Category: পৌরসভা

  • মুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চিলারবাগ এলাকায় সামাজিক সংগঠন মুক্ত ফাউন্ডেশন-এর উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
    বুধবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়।
    বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, লবণ, তেল, সেমাই, আলু ও পেঁয়াজ।
    সামগ্রী বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই মুক্ত ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
    এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন

  • সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) সোনারগাঁ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনারগাঁ রয়েল রিসোর্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার সিনিয়র আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ এর সঞ্চালনায় এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সোনারগাঁ থানা সেক্রেটারি মাওলানা ফারুক মুন্সি, বাংলাদেশ গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওবাইদুল কাদের নদভীসহ জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।

    এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    জামায়াত নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    এনসিপির কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, তরুণ সমাজকে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া করেন।
    ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • ব্যর্থ মামুন দাঁড়িপাল্লার জয়

    ব্যর্থ মামুন দাঁড়িপাল্লার জয়

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের পরিচিত বৃদ্ধিজীবী ও শিল্পপতি মামুন ভুইয়া নিজ কেন্দ্রেই কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হয়েছেন। গ্রামবাসী তার কথার পাশ কাটিয়ে নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করে নিজের সিদ্ধান্তে দাড়িপাল্লাকে জয়ী করেছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করলেও শেষ পর্যন্ত তার কেন্দ্রে জয়ী হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক।

    স্থানীয় সূত্র জানায়, ভোটের প্রায় এক সপ্তাহ আগে থেকেই মামুন ভুইয়া ব্যক্তিগতভাবে নির্বাচনী প্রচারে নামেন। কেন্দ্রভিত্তিক ভোটারদের সঙ্গে যোগাযোগ, উঠান বৈঠক ও নানা তৎপরতায় অংশ নেন তিনি। নির্বাচনের দিনও মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে প্রকাশ্যে ধানের শীষে ভোট চান। তবে এসব প্রচেষ্টা কোনো কাজে আসেনি।
    ফলাফল অনুযায়ী, তার নিজ কেন্দ্রেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স্পষ্ট ব্যবধানে জয় লাভ করেন। এতে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে যে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও বাস্তবে তার কথার প্রতিফলন ভোটের বাক্সে দেখা যায়নি।

    এলাকার কয়েকজন নেতা ও ভোটারদের ধারণা ছিল, মামুন ভুইয়া যে প্রার্থীর পক্ষে দাঁড়ান, সেই প্রার্থীই সুবিধা পান। এ কারণে অনেকেই তার সমর্থন পেতে আগ্রহী থাকতেন। তবে গোয়ালদী কেন্দ্রের ফলাফল সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে।

    স্থানীয়রা জানিয়েছেন, গোয়ালদীর মানুষ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে অভ্যস্ত। তারা কারো ব্যক্তিগত প্রভাব বা চাপিয়ে দেওয়া মতামতের ভিত্তিতে ভোট দেন না। অতীতের কয়েকটি নির্বাচনেও এর প্রমাণ মিলেছে।
    ভোটারদের ভাষ্য, “এখন আর কাউকে প্রভু মানার সময় নেই। যার যাকে ভালো লাগে, তাকেই ভোট দেয়।”
    সব মিলিয়ে, নিজ কেন্দ্রে পরাজয়ের মধ্য দিয়ে মামুন ভুইয়ার রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়।

  • সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের ব্যাপক শোডাউন

    সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের ব্যাপক শোডাউন

    রোববার বিকেলে সোনারগাঁ পৌর সভার তাজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গিয়াসউদ্দিন এর ফুটবল প্রতীকে মিছিল বের হয়। এ সময় মিছিলে অসংখ্য নারী সমর্থক অংশ নেন।
    বাদ্য বাজনা বাজিয়ে ফুটবলের পক্ষে ভোট চেয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানাম বাজারে গিয়ে শেষ হয়।
    মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি  নেতা সফিকুল ইসলাম নয়ন, এডভোকেট সাদ্দাম হোসেন, জোবায়ের হোসেন সৈকত, মো. আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মনির হোসেন, আবেদ মিয়া, মোজাম্মেল হোসেন প্রমূখ।

  • বুয়েট, কুয়েট ও রুয়েট সহ ৮ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলো সোনারগাঁ জি.আর এর মেধাবী শিক্ষার্থী রাকিবুল

    বুয়েট, কুয়েট ও রুয়েট সহ ৮ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলো সোনারগাঁ জি.আর এর মেধাবী শিক্ষার্থী রাকিবুল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র রাকিবুল ইসলাম দেশ সেরা ৮ প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এ সাফল্যে তার বাবা, মা, শিক্ষক ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাকিবুল ইসলাম সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এসএসসি ও  ২০২৫ সালে এইচএসসি সাফল্যের সাথে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করে।

