নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিচালক পলাতক
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রটির পরিচালক সজীবের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহত ফয়জল (৫৫) কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকার বাসিন্দা এবং মৃত ফোছন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, ফয়জল দীর্ঘদিন ধরে এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মারধরের মাধ্যমে ফয়জলকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিচালক সজীব আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে হত্যার অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Category: ইউনিয়ন
-

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিচালক পলাতক
-

সোনারগাঁয়ে গৃহবধূ তৃষার মৃত্যুর ঘটনায় স্বামীর বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
গৃহবধূ তৃষার মৃত্যুর ঘটনায় স্বামীর বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় গৃহবধূ তৃষা (২২) আত্মহত্যার ঘটনায় তার স্বামী সোহাগ মিয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে ভাদুড়ীকান্দী গ্রামে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় নিজ বাড়িতে তৃষার মৃত্যুর ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার আরজু মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে বোনের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর তৃষার ননদ তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে তৃষার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে তৃষার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং তার স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, “খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। -

সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে তৃষা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার আরজু মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে বোনের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এর কিছু সময় পর তৃষার ননদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, “খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। -

পাওনা টাকার দাবিতে মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে দেওয়ার অভিযোগ
পাওনা টাকার দাবিতে মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা সায়েম প্রধানের বিরুদ্ধে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকার দাবিতে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্যক্রম আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সায়েম প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকায় ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গোপেরবাগ এলাকার ব্যবসায়ী গোলজার হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদের দিন দুপুর ২টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরদিন শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে তার জানাজার জন্য মরদেহ মশুরাকান্দা ঈদগাহ মাঠে নেওয়া হলে এ ঘটনা ঘটে।
মৃত গোলজার হোসেনের ভাগিনা সুমন মিয়া অভিযোগ করে বলেন, তার মামার সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন ছিল সায়েম প্রধানের। অসুস্থতার কারণে পাওনা টাকা পরিশোধের আগেই গোলজার হোসেন মারা যান। জানাজার জন্য মরদেহ ঈদগাহে নেওয়া হলে সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান মরদেহবাহী খাটিয়া আটকে দেন এবং পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত জানাজা ও দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
তিনি আরও বলেন, এ সময় জানাজায় অংশ নিতে আসা কয়েকশ মানুষ এ ঘটনার প্রতিবাদ জানালে সায়েম প্রধান ও তার ছেলে ইছাম উত্তেজিত আচরণ করেন। পরে পরিবারের সদস্যরা ৩৬ হাজার টাকা পরিশোধ করলে তারা সেখান থেকে চলে যান এবং জানাজা সম্পন্ন হয়।
মৃত গোলজার হোসেনের ১২ বছর বয়সী ছেলে জিসান বলেন, “আমার বাবা মৃত্যুর আগে সায়েম কাকার পাওনা টাকা পরিশোধের কথা বলে গিয়েছিলেন। কিন্তু আমাদের কোনো সুযোগ না দিয়ে বাবার লাশের খাটিয়া আটকে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সায়েম প্রধান বলেন, “দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইছিলাম। টাকা না পাওয়ায় জানাজা আটকে দিয়েছিলাম। পরে টাকা পরিশোধ করার পর আমি ও আমার ছেলে সেখান থেকে চলে আসি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলজার হোসেন মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। পাওনা টাকার দাবিতে জানাজা ও দাফন কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে স্থানীয় বাসিন্দারা এর তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে, এলাকাবাসীর দাবি, সম্প্রতি সোনারগাঁয়ের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সংঘটিত ডাকাতির ঘটনায় অভিযুক্তদের সঙ্গে সায়েম প্রধান ও তার ছেলে ইছামের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। -

