Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় সাবেক আইসমন্ত্রী রিমান্ডে

    সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় সাবেক আইসমন্ত্রী রিমান্ডে

    সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ৷

    বুধবার সকালে শুনানি শেষে এ রিমাণ্ড আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত৷

    এর আগে ওই মামলায় ৫ দিনের রিমাণ্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ৷

    সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

    মামলার নথিসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন গত ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)৷ পরদিন সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

    পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়৷

    আন্দোলনের তীব্রতার মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদিধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কুলসুম বেগম৷ এ মামলায় ৪ নম্বর আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল৷

  • যে কারণে বরখাস্ত হলে দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার

    যে কারণে বরখাস্ত হলে দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত সোনারগাঁ দলিল লেখক সমিতির সম্পাদক শহীদ

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকারকে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক আদেশে তাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    সোমবার সকালে বরখাস্তের আদেশের কপি সোনারগাঁ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সাবরেজিস্ট্রার মো. মুজিবুর রহমান। একই অভিযোগে আরও পাঁচজন নকলনবিশকে বন্দর ও ফতুল্লা সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে।

    অভিযোগ ও তদন্তের ফলাফল

    জানা গেছে, দলিল লেখক গাজী কামাল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ সরকার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগে শহীদ সরকারের বোন নকলনবিশ রূপালী ওরফে আছিয়া, লিপি আক্তার, রিনা আক্তার এবং ভাই মনির হোসেন সরকার ও পনির হোসেন সরকারের নাম উল্লেখ করা হয়।

    ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সরেজমিন তদন্তে অভিযোগকারীর লিখিত বক্তব্য ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক আদেশে শহীদ সরকারকে বরখাস্ত করা হয়।

    এছাড়া, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলিল লেখার মূল সনদ বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না পেলে তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে।

    অভিযোগকারীর বক্তব্য

    অভিযোগকারী দলিল লেখক গাজী কামাল হোসেন বলেন, “শহীদ সরকার ও তার পরিবারের সদস্যরা রেজিস্ট্রি অফিসে প্রভাব বিস্তার করে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে আসছে। তারা দীর্ঘদিন ধরে দুর্নীতি ও চাঁদাবাজি করছে। গত চার বছরে দলিল লেখক সমিতির অর্থ আত্মসাৎ করেছে এবং নকলনবিশদের কাছ থেকে প্রতি দলিলে ১০০ টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

    অভিযুক্তের প্রতিক্রিয়া

    সাময়িক বরখাস্ত হওয়া শহীদ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তদন্ত কমিটির কাছে ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমি যথাসময়ে জবাব দেব এবং আশা করি তদন্ত কমিটি আমাকে নির্দোষ প্রমাণ করবে।”

    প্রশাসনের বক্তব্য

    সোনারগাঁ উপজেলা সাবরেজিস্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, “শহীদ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং লিখিত আদেশের কপি আমাদের কার্যালয়ে পৌঁছেছে। পাশাপাশি আরও পাঁচজন নকলনবিশকে বদলি করা হয়েছে।”

    নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রেজা বলেন, “তদন্তে প্রাথমিকভাবে শহীদ সরকার দোষী প্রমাণিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা না দিলে তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে।”

  • সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (বালক) অংশগ্রহণে মাদক ও এর ক্ষতিকর দিক নিয়ে এক সচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারী। সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার

    সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বন্দরে আওয়ামীলীগের লিফলেট বিতরন কালে আটক-৪

    বন্দরে আওয়ামীলীগের লিফলেট বিতরন কালে আটক-৪

    বন্দরে লিফলেট বিতরণ কালে নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সুজুসহ ৪ আওয়ামীলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার কদম রসুল এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সুজু (৫০) নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে যুবলীগ নেতা ফারুক (৪৫) বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার আনু মিয়ার ছেলে ২০নং ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামান মিয়া (৪২) ও একই এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে সাইদুল মোল্লা (৪৭)। আটককৃত ৪ নেতাকর্মীকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩ (৯)২৪ নং মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

    বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে গোপনে বন্দর উপজেলার কলাগাছিয়া ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিল আটককৃতরা। গত সোমবার রাতে নবীগঞ্জসহ সোনাকান্দা ও রুপালী এলাকায় লিফলেট বিতরণ কালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত গ্যারেজে লিফলেট বিতরণ কালে জামান মিয়া ও সাইদুলকে আটক করা হয়। পরে গতকাল এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামীলীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহুর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখবত ৪ নেতাকর্মীকে আটক করে।

  • সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজী করে আমরা জানি.. ইমতিয়াজ বকুল

    সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজী করে আমরা জানি.. ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজী করে আমরা জানি। আপনি চাঁদাবাজী করবেন আপনি বসুন্ধরার মালিকের গাড়িতে চড়বেন এ দায় বিএনপি নেবে না। এ দায়ভার খালেদা জিয়া কিংবা তারেক রহমান নেবে না। যারা চাঁদাবাজী করছেন তাদের জন্য এলামিং।
    মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল  এসব কথা বলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সোনারগাঁ এক জনসভায় মেঘনার চাদাবাজীর কথা বলে গেছেন।
    তিনি বলেন ৫ আগষ্টের আগে যেসব নেতাকর্মী আমাদের সাথে ছিল সেসব নেতাকর্মীই আমাদের জন্য যথেষ্ট। আওয়ামীলীগের দোসরদের আমাদের দলে প্রয়োজন নেই। আমরা আওয়ামীলীগের  মেম্বারদের চেয়ারম্যান বানাবো না। আমরা চাঁদার জন্য শিল্প কারখানা বন্ধ করবো না। আমরা নিজের দলেরর লোকদের নামে মামলা দেব না। আমাদের বুকে যে সাহস আছে তা জাতীয়তাবাদের সাহস এটা তারেক রহমানের সাহস।
    তিনি বলেন, তারেক রহমান বলেছেন হিন্দু মুসলমান বৈদ্ধ খ্রিষ্টান সবাইকে নিয়ে একটি মালা গাঁথার জন্য। এ মালা  হবে ঐক্যের মালা।
    তিনি একটি পক্ষের সমালোচনা করে বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধু সুক্ষভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। বন্ধুরা আপনারা আপনাদের আর্দশ বাস্তবায়ন করেন বিএনপি বিএনপির আদর্শ বাস্তবায়ন করবে। দেশে অনৈক্য সৃষ্টির চেষ্টা করবেন না। আমরা এক সাথে সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেিছ। এ ঐক্য ধরে রাখুন।
    বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনায়  সোনারগাঁ উপজেলা বিএনপি সহ- সভাপতি হাজী মো. শফি উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি
    গাজী মো. হারুনুর অর রশিদ, সোনারগাঁ  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মো. মোক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমুখ।
    আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

  • মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে বিএনপি নেতা আতাউর রহমানের উদ্যোগ

    মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে বিএনপি নেতা আতাউর রহমানের উদ্যোগ

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে নিজ উদ্যোগে কাজ করছেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

    সোমবার বিকেলে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজে বসা হকারদের অনুরোধ করেন, যাতে তারা জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করেন। এসময় তিনি জানতে চান, উচ্ছেদের পরও তারা কেন এখানে বসেছেন এবং কার নির্দেশে পুনরায় দোকান স্থাপন করেছেন। পরে বিনয়ের সাথে তাদের দোকান সরিয়ে নিতে বলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আগেও এক পক্ষের ইশারায় ফুটওভার ব্রিজটির একপাশ দখল করে হকাররা ব্যবসা করছিল। প্রশাসন একাধিকবার উচ্ছেদ করলেও কিছুদিন পরেই আবার দোকান বসানো হতো, ফলে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হতো। সাবেক এমপি কায়সার হাসনাতও হকারদের ব্রিজে দোকান না বসানোর অনুরোধ করেছিলেন, কিন্তু তারা তা উপেক্ষা করে।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত মাসে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করলেও, কয়েকদিন পর আবারও হকাররা সেখানে দোকান বসায়।

