Category: পৌরসভা

  • সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

    সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইসরাত জাহান রুবাইয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

    নিহত রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশের বিলে সাঁতার শিখতে যায়। একপর্যায়ে রুবাইয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর বিকেল পৌনে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

    বড় বোন ইভা আক্তার জানান, সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছিল রুবাইয়ার। সেই লক্ষ্যেই সে সাঁতার শিখতে চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

  • সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান রিপন (৩২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেম, পরকীয়ার প্রলোভন ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি রিপনের পরিবারকে জানানো হলে উল্টো ওই নারীকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়।

    ভুক্তভোগীর দাবি, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় নিজ বাড়ির সামনে রিপন তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রিপন তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মুখে লাগে, এতে তিনি রক্তাক্ত জখম হন।

    তিনি আরও জানান, এসময় চিৎকার করলে রিপন হুমকি দেয় যে, তার চাহিদা পূরণ না করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করা হবে।

    ঘটনার পর ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

    সোনারগাঁয়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

    সোনারগাঁয়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

    সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
    নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ওয়াক ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এর উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন, খাদিজা আক্তার, মো. রাশেদ, লেখক রোকেয়া আক্তার প্রমূখ।
    আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ্য থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা প্রত্যহ হাটার পরিবেশ পাচ্ছেনা। এজন্য প্রাচীন জনপদ পানামনগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশে ওয়াক ওয়ে নির্মাণ এবং মারিখালি নদীর উদ্ধবগঞ্জ শশ্নানঘাট থেকে দৈলেরবাগ এলাকায় পর্যন্ত ওয়াক ওয়ে নির্মাণের দাবী জানান।
    বক্তারা আরও বলেন, ওয়াক ওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে অন্যদিকে এ জলাশয়গুলো দখল মুক্ত থাকবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান 🔥

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান 🔥

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৫ হাজার ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার নয়াইল ও দুলালপুর এলাকার তিনটি স্পটে প্রায় ৮ কিলোমিটার জুড়ে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে একটি চুনা কারখানা ও তিনটি ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং তিতাসের সোনারগাঁ জোনের প্রকৌশলী শফিউল আওয়াল।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি অবৈধ সংযোগ উৎস থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করা হয়েছে। তারা আরও বলেন, “অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

  • ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসর রেখে গেছেন : সোনারগাঁয়ে জামায়াতের কর্মশালা

    ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসর রেখে গেছেন : সোনারগাঁয়ে জামায়াতের কর্মশালা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রব বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে দোসর রেখে গেছেন। নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে, জনগণের কাছে বারবার গিয়ে প্রার্থীকে পরিচিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্রে শক্তিশালী এজেন্ট টিম গঠন করতে হবে।”

    বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী বিরোধী নয়, দেশের এক নম্বর দল হিসেবে জনগণের ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”

    জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সোনারগাঁও আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া নির্বাচনী তৎপরতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কমিটি শক্তিশালীকরণ, গণসংযোগ ও ভোটার ক্যাম্পেইনের ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে সোনারগাঁওয়ের ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, কেন্দ্র কমিটির দায়িত্বশীলসহ কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত সেলিম মিয়াকে আর্থিক সহায়তা দিলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত সেলিম মিয়াকে আর্থিক সহায়তা দিলেন আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁও পৌরসভার বাসিন্দা সেলিম মিয়া গত বছরের জুলাই আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুরুতর আহত হন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসা ও পরিবারের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    বুধবার (২০ আগস্ট) বিকেলে আল মুজাহিদ মল্লিক আহত সেলিম মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

    এসময় সেলিম মিয়া বলেন, “গত বছর জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন আছি। আজ আল মুজাহিদ মল্লিক ভাই আমার খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করি।”

    আল মুজাহিদ মল্লিক বলেন, “জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা উচিত। সেলিম মিয়া আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর পরিবারের দেখভালের মতো আর কেউ নেই—বিষয়টি জানার পর আমি তাঁর চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ- বন্দর অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

    সকাল ৮টার দিকে কাঁচপুর থেকে মদনপুর হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত উভয় লেনে গাড়ির গতি থমকে যায়। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও যানজট দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের মতে, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

    ভুক্তভোগী যাত্রী আলী হোসেন মাহমুদ জানান, কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ যেতে তার দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। আরেক যাত্রী সাদ্দাম মিয়া জনি বলেন, “মোগড়াপাড়া যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কাঁচপুরেই আটকে আছি।”

    পান ব্যবসায়ী জব্বার মিয়া জানান, তারাবো থেকে কাঁচপুর আসতে যেখানে সাধারণত ১৫-২০ মিনিট লাগে, আজ সেখানে লেগেছে দেড় ঘণ্টা।

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “গত তিন দিন ধরে সড়ক সংস্কারের বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কাজ শুরু হয়নি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট রয়ে গেছে।”

  • সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন 

    সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন 

    নিউজ সোনারগাঁ: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব। শুক্রবার  (৮ আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে  এ মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের  নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, মো.কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান প্রমুখ।

    মানববন্ধনে ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন  বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

    সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

    যুগ্ম সম্পাদক রবিউল  হুসাইন বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কি হবে। সাংবাদিকের উপর হামলা ও হত্যাকান্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর হুমকি।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

     

     

  • পাওনা টাকা চাওয়ায় চাপাতি দিয়ে কোপ — সোনারগাঁ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

    পাওনা টাকা চাওয়ায় চাপাতি দিয়ে কোপ — সোনারগাঁ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

    নিউজ সোনারগাঁ ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেনের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সকালে পৌরসভার আদমপুর বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক তার বন্ধু মোক্তার হোসেনকে বাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে আক্রমণ করে। এতে মোক্তারের মাথায় গুরুতর আঘাত লাগে।

    জানা গেছে, অভিযুক্ত মোবারকের কাছে বন্ধু মোক্তার হোসেন ২ হাজার টাকা পেতেন। টাকা চাইলে নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান মোবারক। গত রবিবার মোক্তার মোবারকের দত্তপাড়া এলাকার বাড়িতে গিয়ে পাওনা টাকা চেয়ে কথা বলেন। মোবারককে না পেয়ে তার পরিবারের সদস্যদের কাছে টাকার বিষয়টি জানিয়ে ফিরে আসেন।

    এর জের ধরে পরদিন সকালে মোবারক প্রথমে মোক্তারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘরে ভাঙচুর চালায়। পরে আদমপুর বাজারে মোক্তারকে দেখে প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলা চালায়। এতে বাজারে উপস্থিত লোকজন মোবারককে ধরে পিটুনি দিয়ে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়।

    তবে অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা মোবারককে মোক্তারের বাড়িতে নিয়ে আটক করে রাখে। কিছুক্ষণ পর সুযোগ বুঝে মোবারক কৌশলে পালিয়ে যায়।

    এ বিষয়ে স্থানীয়রা জানান, উভয়েই মাদকসেবী এবং পূর্ব পরিচিত বন্ধু। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে এক কিলোমিটারে তিনটি অবৈধ ড্রেজার পাইপলাইন

    সোনারগাঁয়ে এক কিলোমিটারে তিনটি অবৈধ ড্রেজার পাইপলাইন

    সোনারগাঁয়ে এক কিলোমিটারে তিনটি অবৈধ ড্রেজার পাইপলাইন! প্রশাসনের চোখের সামনেই আইন লঙ্ঘন

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম সড়ক মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি এখন অবৈধ ড্রেজার পাইপলাইনের কবলে। মাত্র এক কিলোমিটার এলাকায় তিনটি স্থানে রাস্তা কেটে অবৈধভাবে বসানো হয়েছে বালুবাহী পাইপ, যা সম্পূর্ণ আইনবহির্ভূত এবং জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

    সরকারি অফিসের সামনেই পাইপলাইন!

    তথ্যানুসন্ধানে জানা গেছে, নিম্নোক্ত তিনটি স্থানে পাইপ বসানো হয়েছে—
    ১. সোনারগাঁ থানার সামনে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে
    ২. হাতকোপা এলাকায়, রাস্তার নিচ দিয়ে
    ৩. পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন, বৃহৎ পাইপলাইন স্থাপন

    স্থানীয়রা জানান, এসব পাইপলাইন সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের যাতায়াতে নিত্যদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    গুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পাশে রয়েছে—

    • সোনারগাঁ থানা
    • উপজেলা পরিষদ
    • এসিল্যান্ড অফিস
    • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
    • পল্লী বিদ্যুৎ অফিস
    • স্থানীয় আদালত
    • সাব-রেজিস্ট্রি অফিস
    • একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
    • ব্যাংকসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান

    নিম্নমানের রাস্তার কাজ, তদারকির অভাব

    রমজান মাসে শুরু হওয়া সড়ক সংস্কার কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, কাজের সঠিক তদারকি না থাকায় ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ্য করা যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে মুখ খুলছে না।

    আইনের দৃষ্টিতে এসব কার্যক্রম গুরুতর অপরাধ

    • দণ্ডবিধি ১৮৬০
      • ধারা ৪২৭: সরকারি সম্পত্তির ক্ষতি – ২ বছর জেল
      • ধারা ৪৩০: জনসাধারণের ব্যবহারের রাস্তায় ক্ষতি – ৫ বছর জেল
    • ভূমি ব্যবহার ও সংরক্ষণ আইন, ২০০১: সরকারি জমিতে অবৈধ কার্যক্রম – ২ বছর জেল বা মোটা অংকের জরিমানা
    • পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০): পরিবেশ ক্ষতির জন্য – ৫ লাখ টাকা জরিমানা বা জেল
    • সওজ নীতিমালা: অনুমতি ছাড়া রাস্তা কাটা সম্পূর্ণ অবৈধ, উচ্ছেদ ও ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে

    প্রশাসনের নীরবতায় প্রশ্ন জনমনে

    পাইপলাইন স্থাপন করা হয়েছে এমনকি থানার সামনে এবং এসিল্যান্ড অফিস সংলগ্ন এলাকাতেও, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর প্রশ্ন—এটা কি প্রশাসনিক ব্যর্থতা, না কি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব হচ্ছে?

    সংশ্লিষ্টদের বক্তব্য

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

    “সড়কে পাইপ বসানো নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ-এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

    এছাড়া সওজের নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার-এর সাথেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।


    জনদাবি:

    ✅ অবৈধ পাইপলাইন দ্রুত অপসারণ
    ✅ রাস্তা কাটা ও নিম্নমানের কাজের তদন্ত
    ✅ ঠিকাদার ও সওজ কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত
    ✅ জনসাধারণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত
    ✅ প্রশাসনের জোরালো ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ


    বর্তমানে এলাকাবাসীর প্রধান দাবি—আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা।
    প্রশাসনের নীরবতা দীর্ঘমেয়াদে জনজীবনকে ক্ষতিগ্রস্ত করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

    “আইন যদি সবার জন্য সমান হয়, তবে এই বেআইনি কাজের দায় কোনোভাবেই এড়ানো চলবে না”—মন্তব্য করেছেন এক স্থানীয় বাসিন্দা।

  • সোনারগাঁও পৌর বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম

    সোনারগাঁও পৌর বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম

    নিউজ সোনারগাঁ ::  নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    ৪ জুলাই, শুক্রবার সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

    • পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর
    • সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু
    • ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম প্রধান
    • বিএনপি নেতা হাজী শাহজালাল, বকুল সাহেব ও জাহের উদ্দিন
    • পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলন
    • ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন
    • পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন
    • বিএনপি নেতা রফিক ও সজিব
    • যুবদল নেতা মাসুদ, জামান ও শহিদ মিয়া প্রমুখ

    বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম দলের প্রতিটি স্তরে গণসংযোগ এবং ঐক্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে সদস্য ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

  • শ্বাশুড়ি হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

    শ্বাশুড়ি হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শ্বাসরোধে হত্যাকাণ্ড: প্রধান আসামি নান্টু গ্রেফতার

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১ জুলাই) রাতে সোনারগাঁওয়ের টিপরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নান্টু পুরান টিপরদীর কাজীবাড়ির মৃত কাজী আব্দুল কাশেমের ছেলে।

    র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সকালে সোনারগাঁওয়ের বস্তুল গ্রামে রাস্তার পাশ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন বিকেলে নান্টু তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সন্ধ্যায় ফাতেমার খোঁজ না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।

    তদন্তে উঠে আসে, এনজিওর ঋণের জামিনদার ছিলেন ফাতেমা বেগম। সেই ঋণ মওকুফের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় নান্টু। ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২১, তারিখ: ২৩/৯/২৪, ধারা: ৩০২/২০১/৩৪)।

    গ্রেফতারকৃত নান্টুকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক

    সোনারগাঁ প্রতিনিধি:

    জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদি গ্রামে ওয়ার্ডভিত্তিক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জাতীয় রাজনীতি, স্থানীয় সমস্যাবলী এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরব অংশগ্রহণ করেন।

    বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের সক্রিয় সংগঠক শাকিল সাইফুল্লাহখন্দকার পনির

    বক্তারা বলেন,

    “মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতিই আমাদের লক্ষ্য। জনগণের ঘরে ঘরে গিয়ে কথা বলা, তাদের দুঃখ-কষ্ট বোঝা, এবং একটি বিকল্প রাজনৈতিক পথ গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর।”

    তারা আরও জানান, জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও দাবি আদায়ের সংগ্রামে মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

    বৈঠকে স্থানীয়দের বিভিন্ন মতামত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সোনারগাঁয়ে আরো ব্যাপকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

    সংগঠনের মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ বলেন,

    “আমরা বিশ্বাস করি, গণমুখী রাজনীতি শুধু বক্তৃতা বা পোস্টারে সীমাবদ্ধ নয়—বরং জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোই এর মূল ভিত্তি। এনসিপি সেই রাজনীতির ধারা গড়তে চায়।”

  • টাকার বিনিময়ে এতো দিনের অর্জন বিক্রি করবেন না. অধ্যাপক মামুন মাহমুদ

    টাকার বিনিময়ে এতো দিনের অর্জন বিক্রি করবেন না. অধ্যাপক মামুন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে কোনো ফ্যাসিবাদ যেনো বিএনপির সদস্য হতে না পারে। অনেক দোসর আছে যারা ৫ আগষ্টের পর বিএনপির ট্যাগ লাগিয়েছে। এদের মধ্যে অনেকেই লক্ষ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে।স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই ‘লক্ষ টাকার লোভে পড়ে কেউ ৩০ বছর কিংবা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিবেন না৷’ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

     

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

    অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এ সদস্য সংগ্রহ ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষর রয়েছে তাই সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলবো কোনো আ’লীগ,জাতীয়পার্টি কিংবা সুবিধাবাদীদের এ ফরম দেয়া যাবে না তাদের অন্তর্ভুক্ত করা যাবেনা। তাহলে আমাদের নেত্রী যে ৬ বছর কারাভোগ করেছে তার সেই ত্যাগের সাথে বেঈমানী করা হবে৷ আশা করি এমন ব্যাক্তির নাম অন্তর্ভুক্ত হবে না যারা আমাদের নেতাকর্মী উপর জুলুম করেছে,মিথ্যা মামলা দিয়েছে, নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে তাদের কোনো নাম অন্তর্ভুক্ত হবে না। এই পবিত্র দায়িত্ব আপনাদের দেয়া হলো। তবে একটু জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে যদি এই ফরমে ফ্যাসিবাদের কোনো নাম থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হবে।

     

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি শাহজাহান মিয়া,রফিকুল ইসলামবিডিআর ,মুজাহিদ মল্লিক,তাজুল ইসলাম সরকার,সেলিম হক রুমি, আতাউর রহমান,হুমায়ুন কবির রফিক, সাদিকুর রহমান সেন্টু,কাউসার আহমেদ প্রমুখ।

    আলোচনা শেষে উৎসবমূখর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সদস্য সংগ্রহের বই বিতরণ করা হয়।

  • বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সোনারগাঁও পৌরসভা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (১৮ মে) তার স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    পদত্যাগ পত্রে তিনি লিখেন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিক দলের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে বহু ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য বহন করেছেন তিনি। নিজ ভাষায়, “দলের জন্য নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও বিপদের সময় দলকে একা ফেলিনি।”

    তবে সাম্প্রতিক সময়ে দলের ভেতরে কিছু সুবিধাভোগী এবং হাইব্রিড নেতাদের কারণে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ত্যাগের মূল্য না পেয়ে আজ আমি অবহেলার পাত্র। তাই গভীর কষ্ট থেকে আমি বিএনপি দল থেকে পদত্যাগ করছি।”

    এই পদত্যাগে নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দল ও বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ নতুন করে সামনে এসেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

     

  • সোনারগাঁ থেকে গিয়াসউদ্দিনকে এমপি প্রার্থী করার দাবি

    সোনারগাঁ থেকে গিয়াসউদ্দিনকে এমপি প্রার্থী করার দাবি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

    শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

    সভায় গিয়াসউদ্দিন বলেন, “আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। সেই সুবাদে আমার রাজনীতির ক্ষেত্র পুরো বাংলাদেশ জুড়ে। সোনারগাঁয়ে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব রয়েছে। এখানকার মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এই আন্তরিকতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ।”

    তিনি বলেন, “২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। আবার সেই বিজয়ের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এ সময়ে দলের ভেতরে লোভী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনা।”

    সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, “আপনারা দাবি করেছেন আমি যেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে দাঁড়াই—আপনারা এ দাবি করতেই পারেন। তবে প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এবং সর্বোপরি আল্লাহর ফয়সালা। আমি চাই, সোনারগাঁয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠুক এবং বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ুক। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।”

    সভায় সোনারগাঁ বিএনপির শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।