    উক্ত প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে সদ্য এইচএসসি পাস করার পর দেশ
    সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৫২৫ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭৮৮তম,বুটেক্স এ ১৫৭ তম, কুয়েট এ ১০৭২ তম, রুয়েট এ ১৫৬১ তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩৭৫ তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬৮ তম, ও মেডিক্যাল এ ৬২.৫ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পায়।

    রাকিবুল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী পশ্চিম পাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে।

    রাকিবুল ইসলাম ইসলামের বড় ভাই সাকিবুল ইসলাম সবুজ জানান, তার ভাইয়ের সাফল্য তারা আনন্দিত ও উচ্ছ্বাসিত। সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশনের শিক্ষকদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন থেকে শিক্ষকরা  আগামীতেও এমন মেধাবী শিক্ষার্থী বের করে নিয়ে আসবেন এমন প্রত্যাশা সব সময়। পাশাপাশি এমন মেধা শিক্ষার্থীরা যাতে সাফল্যের পথে এগিয়ে যায় এমন প্রত্যাশা করেন।

    সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন জানান,  প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তারা শিক্ষার পরিবেশ পেলে আগামী দিনেও রাকিবের মতো শিক্ষার্থীরা দেশের সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবেন।

  • সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ

    সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন মাহবুবুর রহমান। গতকাল রোববার সকালে তিনি ব্যক্তিগত কারনে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন।
    জানা যায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২০সালে তৎকালীন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা তাকে জাতীয় পার্টিতে নিয়ে যান। সে সময় তাকে পৌরসভার ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক করা হয়। বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে এ পদে থাকতে আগ্রহী না হওয়ায় পদত্যাগ করেন।
    মাহবুবুর রহমান জানান, ব্যক্তিগত কারনে তিনি পদত্যাগ করেছেন। আগামীতে জাতীয় পার্টির সদস্যসহ সকল পদ থেকে তিনি পদত্যাগ করেন।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৩টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

    সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৩টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযানে তিনটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
    রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি, গেটের পূর্ব পাশে একটি, ঝাউচর বালুর মাঠের পাশে একটি চুনা কারখানা এবং একটি ঢালাই কারখানা ভেঙে দেওয়া হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। এ সময় তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার সুরঞ্জিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    চুনা কারখানাগুলো এক্সকেভেটরের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং পানি স্প্রে করা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ আছর তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আতারাব্বী জুয়েলের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলম, মো. রাছেল, সিরাজ, আলমাস, আব্দুল হাই, সজিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মন্টু, আল আমিন, আবু সাইদ, মাসুদ রানা, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, মনির হোসেন ও আবু তাহের।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আর্মী আলাউদ্দিন।
    দোয়া মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

  • সোনারগাঁয়ে বৈধ গ্যাস সংযোগ বন্ধ, জনদুর্ভোগে রাস্তায় গ্রাহকরা

    সোনারগাঁয়ে বৈধ গ্যাস সংযোগ বন্ধ, জনদুর্ভোগে রাস্তায় গ্রাহকরা

    নিউজ সোনারগাঁ : বৈধ গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় মোগরাপাড়া চৌরাস্তা টু উদ্ধবগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় গ্যাস গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

    জানা গেছে, গত দুই দিন ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হঠাৎ করে পৌরসভার উদ্ধবগঞ্জসহ কয়েকটি এলাকায় বৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। তবে সংযোগ বন্ধের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি তিতাস কর্তৃপক্ষ।

    ফলে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। গ্যাস না থাকায় কেউ অস্থায়ী চুলা বানিয়ে রান্না করছে, কেউ হোটেল থেকে কিনে খাবার খাচ্ছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

    এ বিষয়ে বৈধ গ্যাস গ্রাহক ফারুক আহমেদ বলেন, “দুই দিন ধরে গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে পরছিনা। পরিবার নিয়ে বহু কষ্ট করে দুই দিন পার করছি।  তিনি জানান, আমাদের গ্যাস সংযোগ বৈধ। প্রতি মাসে বিলও পরিশোধ করছি। এখন তিতাস নিজেদের ব্যর্থতা ডাকতে আমাদের বৈধ লাইন বন্ধ করে দিয়েছে। আমরা এখন  গ্রাহকরা রাস্তা অবরোধ করছি যতক্ষন পর্যন্ত গ্যাস আমাদের গ্যাস চালু না করবে ততক্ষন রাস্তা অবরোধ করে রাখবো।

    তিতাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউর আওয়ারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।”

    উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় তিতাস কর্তৃপক্ষ হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ করলে স্থানীয়দের আন্দোলনের মুখে তা পুনরায় চালু করা হয়েছিল। তবে এবারও কোনো নোটিশ ছাড়াই সংযোগ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

  • সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল

    সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় বিএনপির রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাগো দলের প্রতিষ্ঠা সদস্য, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, বিএনপি নেতা মহাসিন মিয়া, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম রহমান, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান ও জয়নাল, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা রাকিব, সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়াতুল্লাহ, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও শহিদুল, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতা সেলিম মাস্টার, ঢাকা মহানগর উত্তর জিসাসের সাধারণ সম্পাদক বেলাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মো. আশিকুর রহমান, সাবেক সদস্য মো. হানিফ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু এবং কাচপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা দুলাল সাঊদ প্রমুখ।

    লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। তারা সবাইকে এই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অফ ওয়ে কাজের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বিদ্যুৎ না থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো— উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, বাড়ি মজলিস, চিলারবাগ, পার্কের মোড়, কোম্পানীগঞ্জ, দৈলেরবাগ, হাতকোপা, মিন্দিভিটা, পৌর ভবনাথপুর, ভট্টপুর, ভবনাথপুর, রতনপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্ধর, উদ্ধবগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকা।

    এসময় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়, “রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।”

  • সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

    সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ শনিবার (৪ অক্টোবর) সোনারগাঁ থানায় স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ (৩২), শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ ও খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে স্মৃতি রানীর বিয়ে হয় সনজিৎ চন্দ্র বর্মণের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। পরিবারের পক্ষ থেকে তিন লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি দুই লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে।

    গত ২ অক্টোবর রাত ৯টার দিকে স্মৃতি রানী তার ভাইকে ফোনে জানান, যৌতুকের বাকি দুই লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরদিন সকালেও স্বামী সনজিৎ ফোনে ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়।

    শুক্রবার দুপুরে পরিবার খবর পায় যে স্মৃতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে তারা স্মৃতির মরদেহ দেখতে পান। তার গলায় শ্বাসরোধের দাগ ছিল বলে অভিযোগকারীর দাবি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

    নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বলেন, “আমার বোনকে যৌতুকের টাকার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

  • সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

    সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মণ্ডপে বেড়াতে এসে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

    নিহতের স্বজন অপু দাস জানান, সম্প্রতি পরিবারসহ সোনারগাঁয়ের কাবিলগঞ্জে পিসির বাড়িতে বেড়াতে আসে অভয়। সন্ধ্যায় সে পরিবার নিয়ে নিকটস্থ ঋষীপাড়া পূজা মণ্ডপে ঘুরতে বের হয়। এসময় একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয় দাসের মৃত্যু হয়।

    স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা হবে   –  গিয়াস উদ্দিন

    দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা হবে – গিয়াস উদ্দিন

    নিউজ সোনারগাঁ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজদের প্রতিহত করা হবে, যারা এ অপকর্মের সাথে  জড়িত আছেন সাবধান হয়ে যান নয়তো বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের প্রতিহত করা হবে।  বিএনপিকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব দিতে হবে। এ দলকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব না দিতে পারলে বিএনপির বদনাম হবে।

    শুক্রবার বিকেলে পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন।

     

     

    গিয়াসউদ্দিন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি এ আসনগুলোতে যাকে মনোনীত করবেন তাদের পক্ষেই কাজ করতে হয়ে। এখানে কোন ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে দলীয় প্রতীকে গুরুত্ব দিতে হবে।

     

    তিনিও একটি আসন থেকে মনোনয়ন চাইবেন। সোনারগাঁবাসীর দাবি প্রেক্ষিতি তিনি নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন। তাকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচিত হয়ে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজ করে যাবেন। সোনারগাঁকে তার পুরানো ঐতিহ্যের ফিরিয়ে আনা হবে। আমাদের সন্তানদের সু নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন করা হবে।

     

    তিনি আরো বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে গত ১৬ বছর আন্দোলন, সংগ্রাম করে বিএনপিকে সংগঠিত করে রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে হাসিনা সরকারের বিধস্ত বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে তার প্রতি আস্থা রাখার আহবান জানিয়েছেন।

     

     

    সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিরউদ্দিন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ পাপ্পু প্রমুখ।

  • সোনারগাঁয়ে হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চরম ভোগান্তি

    সোনারগাঁয়ে হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চরম ভোগান্তি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৌলরবাগ এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে এলাকার শতাধিক পরিবারের ঘরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন তারা।

    স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস না থাকায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরি করতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এতে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা।

    একজন বাসিন্দা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করা অমানবিক। অন্তত আগে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”

    এলাকাবাসীর অনেকে জানান, বিকেলে এ ঘটনায় তারা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।

    এদিকে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।

    অন্যদিকে, সোনারগাঁ জোনাল ম্যানেজার বলেন, পৌর এলাকার আশপাশে কোনো গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়নি। কী কারণে দৌলরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে—তা জানার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে গ্যাস সংযোগ চালু করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিশ প্রদান নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

  • জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

    জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে খাসনগর দিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েক শত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেয়।
    মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের খাসনগর দিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ মোট পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে ফলে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।
    স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে এতে তারা পানি–বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজকর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।
    এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
    এ ব্যাপারে  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।