    এই পরিস্থিতিতে, সোমবার বিকেলে বিএনপি নেতা আতাউর রহমান উদ্যোগী হয়ে হকারদের বুঝিয়ে বলেন, যাতে তারা ফুটওভার ব্রিজে বসে জনগণের চলাচলে বিঘ্ন না ঘটান এবং ব্রিজটি হকারমুক্ত থাকে।

    —নিউজ সোনারগাঁ ২৪

  • সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার ২১ মামলার আসামী সাদ্দাম গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার ২১ মামলার আসামী সাদ্দাম গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি রোধে সোনারগাঁয়ে অভিযান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত ২১ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত রবিবার রাত নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে,  মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় পিতা নিহত পুত্র আহত

    সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় পিতা নিহত পুত্র আহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গাজীপুর টু মদনপুর বস্তল এলাকার এসিয়ান হাইওয়েতে কাভার্ডভ্যানের চাপায় পিদা নিহত হয়েছেন এসময় পুত্র আহত হয়েছেন।

    আজ ২রা ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় গাজীপুর টু মদনপুর হাইওয়ে সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়র বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৪২)।

    তথ্য নিয়ে জানা যায় , ঢাকা মেট্রো -উ -১১-১৫৯৭ কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা লোড দিয়ে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। নয়াপুর এলাকায় আসলে গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে প্রেরণ হলে ,কাজী আনোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কাজী আনোয়ার এর ছেলে কাজী আরাফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। গাড়িটি জব্দ করে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।

    নিহত কাজী আনোয়ার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত কাজী মহিউদ্দিনের ছেলে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন, গাড়ি সহ চালককে পুলিশ আটক করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন।

  • সোনারগাঁয়ে ৯০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩০ হাজার টাকা

    সোনারগাঁয়ে ৯০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩০ হাজার টাকা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। ২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

    অভিযানে প্রায় ৭০০টি বাড়ির ৯০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে নয়াপুর বাজার সংলগ্ন ৩টি অবৈধ মিষ্টি তৈরির ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ

    তিতাস কতৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে ৫টি অটোরিক্সা চুরি

    সোনারগাঁয়ে ৫টি অটোরিক্সা চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙে ৫টি অটোরিক্সা চুরি করে নিয়ে চোরেরা। গতকাল রাতের কোন এক সময় চোরেরা সুযোগ বুঝে গ্যারেজে ঢুকে রিক্সাগুলি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    গ্যারেজের মালিক মো. আলী হোসেন জানান, তিনি নিজ বাড়িতে একটি গ্যারেজ তৈরি করে সেখানে পাঁচটি অটোরিকশা রাখতেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়িগুলো গ্যারেজে রেখে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে জানান, তার গ্যারেজের শাটার খোলা এবং কোনো অটোরিকশা নেই। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও গাড়িগুলোর সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

    এসআই আব্দুল জলিল জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই চোরচক্রকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অটোরিকশা চুরি ও ছিনতাই রোধে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

  • সোনারগাঁয়ে আগে চাঁদাবাজি করতো আওয়ামীলীগ এখন করে কারা?  প্রশ্ন নুরের

    সোনারগাঁয়ে আগে চাঁদাবাজি করতো আওয়ামীলীগ এখন করে কারা? প্রশ্ন নুরের

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    “ক্ষমতা ধরে রাখতে সরকার সাড়ে তিন হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে”

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার গত ১৬ বছর ধরে ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা সাড়ে তিন হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে এবং প্রায় ৬০০ জনকে গুম করেছে। একদলীয় শাসন কায়েমের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

    শনিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে সোনারগাঁও পৌরসভা মাঠে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণআকাঙ্ক্ষার রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নুরুল হক নুর বলেন, স্বাধীনতার পর থেকে এদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ক্ষমতায় আসা প্রতিটি দল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে, লুটপাট করেছে এবং জনগণকে জিম্মি করে রেখেছে। তিনি বলেন, “আমরা গত ৩৩ বছর ধরে এ ধরণের দখলবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচারী শাসন দেখেছি। এ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আসুন, আমরা নতুন রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলি, যেখানে কোনো ফ্যাসিবাদের ঠাঁই থাকবে না।”

    তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা বিজয় অর্জন করেছি, তবে অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে দেশ কার্যকরভাবে চলতে পারবে না, তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।”

    বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “গত ছয় মাসে সরকার অনেক ক্ষেত্রেই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। আমরা সরকারকে কিছুটা সময় দিতে চাই, কিন্তু তাদের দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বিমান ভাড়া হ্রাসে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

    নুরুল হক নুর সোনারগাঁবাসীর উদ্দেশে বলেন, “মেঘনা নদীর দুই তীরে অসংখ্য শিল্পকারখানা রয়েছে, যেখানে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে। কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাহলে এখন এই চাঁদাবাজি ও দখলদারিত্ব কারা করছে? আপনারা কি এসব দখলবাজ ও সন্ত্রাসীদের ভোট দেবেন?”

    তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নাকি ফেব্রুয়ারিতে হরতাল করবে! রাস্তায় নামুক, দেখুক তাদের কী অবস্থা হয়! এখন তাদের নেতা-কর্মীরা মুখোশ পরে, মানকি টুপি পরে দুই-তিনজন মিছিল করে। আমরা বলেছিলাম, গুলিস্তানে মুজিব কোট কেনার লোক থাকবে না—সত্যিই তাই হয়েছে।”

    আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে হবে, নাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে। আমাদের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে, কারণ দেশের মানুষ নতুন নেতৃত্ব বরণ করতে প্রস্তুত।”

    সোনারগাঁ গণঅধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কীর সভাপতিত্বে এবং সোনারগাঁ শাখার সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও পৌরসভা গণঅধিকার পরিষদের নেতা উলফাত কবির মাস্টারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সাধারণ সম্পাদক কাউসার আলী, উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুন্না, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার আরিফ হোসেন প্রমুখ।

  • সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত

    সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার ( ৩১ জানুয়ারী) বিকেলে বারদি মুসলেন্দপুরে কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে নিজ গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

    যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার সময় একটি প্রাইভেটকার তার নোহা গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি ডান হাতে আঘাত পান।

    ঘটনার পরপরই মোশাররফ হোসেন একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং পরে বাসায় ফিরে যান।

    সোনারগাঁ থানা কৃষক দলের নেতা সেলিম হোসেন দিপু সোনারগাঁবাসীর কাছে মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

  • সোনারগাঁয়ের জামদানি শিল্পকে এগিয়ে নিতে কাজ করছেন সরকার, উপদেষ্টা শেখ বশির উদ্দীন

    সোনারগাঁয়ের জামদানি শিল্পকে এগিয়ে নিতে কাজ করছেন সরকার, উপদেষ্টা শেখ বশির উদ্দীন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দেশের জামদানি শিল্পকে উন্নত বিশেষ পরিচিতি ও বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছেন সরকার। যে ভাবে জামদানি শিল্পকে টিকে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হয় সে লক্ষে কাজ করা হ”েছ। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারনে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে এসে বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এসব কথা বলেন। পরে তিনি মেসার্স লাকি জামদানী উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার আরো কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন এবং তাঁতিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরিদর্শন কালে ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা দোকানে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধারনা নেন।

    বাংলাদেশ উইভার্স প্রোডাষ্ট এন্ড ম্যানুফেকচারার্স বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোঃ সালাউদ্দিনের আয়োজনে পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্তি সচিব আবু আহমদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি (সার্বিক), সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাচঁপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার পিপিএম, বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রপ্তানি কারক ও তাঁত সমিতির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য জহিরুল হক, ভূলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাঁত সমিতির সভাপতি মেহেদী হাসান, পুটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তাঁত সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর বারী, সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আহম্মেদ প্রমূখ।

  • সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন

    সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু রক্ষায় মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার সকালে পানাম এলাকায় ধংস প্রায় পানাম সেতুর পাশে এ মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও সদস্য সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, মিজানুর রহমান, সদস্য সচিব লেখক রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী, উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ- সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সমাজ সেবক বজলুর রহমান, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও লতা মাহমুদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদকর্মী জহিরুল ইসলাম জহির, ক্রীড়ানুরাগী নাইম ভূইঁয়া, সংগঠক খাদিজা আক্তার, রাসেল আহমেদ, শীতল চন্দ্র, শিক্ষার্থী আদেল রহমান, আলভী আহমেদ ও পরশ প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ ছিল  প্রাচীন বাংলার রাজধানী। দেশ বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে পঙ্খীরাজ খালের উপর নির্মিত মুঘল শাসনামলের পানাম সেতুটির এখন জরাজীর্ন অবস্থা। অযত্ন অবহেলা ও সংরক্ষণের অভাবে এ সেতুটি এখন ধংসের দ্বার প্রান্তে। দ্রুত এ ঐতিহাসিক সেতুটি সংস্কার করে পর্যটকদের পরির্দশনের ব্যবস্থা বরার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আহ্বান জানানো হয়।
    বক্তারা আরো বলেন, বিগত সময়ে প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে পানামনগরীর প্রবেশ মুখের একটি ঐকিহাসিক সেতু ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে যে সেতুটি টিকে আছে এটির পরিনতি যাতে আগেরটির মতো না হয়।

  • ময়লার ভাগাড়ে পাওয়া শিশুটি আদালতে প্রেরণ

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের পাশে ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা শিশুটিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) রাতে শিশুটিকে উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ, পরে উন্নত পরিচর্যার জন্য হাসপাতালে পাঠানো হয়।

    সোনারগাঁ থানার ওসি আব্দুর বারি জানিয়েছেন, শিশুটির দায়িত্ব গ্রহণের জন্য অনেক হৃদয়বান ব্যক্তি থানায় যোগাযোগ করেছেন। তবে আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে সরাসরি শিশুটি দেওয়া সম্ভব নয়। তাই যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পর শিশুটিকে সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

    যদি কোনো ব্যক্তি শিশুটির দায়িত্ব নিতে চান, তাহলে তাকে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আরও তথ্যের জন্য নারায়ণগঞ্জ জেলা আদালতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    সংবাদ সূত্র: নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম

  • ডেনমার্ক প্রবাসীকে আটক রেখে টাকা আদায়ের অভিযোগে সোনারগাঁয়ে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

    ডেনমার্ক প্রবাসীকে আটক রেখে টাকা আদায়ের অভিযোগে সোনারগাঁয়ে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেনমার্ক প্রবাসীকে আটকে রেখে পাওনা টাকা আদায়ের অভিযোগে সামসুজ্জামান মোল্লা রনি নামের এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত সামসুজ্জামান মোল্লা রনি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে।

    ঘটনার পটভূমি

    রনির বড় ভাই মনির হোসেন মোল্লার দাবি, বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর নাম করে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা এবং এলাকার আরও অনেকের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে যান এবং পাওনা টাকা উদ্ধারের চেষ্টা করেন।

    এ ঘটনায় মোহাম্মদ আলীর স্ত্রী শরমিলা সোনারগাঁ থানায় অভিযোগ করেন যে, তার স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

    পুলিশের বক্তব্য

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রনিকে আদালতে পাঠানো হবে।

    প্রবাসীর স্ত্রীর বক্তব্য

    মোহাম্মদ আলীর স্ত্রী শরমিলা বলেন, “আমি আমার স্বামীকে না পেয়ে থানায় অভিযোগ করি। তবে মামলার বিষয়ে আমি বিস্তারিত জানি না। আমার স্বামীর সঙ্গে দলিল লিখক রনি মোল্লার আর্থিক লেনদেন ছিল, তবে কত টাকা তা নিশ্চিত নই।”

    এই মামলার তদন্ত চলছে, এবং পুলিশ ঘটনাটির বিস্তারিত যাচাই-বাছাই করছে।