ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিকের শিক্ষক নিয়োগে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা বা চাকরিরত থাকলে তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ডিপ্লোমাধারীদের বিএসসি (পাস) সমমান দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। কমিটির সদস্য সচিব থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি জরুরিভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি সময় কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা রয়েছে তাদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রণয়ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *