Category: ইউনিয়ন

  • ত্বকী হত্যার ৬৫ মাস পূর্তি: ওসমান পরিবারকে মনোনয়ন না দেয়ার দাবি

    ত্বকী হত্যার ৬৫ মাস পূর্তি: ওসমান পরিবারকে মনোনয়ন না দেয়ার দাবি

    নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৬৫ মাস উপলক্ষে বুধবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে মোমশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।

    সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, খেলা ঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন প্রমুখ।

    নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাড়ে ৫ বছর যাবত ত্বকী হত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। প্রধানমন্ত্রী আপনি সংসদে দাড়িয়ে ঘাতক ওসমান পরিবারের পক্ষে থাকার ঘোষণা দেয়ার পর ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে গেছে। ভুল, চঞ্চল, আশিক, মিঠু, ত্বকীসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি জানাচ্ছি। ওসমান পরিবার খুনী পরিবার। প্রধানমন্ত্রী আপনি কেন ঘাতক ওসমান পরিবারের লালন-পালন করেন? আপনি খুনী ওসমান পরিবারকে লালন পালন করবেন না। আরা ত্বকীসহ সকল হত্যাকান্ডোর বিচারের দাবি জানাই। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

    সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, এই মাস শোকের মাস। ৭৫ বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যাকান্ডের ঘটনায় সেময় বিচারের দাবিতে আন্দোলন করেছি। বঙ্গবন্ধুসহ বিভিন্ন জনের হত্যার বিচারের জন্য আমরা বিভিন্ন কর্মসূচী পালন করেছি এবং সে সময় আমরা রাতের পর রাত বাসায় থাকতে পারেনি পুলিশী অত্যাচারের জন্য। এবং আপনি(প্রধানমন্ত্রী) এক সময় এই হত্যাকান্ডের বিচার করেছেন। কিন্ত আপনি আমাদের সন্তানের হত্যার বিচার বন্ধ করে দিলেন। আপনার পিতা ও পরিবারের হত্যার বিচার বন্ধের জন্য সেসময়ে ইনডেমিনিটি অধ্যাদেশ জারী করে বিচার বন্ধ করে দিয়েছিল। আজকে অঘোষিত ইনডেমিনিটি জারী করে ত্বকী হত্যার বিচার বন্ধ করে দিলেন। আমরা আপনার পরিবারের হত্যার বিচার চাইলাম, আপনি আমাদের সন্তানদের হত্যার বিচার বন্ধ করে দিলেন। এটি কীভাবে একটি মানবতার উদাহরণ হতে পারে। আজকে সবাই বলছে আপনাকে মানবতার মা। আপনি এটির কী উদাহরণ দিবেন?  এই ত্বকী হত্যার তদন্তের দায়িত্বে যারা ছিল তারা তদন্তে বলেছে এই ওসমান পরিবার ত্বকীকে হত্যা করেছে। আমরা বলেছি, এই ওসমান পরিবার নারায়ণগঞ্জের জনগণকে নির্মমভাবে নির্যাতন করে, সন্ত্রাস করে, হত্যা করে, নিপীড়ন করে এসব কিছু করে তারা তাদের পেছনে প্রশাসন থাকে, রাষ্ট্র থাকে, ক্ষমতা থাকে। আমরা বলেছি, আপনি তাদেরকে মনোনয়ন দিবেন না। সরকারের অংশীদারিত্ব করবেন না। এটি হচ্ছে তাদের হত্যাকান্ডের একটি লাইসেন্স। সন্ত্রাসের একটি লাইসেন্স হিসেবে তারা এটিকে ব্যবহার করে।

    প্রধানমন্ত্রীর প্রতি ত্বকীর হত্যার উদ্যোগে নেয়ার আহবান জানিয়ে রফিউর রাব্বি বলেন, আপনি ত্বকী হত্যার বিচার করেন। ত্বকীর সাথে সাথে সাথে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই আশিক চঞ্চল, ভুলু, মিঠু এদের হত্যার বিচার করেন। আমাদের জোরালো আহবান আপনার প্রতি আপনি আর ঘাতক ওসমান পরিবারকে মনোনয়ন দিবেন না। এই ঘাতক পরিবারকে কখনোই মনোনয়ন দিবেন না। নারায়ণগঞ্জের মানুষের গাড়ে হত্যা- খুনের জন্য আর তাদেরকে লাইসেন্স দিবেন না।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, বাসদের সেলিম মাহমুদ, মহিলা পরিষদ নেত্রী শাহানারা বেগম প্রমুখ।

    উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীয় দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।#

  • শুধু মানুষ নয় কোনো প্রাণীও বিপদে পড়লে ফায়ার সার্ভিসকে জানান: দেবাশীষ বর্ধন

    শুধু মানুষ নয় কোনো প্রাণীও বিপদে পড়লে ফায়ার সার্ভিসকে জানান: দেবাশীষ বর্ধন

    নৌ দূর্ঘটনা বিষয়ে জনগনকে সচেতন করতে বুধবার (৮ আগষ্ট) বিকেলে নৌ মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জ অফিস। শীতলক্ষা নদীর নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় এ নৌ-মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

    উদ্বোধনী অনুষ্ঠানে দেবাশীষ বর্ধন বলেছেন, শুধু মানুষ নয় কোনো প্রাণীও যদি কোথাও আটকে যায় বা বিপদে পড়ে তবে ফায়ার সার্ভিসকে জানান, ফায়ার সার্ভিস উদ্ধার করবে।ফায়ার সার্ভিসের এম্বুলেন্স সার্ভিস ছাড়া আর সমস্ত সেবাই বিনামুল্যে।

    তিনি আরো বলেন, সামনে ঈদ উল আজহা আসছে। ঈদ উল আজহার সময় কেউ অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ বা কোনো নৌযানে উঠবেন না। লঞ্চে লাইফ জ্যাকেট, বয়া, লাইট ঠিকমতো আছে কিনা লঞ্চে ওঠার আগে তা জেনে উঠবেন। কোনো দূর্ঘটনা ঘটলে আতঙ্কিত হবেন না। একটু সচেতন হলেই দূর্ঘটনার সংখ্যা ও হতাহতের সংখ্যা কমে যায়। তিনি সকলকে ফায়ার সার্ভিসের ৯৯৯ নাম্বারটি মোবাইল ফোনে সেভ করে রেখে যেকোন দূর্ঘটনার খবর জানানোর অনুরোধ জানান।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জ এর উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, নারায়ণগঞ্জ হাজীগঞ্জ ফায়ার ষ্টেশন এর সিনিয়র ষ্টেশন অফিসার হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার রায়হানুল আশরাফ ও খন্দকার সানাউল হক।#

  • শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজির সময় ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব

    শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজির সময় ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব

    মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তারাব সুলতানা কামাল সেতুর নিচ থেকে চলাচলরত নৌযান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে  নগদ টাকা, চাদা আদায়ের রশিদ বই ও  চাদাবাজির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। বুধবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিমউদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাযায়।

    র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিমউদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র রূপগঞ্জের তারাব এলাকায় শীতলক্ষ্যা নদীতে চলাচলরত নৌযানগুলোকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক থামিয়ে চাঁদা আদায় করে আসছে। র‌্যাব-১১ এর অনুসন্ধানে নৌপথে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য মঙ্গলবার রাতে তারাব সুলতানা কামাল ব্রীজ এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময়  একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীতে চলাচলরত নৌযান হতে বিশেষ করে কয়লা, পাথর ও বালুবাহী বাল্কহেড হতে জোরপূর্বক থামিয়ে চাঁদা আদায়কালে তারাব হাটিপাড়া এলাকার নূর আলম ভূইয়া, টাটকি এলাকার মন মোহন বিশ্বাস, পূর্ব হাটিপাড়া এলাকার ইলিয়াস ফকির, তারাব উত্তর পাড়া এলাকার সোহানুর রহমান ওরফে সুমন প্রধান ও ওমর ফারুক নামে ৫ চাদাবাজকে  গ্রেফতার করা হয়।  এসময় চাদাবাজির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা,  চাঁদা আদায়ের ৯৮হাজার ৬শ টাকা ও চাঁদা আদায়ের ০৮ টি রশিদ বই উদ্ধার করা হয়।।

    র‌্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুর আলম ভূইয়া নিজেকে বিআইডব্লিউটিএ এর ইজারাদার দাবী করে একটি শুল্ক আদায়ের অনুমতি পত্র ও ১টি চুক্তিপত্র প্রদর্শন করে। অনুমতি পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে “নদী পথে চলাচলরত নৌযান হতে কোন প্রকার শুল্ক আদায় করা যাবে না”। এবং চুক্তিপত্রে উল্লেখ রয়েছে- “বিআইডব্লিউটিআই এর ঘাট বা পল্টুন ব্যবহার করে ৫০০ টন পর্যন্ত মালামাল লোড-আনলোড করলে সবোর্চ্চ ২০০ টাকা র্চাজ নিতে পারবে”। কিন্তু এই অসাধু চক্র সব নীতিমালা লঙ্ঘন করে দীঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ গ্রহন করা হয়েছে।##

  • পারিবারিক কলহের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

    পারিবারিক কলহের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

    নারায়ণগঞ্জের ফতুল্লায় মনির হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার ব্যাংক কলোনি এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহতের বাবা নুরুউদ্দিন মিল্কি জানান, লেইস ফিতা বিক্রেতা মনির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সিগারেট কিনতে বাসা থেকে বের হয়। পরে রাস্তায় মনির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী এক যুবক তাকে উদ্ধার করে শহরের খানপুুর ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
    ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দিলারুল আলম জানান, মনির হোসেন দুই বিয়ে করেছে। তার দ্বিতীয় স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলছিলো। ওই কলহের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি জানান, নিহত মনিরের শরীরের বিভিন্ন জায়গায় ধারলো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত মনিরের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

  • আড়াইহাজারে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে প্রতারক গ্রেফতার

    আড়াইহাজারে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে প্রতারক গ্রেফতার

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোনালী ব্যাংক থেকে প্রতারনার মাধ্যমে টাকা তুলতে গিয়ে মিজান (২১) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সোনালী ব্যাংক আড়াইহাজার শাখা কর্তৃপক্ষ।

    আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৬আগষ্ট সোমবার দুপুরে সোনালী ব্যাংক আড়াইহাজার শাখায় মিজান নামে এক প্রতারক কাগজপত্র ও ছবি লাগিয়ে সোনালী ব্যাংক আড়াইহাজার শাখায় টাকা তুলতে যায়। সে বিদেশ থেকে একাউন্টে টাকা আসার ২টি পিন কোর্ড নম্বর দিয়ে আব্দুল্যাহ নামে এক একাউন্ট থেকে ৬৫ হাজার ও ৭০ হাজার টাকা তুলতে যায়। ঐ সময় ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে মিজানকে আটক করে ম্যানেজার কামরুল হাসান ভুইয়ার কাছে নিয়ে যায়। ম্যানেজার তাকে জিজ্ঞাসাবাদ ও  কাগজপত্র,পিনকোর্ড যাচাইবাছাই করে তা নকল বলে সনাক্ত করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মিজানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রতারক মিজান ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আনিছ মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।

    ব্যাংক ম্যানেজার কামরুল হাসান ভুইয়া জানান, দুপুরে ব্যাংকে গ্রাহকের ভিড় বেশী থাকার সময়  উপজেলার কৃষ্ণপুরা এলাকার শবদর আলীর ছেলে আব্দুল্যাহর একাউন্টে বিদেশ থেকে আসা টাকা প্রতারক মিজান উঠানোর চেষ্টা করেছিল।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত মিজান বিভিন্ন ব্যাংক থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়া দলের অন্যতম সদস্য বলে সে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।#

  • শিক্ষার্থীদের অভিযোগ সরকার সহানুভুতির সাথে বিবেচনা করেছে: ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

    শিক্ষার্থীদের অভিযোগ সরকার সহানুভুতির সাথে বিবেচনা করেছে: ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

    ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কিছুদিন শিক্ষার্থীদের আন্দেলনের কারণেই হোক বা আমাদের চেকিংয়ের কারণেই হোক এখন কিছু গাড়ি যাদের কাগজপত্র নেই তারা রাস্তায় বের হচ্ছে না।  যাদের কাগজপত্র আছে তারাই শুধু এখন রাস্তায় বের হচ্ছে। এর মাঝেও আমরা তাদের ত্রুটি-বিচ্যুতি পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনরত শিক্ষার্থীরা দায়িত্বশীল পরিচয় দিয়ে সরকারের ডাকে সারা দিয়েছে। শিক্ষার্থীদের যে অভিযোগ ছিল সরকার তা সহানুভুতির সাথে বিবেচনা করেছে।শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে যাবে এবং অন্যান্য যে কার্যক্রম আইগতভাবে যেটা চলার সেটা আইগতভাবেই চলবে।

    ডিআইজি আরো বলেন, কাগজপত্র ত্রুটি থাকায় জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে রবিবার ৩৮৪ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এর মধ্যে ১৮৪ জন চালকের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

    পুলিশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার (৬আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের কয়েকটি চেক পোষ্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  আব্দুস সাত্তার মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন, টিআই আব্দুল কাদের মোল্লা, টিআই মোঃ শরিফ-উল-ইসলাম, টিআই জিয়াউল করিম ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নুরুল হোসেনসহ স্কাউট সদস্যরা।#

  • মেয়র আলহাজ্ব সুন্দর আলীকে ফুল দিয়ে সংবর্ধনা

    মেয়র আলহাজ্ব সুন্দর আলীকে ফুল দিয়ে সংবর্ধনা

    নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলাহাজ¦ সুন্দর আলীকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। রবিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ এফরান আলী। প্রথম কোরআন তিলোয়াত করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম, পরে নব-নির্বাচিত মেয়র সুন্দর আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলম খান, সহ-সভাপতি হাজী ইফসুফ, মাই টিভি আড়াইহাজার প্রতিনিধি গোলাম কাউসার দিলু, সাংবাদিক সেলিম রেজা, সুফিয়া বেগম, মাহতাব উদ্দিন, সাইফুল ইসলাম, সাহিল সারোয়ার, এসহাক মিয়া, মজিবুর রহমান প্রমুখ্য। উক্ত সভা পরিচালনা করেন বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি ও আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।#

  • বন্দরে শহীদ মিনার ও সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধন

    বন্দরে শহীদ মিনার ও সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধন

    বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার ও অর্ধ শতাব্দী প্রাচীণ ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী ক্লাব পূণঃনির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার (৪ আগষ্ট)সকাল ১১টায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক ঊদ্ধোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল জব্বার সরদার,সাধারণ সম্পাদক জি এম মাসুদ,সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু,মোঃ শামীম,মোঃ পনির ভূইয়া,মাহাবুব হোসেন,মোঃ রূপক,হাজী সিরাজ,মোঃ আতিকুর রহমান মোল্লা প্রমুখ। ১তলা বিশিষ্ট শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব ভবন ও শহীদ মিনার নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে কোটি ৮৬ লাখ টাকা।#

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিক পালিত

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিক পালিত

    নারায়গঞ্জের রূপগঞ্জের কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিভিন্ন সংগঠন পৃথকভাবে পালন করেছেন। এ উপলক্ষ্যে শনিবার (৪ আগষ্ট) সকালে মরহুম আব্দুল মতিন চৌধুরীর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সলিউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সকাল ১০টার দিকে জেলা বিএপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরে নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা  মরহুমের করব জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারন সম্পাদক এড. মাহাফুজুর রহমান হুমায়ুন, সিনিয়র সহ-সভাপতি বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌরসভার সাবে মেয়র মজিবুর রহমান ভূইয়া, তারাব পৌরসভার সাবে মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, যুবদল নেতা সানাউল্যাহ ভূইয়া, এড. আমিরুল ইসলাম ইমন, থানা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, আজিম খন্দকার, সুলতান মাহমুদ, সাদিকুর রহমান, সোহেল মাহমুদ প্রমুখ।

    বেলা ১১টায় বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন  করেন। বেলা ১২টার দিকে বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত শেষে কাঞ্চন এলাকা একটি শোক র ্য লী বের করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা যুবদলের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকন, কাঞ্চন পৌর যুবদলের সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাব পৌর যুবদলের সাধারন সম্পাদক আফজাল কবির, গোলজার হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ নাসিম,  জেলা সেচ্ছাসেবক দলনেতা যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ঈসমাইল মামুন, থানা সেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম,  হাফিজুর রহমান, নাজমুল হাসান,বাবুল মিয়া, আলতাফ হোসেন, রায়হান মীর, রাসেল, থানা ছাত্রদল নেতা নাহিদ হাসান, ওমর হোসেন,শফিকুল ইসলাম, জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম ভূইয়া,  কাঞ্চন পৌর ছাত্রদল নেতা ওসমান গনি প্রমুখ। ##

  • নতুন পুলিশ সুপার হচ্ছেন আনিসুর রহমান: বদলী হচ্ছেন মঈনুল হক

    নতুন পুলিশ সুপার হচ্ছেন আনিসুর রহমান: বদলী হচ্ছেন মঈনুল হক

    যশোরের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম,পিপিএম । আর নারায়ণগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিতে যাচ্ছেন মো: আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। তাঁরা দু’জনেই বিসিএস ২০তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এবং দু’জনেই ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। বুধবার (১ আগস্ট) স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করেছেন।

    জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিতে যাওয়া মো: আনিসুর রহমান  মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। তিনি যশোরে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার শংকরপাশা এলাকায়।

    বিদায়ী পুলিশ সুপার মঈনুল হক ১৯৭০ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালী জেলায় জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম বিসিএস এর চৌকশ এই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। রাস্ট্রপতি পদকও পেয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ। গত দুই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করে সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছেন তিনি। নারায়ণগঞ্জবাসী তাকে অনেকদিন মনে রাখবে। তার নেতৃত্বে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটিত হয়েছে।#

  • দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার একরামপুর এলাকায় অনুষ্ঠি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    শামীম ওসমান বলেন, তাদের টার্গেট আওয়ামীলীগ না, তাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা। কারন তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে হটাতে না পারলে তাদের অস্তিত্ব থাকবে না। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনাদের প্রতি আমার লজ্জা লাগে। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের একজনকেও বিশ্বাস করতে পারলেন না। তিনি জেলখানায় যাওয়ার আগে দলের দায়িত্ব দিলেন তারেক রহমানকে। যিনি টেম্প নদীর পাড়ে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। শামীম ওসমান বলেন, ম্যাডাম খালেদা জিয়ার নের্তৃত্বে যারা ২৮৫ জন মানুষকে পুঁড়িয়ে হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

    শামীম ওসমান বলেন, সামনে কঠিন খেলা হবে। বাম, ডান, সুশীল, কুশীল ইতর, বদমাশ সব এক হয়ে যাবে। তাদের টার্গেট শেখ হাসিনা। সুতরাং দেশ বাঁচাতে চাইলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে।

    বিএনপির নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শামীম ওসমান বলেন, আমি শামীম ওসমান চ্যালেঞ্জ করে বললাম, আজকের দিনটা লিখে রাখেন। আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, আগামী দুই মাস পর অক্টোবর থেকে খেলা শুরু হবে। ইনশাল্লাহ এই খেলা শুরু হবে নারায়ণগঞ্জ থেকে। আমরা ক্ষমতা ছাড়ার পর পুলিশ আমাদের পাশে থাকবে না। আপনারা আর আমরা তখন সমানে সমান হব।

    তিনি হুঁশিয়ার করে বলেন, ক্ষমতা ছাড়ার পর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লক্ষ মানুষ নিয়ে জনসভা করব। কেউ যদি খেলায় ফাউল করে তাদরেকে কঠিন জবাব দেয়া হবে। শামীম ওসমান সেই পরিস্থিতি মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ দলের সব নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। তিনি দলের নেতাকর্মীদেরকে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নের্তৃত্বে মহাজোট থেকেই হবে। দলের কেউ কেউ নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকার প্রার্থী চায়। আমি বলব, দরকার হলে ৩০০ আসনেই নৌকার প্রার্থী চাইব। তবে আমার নেত্রীযাকে খুশি তাকে মনোনয়ন দেবেন। নেত্রীর সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে।

    মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণন সম্পাদক শাহ্ নিজাম, জেরা আওয়ামীলীগ নেতা নূর হোসেন ও  সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর অন্যান্য নেতারা#

  • স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যাকান্ড:  ‘বড়ভাই’ মামুন ২ দিনের রিমান্ডে

    স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যাকান্ড: ‘বড়ভাই’ মামুন ২ দিনের রিমান্ডে

    নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে ৭ টুকরো করে হত্যার মামলায় গ্রেফতারকৃত বড় ভাই খ্যাত আবদুল্লাহ আল মোল্লা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে মামলাটির তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    প্রবীর ও স্বপন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে হত্যা মামলায় আবদুল্লাহ আল মোল্লা মামুনকে শ্যোন এরেষ্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মফিজুল ইসলাম আরো জানান, গত ১৪ জুলাই স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে ৭ টুকরো করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল গ্রেফতারকৃত ঘাতক বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ। ১৭ জুলাই পিন্টুর সহযোগী বাপান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। ২১ দিন নিখোঁজ থাকার পরে গত ৯ জুলাই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষের খন্ডিত লাশের ৫ টুকরো উদ্ধার করা হয়। ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো পিন্টু দেবনাথ। পরদিন ১০ জুলাই পার্শ্ববর্তী ড্রেন থেকে আরো দুই টুকরো উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের পুত্র। ঘাতক পিন্টু দেবনাথের পক্ষ নিয়ে বিভিন্ন জনকে হুমকী ধমকী ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ছিল মোল্লা মামুনের বিরুদ্ধে। #

  • রূপগঞ্জ থানার মামলায় ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

    রূপগঞ্জ থানার মামলায় ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

    নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার মামলায় দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ জুলাই) রাতে উপজেলার যাত্রামুড়া ব্রিজের পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো আশরাফুল ইসলাম ওরফে অপু (৪৮) ও মিজানুর রহমান (৩১)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

    র‌্যাব-১১ এর সিনিয়র এএসসি আলেপ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম ওরফে অপুর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রতন কান্দির নুন্দাহ এলাকায়। বর্তমানে সে বর্তমানে ঢাকার লালবাগে কেবি রুদ্র রোডে ভাড়ায় থাকে। সে ১৯৮৫ সালে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে। বর্তমানে সে শেয়ার মার্কেটের সাথে জড়িত। ২০০৮ সালে জসিম উদ্দিন রাহমানির হাতেম বাগ মসজিদে যাতায়াত করত। এই সময়ে জসিম উদ্দিন রাহমানির বিভিন্ন বই, ওয়াজ, লেকচার শুনে উগ্রবাদিতার প্রতি আকৃষ্ট হয়। এ সময় জেএমবির গ্রেপ্তারকৃত শুরা সদস্য তাসলিমের মাধ্যমে জেএমবিতে যোগদান করে।

    তাসলিমের মাধ্যমে র‌্যাব-১১ কর্তৃক ইতিপূর্বে বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত জেএমবির সদস্য ইমরান আহম্মেদ, সাদেক, নাফিজ, আঃ রহমান ওরফে রুবেল, সাগর, মাওলানা ইসহাক, শায়েখ আরিফ সহ আরও অনেক সদস্যের সাথে আশরাফুল ইসলাম ওরফে অপু’র পরিচয় হয়। সে মূলত পুরান ঢাকা, যাত্রাবাড়ী, ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বর্তমানে জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে। তার মাধ্যমে বেশ কয়েকজন সদস্য জেএমবিতে যোগদান করে। তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় জঙ্গি সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

    অপরদিকে মিজানুর রহমান ডেমরার সারুলিয়া ডগাইর এলাকায় থাকে। সে ২০০১ সালে গেন্ডারিয়া এম শফিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে। ২০১১ সালে জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা থেকে দাওরা সম্পন্ন করে। বর্তমানে বাইতুন নুর জামে মসজিদ হোমনা, কুমিল্লায় ইমাম হিসেবে নিয়োজিত আছে। মিজানুর রহমান ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া পৌরসভা পার্ক মসজিদে ইমামতি করেছিলেন। ওই সময় তার মসজিদে শিহাব নামে জনৈক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। শিহাব তাকে জেএমবির দাওয়াত দেয় এবং সে দাওয়াত গ্রহন করে জেএমবিতে যোগদান করে। এরপর থেকে সে জেএমবির দাওয়াতি কাজে নিজেকে যুক্ত হয়। তার মাধ্যমে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ, সিয়াম, এহসানসহ কয়েকজন সদস্য জেএমবিতে যোগদান করে। পরবর্তী সময়ে ২০১৭ সালে মিজান ঢাকায় আসে এবং ডেমরার আয়েশা মসজিদে ইমামতি শুরু করে ।

    এ সময় গ্রেপ্তারকৃত জেএমবির আশরাফুল ইসলাম ওরফে অপুর সাথে মিজানের পরিচয় হয়। ডেমরা নারায়ণগঞ্জ এলাকায় জেএমবির কার্যক্রম কিভাবে বাড়ানো যায় এই নিয়ে প্রায়ই আশরাফুল ইসলাম ওরফে অপুসহ আরো অন্যান্যদের সাথে তারা গোপন বৈঠকে মিলিত হত। নারায়ণগঞ্জে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে সে কুমিল্লার হোমনায় চলে যায় এবং বাইতুন নুর জামে মসজিদ হোমনা, কুমিল্লায় ইমাম হিসেবে কর্মরত থাকে। এরপরও সে বিভিন্ন সময় দাওয়াতি কাজে নারায়ণগঞ্জে আসত ও অন্যান্য সদস্যদের সাথে গোপন বৈঠকে মিলিত হত। ময়মনসিংহ ও আরামবাগ থেকে গ্রেপ্তারকৃত নারী জঙ্গি ফিরোজা রহমান, নাঈমা ও রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণীর সাথে তার স্ত্রী’র মাধ্যমে পরিচিত হয়। মিজান বিভিন্ন সময় এই নারী জঙ্গিদের কে অনলাইনে জেএমবির বয়ান প্রদান করত বলে ইতিপূর্বে গ্রেফতারকৃত নারী জঙ্গিরা স্বীকারোক্তি প্রদান করেছে। মিজানুর রহমান মূলত জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে নিযুক্ত প্রাপ্ত।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।#

  • নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল রবির এসআর মোঃ সাঈদ গাজীর

    নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল রবির এসআর মোঃ সাঈদ গাজীর

    নারায়ণগঞ্জের নিখোঁজের অভিযোগের ২৫ দিন পর রবি কোম্পানীর এস আর মোঃ সাঈদ গাজীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিখোঁজের ১৮ দিন পর (২২ জুলাই) তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে ২ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন তার মা হোসনে আরা। সোমবার (৩০ জুলাই) ভোরে তাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার রায়পুরা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মোঃ সাঈদ গাজী সদর উপজেলার শহীদনগর এলাকার আজিজ মিয়ার ভাড়টিয়া মোস্তফা গাজীর ছেলে।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, সাঈদ গাজীর বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়ার পরে সাঈদ গাজী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি সে নিজেই আত্মগোপনে ছিল। মূলত তার কাছ থেকে রবি কোম্পানী ও কিছু মানুষ টাকা পেত। সেই টাকার চাপ থেকেই সে নিজে আত্মগোপনে যান। পরে সেখানে গিয়ে একটি কাজও জোগাড় করেন তিনি। এরপর তিনি ভারতে পালিয়ে যাবার জন্য সেখানে থাকা তার বন্ধু হরিদাস চন্দ্র পালের সঙ্গে যোগাযোগও করেন।

    এর আগে রবি কোম্পানীর ডিআইটিস্থ কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনের মত ৪ জুলাই সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মোঃ সাঈদ গাজী। নিখোঁজ থাকার ১৮ দিন পর সাঈদ গাজীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে দুই জনের নাম উল্লেখ করে তার মা হোসনে আরা রোববার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় দুই আসামীকে ২২ জুলাই রাতে শহরের তামাকপট্টি এলাকা থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তামাকপট্টি এলাকার শফি মিয়ার ছেলে মোঃ জুয়েল (৩০) ও একই এলাকার জুবায়ের মিয়ার ছেলে লিখন (৩২)। #

  • আবারো শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন বেলা রানী সিংহ

    আবারো শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন বেলা রানী সিংহ

    গতকাল নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস আয়োজিত নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭ইং হিসাবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করছেন নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ। তিনি বর্তমানে সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে বেলা রানী সিংহ নারায়ণগঞ্জ জেলাস্থ আড়াইহাজার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বেলা রানী সিংহ ২০১৮ইং সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।

    বেলা রানী সিংহ ১৯৬৩ইং সালে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার গাংধাইর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা জীবনে বহু সুনাম ও বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়েছেন তিনি।#

  • আনন্দধামের আত্মপ্রকাশ: সভাপতি তাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম

    আনন্দধামের আত্মপ্রকাশ: সভাপতি তাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম

    টানবাজার ইয়ান মার্চেন্টের কনভেনশন হলে আনন্দধাম ২০১৮-২০২০ সালের নির্বাহী কমিটির পরিচিতি সভা ও নিয়মিত সাধারণ সভা সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনন্দধামের নব-নির্বাচিত কমিটির সভাপতি তাজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম, নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- প্রধান সমন্বয়কারী সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতিবৃন্দ হচ্ছেন মোঃ তাজিমুল ইসলাম বাবু (সার্বিক), মোঃ মাহাবুবুর রহমান (অর্থ), নুরুন নাহার (ত্রান ও পুনর্বাসন), ডাঃ তাবাস্সুম ফেরদৌসী (স্বাস্থ্য), মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষা), ইকবাল হোসেন মান্নান (ক্রীড়া), রিপন ভাওয়াল (সাংস্কৃতিক), ইকবাল আহমেদ (কর্মসংস্থান), মোঃ শরিফ (পরিবেশ), আরমান হোসাইন আইমান (প্রচার ও প্রকাশনা), জসিম উদ্দিন বাদল (দপ্তর), গুড উইল- মোস্তাফিজুর রহমান, মোঃ বাবর আলী দেওয়ান, সভাপতির উপদেষ্টা- মনিরুল আলম পলাশ, যুগ্ম সম্পাদক- শিল্পী পাল, আনোয়ার হোসেন, পরিচালক বৃন্দ হচ্ছেন- কমরউদ্দিন আহম্মেদ (অর্থ), মোজাম্মেল হোসেন লিটন (শিক্ষা), মোঃ আক্তারুজ্জামান দুলু (স্বাস্থ্য), হযরত আলী (প্রচার ও প্রকাশনা), বোগদাদ হোসাইন অপু (সাংস্কৃতিক), রহিম উদ্দিন মোল্লা (ক্রীড়া), ইমরান মোস্তফা (কর্মসংস্থান), মোতালেব সানি (ত্রান ও পুনর্বাসন), কাজী শাহীন (পরিবেশ), সাফায়েত সারদীন (দপ্তর), যুগ্ম পরিচালক- মোঃ সানি (স্বাস্থ্য), তরিকুল ইসলাম জনি (প্রচার ও প্রকাশনা), মাকসুদুল রহমান হিটু (ক্রীড়া), মোঃ মামুন (দপ্তর), প্রস্তাবিত শাখা সভাপতি- কাজী মোঃ মোহসিন, শ্যামল দত্ত, মঞ্জুর, মুন্না। নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম।

    তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন আমরা আনন্দধামকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই, এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর আনন্দধাম হচ্ছে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন, আমরা এই সংগঠনের মাধ্যমে ভাল ভাল কাজগুলোকে গ্রহন করব এবং মন্দ কাজ থেকে বিরত থাকব। আমরা এই সংগঠনকে একটি সেরা সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে।

    সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বলেন আমরা এই সংগঠনকে সম্মিলিত ভাবে কাজ করে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে রূপান্তর করতে চাই, আমরা সকলের সাহায্য সহযোগিতা চাই। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। সভায় নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#