সোনারগাঁয়ে ছেলের অভিযোগের জেরে ঘরবাড়ি ভাঙচুর, আহত নারী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনাইরকান্দী মসজিদবাড়ি এলাকায় ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরে এক অসহায় নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৯ মে শুক্রবার জুমার নামাজের পর মনাইরকান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তাওসিন (১৬), ওরফে ইন্দুর, মাদক সেবন ও বিভিন্ন চুরির অভিযোগকে কেন্দ্র করে কিছু ব্যক্তির উসকানিতে এলাকাবাসীর একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী তাওসিনের মা নার্গিস আক্তার বলেন, “আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিন। কিন্তু আমার ঘরবাড়ি ভাঙচুর করবেন না। আমি তাদের কাছে অনুরোধ করেছি, ক্ষমাও চেয়েছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি। জোরপূর্বক ঘরে ঢুকে মালামাল ভাঙচুর করেছে। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুরের সময় রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নার্গিস আক্তারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেও তাদের পরিবারের ওপর নির্যাতন চালানো হয়েছে।
এ ঘটনায় নার্গিস আক্তার ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত, নিজেরা আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। -

বারদীতে আবুল কাশেম বাবু উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে গোসত বিতরণ
নিউজ সোনারগাঁ : পবিত্র ঈদুল আযহা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেন এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ১, ৪ ও ৫নং ওয়ার্ডে গরিব ও অসহায় ৩৫০টি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু। দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল করিম মেম্বার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত ও রফিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকলেছ, কৃষক দলের সহ-সভাপতি মো. ওহাবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আবুল কাশেম, ওমর ফারুক, মো. মনোয়ার হোসেন, সোহেল, নাজমুল, কামরুল, মো. বাদল, হাতেম আলী, বিল্লাল, মিজান, মোতালিবসহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী, মুসারচর, রতন মার্কেট ও হাতুরাপাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা দীর্ঘদিনের প্রচলিত রীতির ধারাবাহিকতায় এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।
বুধবার সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে নয়াপুর, গণকবাড়ী, গজারিয়াপাড়া, কোনাবাড়ী ও হাতুরাপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আমজাদ জানান, তাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি বলেন, দূর-দূরান্ত থেকেও মুসল্লিরা নামাজ আদায়ের জন্য এখানে আসেন। কাঁচপুর চেয়ারম্যানপাড়া এলাকা থেকেও অনেক মুসল্লি অংশ নিয়েছেন।
সোনারগাঁ সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, জন্মের পর থেকেই তারা পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন এবং এ ঐতিহ্য এখনও বজায় রয়েছে।
গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক বলেন, প্রতি বছরের মতো এবারও এলাকার কয়েকটি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরে চলে আসা এ ধর্মীয় চর্চার কারণে প্রতিবছরই সোনারগাঁয়ের এসব এলাকায় নির্ধারিত সময়ের আগেই ঈদের আয়োজন সম্পন্ন করা হয়। -

ঈদ উপলক্ষে বৈদেরবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদেরবাজার ইউনিয়নে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে বৈদেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভিজিএফ চাল তুলে দেন বৈদেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন জানান, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো ঈদ উপলক্ষে কিছুটা স্বস্তি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রম নিম্নআয়ের মানুষের জন্য ঈদ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। -

১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান
নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সিএনজি বেবীট্যাক্সি স্ট্যান্ডে মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে খুন হওয়া অটোরিকশা চালক মোঃ মমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার বিকেলে তিনি নিহত মমিনের নাজিরপুর গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় মমিনের স্ত্রী রিনা আক্তার স্বামীর মৃত্যুর পর পরিবারটির আর্থিক সংকট, অসহায়ত্ব এবং দুই সন্তানের লেখাপড়ার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্বামীর হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় এমপি মান্নান নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং মমিনের দুই ছেলে রহিম ও হাসানের পড়াশোনা বিদ্যালয়ে বিনামূল্যে চালিয়ে নেওয়ার ব্যবস্থা, সরকারি অনুদানের মাধ্যমে টিন, নগদ অর্থ, চালসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
পরিদর্শনকালে এমপি মান্নান মোবাইল ফোনে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারকে পলাতক অভিযুক্ত লাইনম্যান শাহিন মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
এ বিষয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “অটোরিকশা চালক মমিনের হত্যাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মামলার আসামিকে আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা মামলার আসামি শাহিনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। -

সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ৩ চুনা কারখানা গুঁড়িয়ে, ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়ে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রায় ২০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার ঝাউচর এলাকায় নুরে মদিনা মসজিদ সংলগ্ন একটি, ইসলামপুর এলাকায় একটি এবং সোনাখালী এলাকায় বারডেম হাসপাতালের বিপরীত পাশে একটি চুনা কারখানায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিতের নেতৃত্বাধীন দল।
অভিযানকালে এক্সকেভেটর মেশিন ব্যবহার করে কারখানাগুলো ভেঙে ফেলা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানেই অবৈধ সংযোগ শনাক্ত হবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। -

কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা-তামা ছিনতাই
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ কাউসার (৩০) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডের একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে নবাবপুর যাওয়ার পথে কাঁচপুরের কিউট ফ্যাক্টরির সামনে যানজটে আটকে পড়ে। এসময় ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে পিকআপে উঠে কাউসার, সেলসম্যান মহারাজ ও হেলপার ইসরাফিলকে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ও প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ২ বস্তা তামা ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
ভুক্তভোগীদের দাবি, ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। -

মুমিন হত্যার বিচারের দাবিতে দড়িকান্দি বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল, তীব্র যানজট
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালক মুমিন হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবাজার টু দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে ১০ টাকা চাঁদা দেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালক মুমিন (৪০) ও দড়িকান্দি এলাকার মিলন (৪৫)-এর মধ্যে তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মারধরের একপর্যায়ে মুমিনের মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
মুমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত চালক ও এলাকাবাসী দড়িকান্দি টু বাংলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা অভিযুক্ত মিলনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। -

মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে জরিমানা ৫০ হাজার টাকা
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টিতে ক্যামিকেল রং ব্যবহার ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকার বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি করা হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামের একটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে ক্যামিকেল রং মেশানো এবং বিভিন্ন পোকার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার” নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ার-এর নেতৃত্বাধীন একটি টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাবেদ আলী
নিউজ সোনারগাঁ : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ সাবেদ আলী।
সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম-এর উদ্যোগে গত ১৩ মে জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ সম্মাননার খবরে শম্ভুপুরা ইউনিয়নে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনরা এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাবেদ আলীর এ অর্জন শম্ভুপুরা ইউনিয়নবাসীর জন্যও গর্বের বিষয়। সহকর্মীরা জানান, তিনি একজন দক্ষ জনপ্রতিনিধির পাশাপাশি মানবিক ও সেবাপরায়ণ ব্যক্তি হিসেবেও এলাকায় পরিচিত। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে। -

সোনারগাঁয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে ডাকাতি, ১৭ লাখ টাকার মালামাল লুট
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক এনজিও কর্মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ১৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স-এর কর্মী মাজেদা আক্তারের (৪৮) বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরে ঢুকে মাজেদা আক্তারসহ পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ ৭ হাজার টাকা লুট করে নেয়।
লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় মাজেদা আক্তার ডাকাত দলের সদস্য ইউসুফ মিয়াকে চিনতে পারেন বলে দাবি করেন। এ সময় তিনি চিৎকার করে তাকে আটকানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে মারধর করে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মাজেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গভীর রাতে হঠাৎ অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা আলমারি ভেঙে আমার কষ্টার্জিত সব স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ইউসুফকে চিনে ফেলায় আমাকে মারধরও করা হয়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানা-এর এসআই মামুন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, অভিযুক্ত ইউসুফ মিয়া এর আগে মাজেদা আক্তারের দেবরের বাড়িতে প্রায় ১০ বছর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। -

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাস মামলার আসামি ফারুক র্যাবের হাতে আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
গতকাল উপজেলার চরকিশোরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ওই এলাকার শাহজালালের ছেলে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফারুকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রায় ১৭ বছর আগে দায়ের হওয়া একটি অস্ত্র মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।