক্ষ্য। জনগণের ঘরে ঘরে গিয়ে কথা বলা, তাদের দুঃখ-কষ্ট বোঝা, এবং একটি বিকল্প রাজনৈতিক পথ গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর।”

    তারা আরও জানান, জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও দাবি আদায়ের সংগ্রামে মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

    বৈঠকে স্থানীয়দের বিভিন্ন মতামত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সোনারগাঁয়ে আরো ব্যাপকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

    সংগঠনের মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ বলেন,

    “আমরা বিশ্বাস করি, গণমুখী রাজনীতি শুধু বক্তৃতা বা পোস্টারে সীমাবদ্ধ নয়—বরং জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোই এর মূল ভিত্তি। এনসিপি সেই রাজনীতির ধারা গড়তে চায়।”

  • সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিউদ্দিনের পদত্যাগ

    সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিউদ্দিনের পদত্যাগ

    সোনারগাঁ, শুক্রবার:

    সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম পদত্যাগ করেছেন। শুক্রবার জাতীয় পার্টির অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।

    সফিকুল ইসলাম একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। দলের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার পর তিনি পদত্যাগ করলেন, তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি।

    তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সফিকুল ইসলাম জাতীয় পার্টির শাসনামলে বিভিন্ন সুবিধা ভোগ করার পর বর্তমানে নতুন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র অনুযায়ী, তিনি ইতোমধ্যে বিএনপির সদস্যপদ লাভের জন্য ফরম সংগ্রহ করবেন।

    সফিকুল ইসলাম একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।

  • সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

    সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার ১৯জুন রাত দেড়টায় রূপগঞ্জ থানার উত্তর মোগরাজুল তারাবো এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৯ জুন সকালে র‌্যাব-১১ এর এপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    হত্যায় জড়িত আসামি রূপগঞ্জের বরাবো এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ছেলে আল ইসলাম (৪০)।

    র‌্যাব জানায়, ১৭ জুন রোববার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

    ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। এরই ধারাবাহিকতা বুধবার রাতেও প্রযুক্তির সহায়তায় সংঘটিত হত্যায় জড়িত এই আসামিকেও করতে সক্ষম হোন। উক্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত হত্যায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।

    মৃত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • আওয়ামী লীগ নেতা এখন বিএনপির নেতৃত্বে: সোনারগাঁয়ে শ্রমিক দলের কমিটিতে নিয়ে ক্ষোভ তৃণমূলে

    আওয়ামী লীগ নেতা এখন বিএনপির নেতৃত্বে: সোনারগাঁয়ে শ্রমিক দলের কমিটিতে নিয়ে ক্ষোভ তৃণমূলে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন শ্রমিক দলের নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে আলোচনার জন্ম দিয়েছেন মো. মোস্তফা মোল্লা নামক এক নেতা, যিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাকে শ্রমিক দলের কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জানা গেছে, মোস্তফা মোল্লা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতায় জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তার প্রত্যক্ষ ভূমিকার কারণে অনেক বিএনপি নেতাকর্মীকে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছিল। এমনকি অনেকে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন।

    স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, একজন প্রাক্তন আওয়ামী লীগ নেতাকে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের গুরুত্বপূর্ণ একটি ইউনিটে সদস্য করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রতি চরম অবহেলা ও অবজ্ঞার সামিল। এতে করে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

    তারা আরও অভিযোগ করেন, কমিটি গঠনে স্বচ্ছতা উপেক্ষিত হয়েছে এবং আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন পরিচিত আওয়ামী লীগ নেতা কীভাবে বিএনপির শ্রমিক দলের সদস্য পদে স্থান পান?

    এদিকে, সোনারগাঁ থানা বিএরপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোন কর্মীকে বিএনপিতে জায়গা না দেয়ার জন্য বক্তব্য দিয়ে আসলেও তার কর্মীরাই আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে পদাথিকার দিয়ে আসছে বলে জানান তৃনমূল বিএনপির নেতাকর্মীরা।

    গত ২৭ মে সাদীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রকাশিত হয়।

    এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যদি এমন অযাচিতভাবে আওয়ামী লীগের লোকজনকে দলের নেতৃত্বে আনা হয়, তবে ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে।”

    তারা অনতিবিলম্বে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

  • সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় শান্ত বহিষ্কার

    সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় শান্ত বহিষ্কার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। এছাড়া শান্তর সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার ১৭জুন স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করা হয়। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

    জানা গেছে গত ১২ জুন সোনারগাঁয়ে রিপন (২৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান এর বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসামি রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

    জানা গেছে, আসামি রিপনকে গ্রেফতার করার পর থানায় নিয়ে যাওয়ার সময়ে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান দলবল নিয়ে পুলিশের কাজে বাঁধা দেন। এক পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতকড়া লাগানো আসামিকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং পুলিশের উপর চড়াও হন।

    ঘটনার সত্যতা জানতে চাইলে সোনারগাঁ তালতলা তদন্তকেন্দ্রের (এএসআই) সেলিম মিয়া জানান, বেশ কিছুমাস পূর্বে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় মামলার আসামি রিপন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমি বৃহস্পতিবার গোপন সংবাদের তথ্যে তাকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান তার দলবল নিয়ে আমাকে বাঁধা দেন। সে বারংবার বলছিল আমরা বিএনপির লোক। তারা উত্তেজিত অবস্থায় ছিল। ঘটনাস্থলে আমারা দু’জন পুলিশ সদস্য ছিলাম। একপর্যায়ে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয়।

  • টাকার বিনিময়ে এতো দিনের অর্জন বিক্রি করবেন না. অধ্যাপক মামুন মাহমুদ

    টাকার বিনিময়ে এতো দিনের অর্জন বিক্রি করবেন না. অধ্যাপক মামুন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে কোনো ফ্যাসিবাদ যেনো বিএনপির সদস্য হতে না পারে। অনেক দোসর আছে যারা ৫ আগষ্টের পর বিএনপির ট্যাগ লাগিয়েছে। এদের মধ্যে অনেকেই লক্ষ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে।স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই ‘লক্ষ টাকার লোভে পড়ে কেউ ৩০ বছর কিংবা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিবেন না৷’ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

     

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

    অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এ সদস্য সংগ্রহ ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষর রয়েছে তাই সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলবো কোনো আ’লীগ,জাতীয়পার্টি কিংবা সুবিধাবাদীদের এ ফরম দেয়া যাবে না তাদের অন্তর্ভুক্ত করা যাবেনা। তাহলে আমাদের নেত্রী যে ৬ বছর কারাভোগ করেছে তার সেই ত্যাগের সাথে বেঈমানী করা হবে৷ আশা করি এমন ব্যাক্তির নাম অন্তর্ভুক্ত হবে না যারা আমাদের নেতাকর্মী উপর জুলুম করেছে,মিথ্যা মামলা দিয়েছে, নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে তাদের কোনো নাম অন্তর্ভুক্ত হবে না। এই পবিত্র দায়িত্ব আপনাদের দেয়া হলো। তবে একটু জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে যদি এই ফরমে ফ্যাসিবাদের কোনো নাম থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হবে।

     

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি শাহজাহান মিয়া,রফিকুল ইসলামবিডিআর ,মুজাহিদ মল্লিক,তাজুল ইসলাম সরকার,সেলিম হক রুমি, আতাউর রহমান,হুমায়ুন কবির রফিক, সাদিকুর রহমান সেন্টু,কাউসার আহমেদ প্রমুখ।

    আলোচনা শেষে উৎসবমূখর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সদস্য সংগ্রহের বই বিতরণ করা হয়।

  • বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সোনারগাঁও পৌরসভা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (১৮ মে) তার স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    পদত্যাগ পত্রে তিনি লিখেন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিক দলের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে বহু ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য বহন করেছেন তিনি। নিজ ভাষায়, “দলের জন্য নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও বিপদের সময় দলকে একা ফেলিনি।”

    তবে সাম্প্রতিক সময়ে দলের ভেতরে কিছু সুবিধাভোগী এবং হাইব্রিড নেতাদের কারণে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ত্যাগের মূল্য না পেয়ে আজ আমি অবহেলার পাত্র। তাই গভীর কষ্ট থেকে আমি বিএনপি দল থেকে পদত্যাগ করছি।”

    এই পদত্যাগে নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দল ও বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ নতুন করে সামনে এসেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

     

  • সোনারগাঁয়ে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই

    সোনারগাঁয়ে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই

    সোনারগাঁ :সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

    গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুল গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)। নিহত রতন (৪০) সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

    স্ত্রী ও সন্তান নিয়ে রূপগঞ্জের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

     

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে রতন (৩৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৭ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা খালপাড়ে মরদেহটি দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • সোনারগাঁয়ে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

    সোনারগাঁয়ে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

    পরিমল বিশ্বাস:
    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার, ১৫ জুন সকালে নোয়াগাঁও ইউনিয়নের বিষনন্দী বাজারে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে মাওলানা ওমর ফারুককে আহ্বায়ক, মাওলানা মোজ্জামেল হককে সদস্য সচিব এবং মাওলানা দেলোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোজ্জামেল হক।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন, যিনি নবঘোষিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান (উদ্বোধক), বিশেষ অতিথি হিসেবে, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভুইঁয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, ওলামা দল নেতৃবৃন্দ হাফেজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা শাহজালাল, আব্দুল মতিন, মুফতি জসিম উদ্দিন, মাসুদ প্রমুখ।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা দেশের সংকটে ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। সঠিক নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং দুঃসময়ে যারা কাজ করেছেন, তাদেরই সম্মান ও মূল্যায়ন করা হবে।”

    নবনির্বাচিত আহ্বায়ক মাওলানা ওমর ফারুক বলেন, “উপজেলার দায়িত্ব নিয়ে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নতুন কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ওলামা দলকে সুসংগঠিত করে তুলব। সকলের কাছে দোয়া চাই।”

     

  • সোনারগাঁয়ের সংসদ সদস্য প্রার্থী জামায়েত নেতার গণসংযোগ

    সোনারগাঁয়ের সংসদ সদস্য প্রার্থী জামায়েত নেতার গণসংযোগ

    রুহুল আমিন: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপিপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং এডুকেশন সোসাইটির সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ করেছেন।

    শনিবার (১৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও হতে হোসেনপুর বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

    গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

    তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।

    এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ উল্লাহ, জামায়াত নেতা ও সৌদি প্রবাসী মো. হোসেন, যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, জামায়াত নেতা ও ব্যবসায়ী শাহ আলম, রিজভীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল

    সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল

    শোক সংবাদ:

    সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লার মা হাজী সাফিয়া খাতুন (৯৮) আজ শনিবার ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তার নামাজের জানাযা আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।