Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে নাঈম হত্যা: খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে স্থানীয়দের আল্টিমেটাম

    সোনারগাঁয়ে নাঈম হত্যা: খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে স্থানীয়দের আল্টিমেটাম

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজমিস্ত্রি মো. নাঈম মিয়া (২২) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাজার এলাকায় কয়েক শ’ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
    বক্তারা বলেন, নাঈমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
    জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পরমেশ্বরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
    পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নাঈম তার বড় ভাই নাসিমুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি দোকান থেকে বের হয়ে যান। ফোনে তাকে বলতে শোনা যায়, “আমার কাছে টাকা নাই।” এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ক্ষেত থেকে “ডাকাত ডাকাত” চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে বস্তাবন্দি অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    মানববন্ধনে নিহতের বড় ভাই আজহারুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
    কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁও উপজেলা ও নোয়াগাঁও ইউনিয়ন শাখার নেতারা। উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান বলেন, একজন পরিশ্রমী যুবককে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    এ ঘটনায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযানে আবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
    এলাকাবাসী জানিয়েছেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

  • সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
    আটকরা হলেন ইরফান (৩০), নানাখি এলাকার হারুনুর রশিদের ছেলে ও, অনিক চন্দ্র দাস (৩৫), পঞ্চমীঘাট এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।
    পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নানাখি এলাকার গ্রামীণ ব্যাংকের পাশ থেকে মাদক কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
    স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

  • কথা রাখলেন এমপি মান্নান, অসহায় যুবক পেলেন অটোরিকশা

    কথা রাখলেন এমপি মান্নান, অসহায় যুবক পেলেন অটোরিকশা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। জীবিকা নির্বাহের জন্য অসহায় যুবক দুলালকে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।
    জানা যায়, নির্বাচনী সভায় অংশ নিতে গিয়ে দুলালের আর্থিক দুরবস্থার কথা শোনেন এমপি মান্নান। সে সময় দুলাল নিজের আয়ের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকার কথা তুলে ধরে একটি অটোরিকশার আবেদন করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে স্বাবলম্বী করার আশ্বাস দেন এমপি।
    এরই ধারাবাহিকতায় আজ এমপির পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে দুলালের হাতে অটোরিকশা তুলে দেওয়া হয়। উপহার পেয়ে দুলাল আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই অটোরিকশার মাধ্যমে নিয়মিত আয় করে পরিবার চালাতে পারবেন।
    এসময় উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আ. জলিল, সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং অন্যান্য নেতাকর্মীরা।
    স্থানীয়রা বলেন, প্রতিশ্রুতি রক্ষা করে একজন অসহায় যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

  • সোনারগাঁয়ে পৃথক হামলায় বিএনপির ৩ নেতা আহত, থানায় অভিযোগ 

    সোনারগাঁয়ে পৃথক হামলায় বিএনপির ৩ নেতা আহত, থানায় অভিযোগ 

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে পৃথক হামলার ঘটনায় তিন বিএনপি নেতা আহত হয়েছেন। সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া ব্রিজ এলাকা ও উপজেলা পরিষদের সামনে পৃথক হামলার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে হামলার ঘটনা ঘটে । এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সোনারগাঁও পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগে বলা হয়, আব্দুর রহিমের নির্দেশে ২০ থেকে ২৫ জনের একটি দল বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

    হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

    আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে বলা হয়।

    ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ব্যবসায়িকভাবে ড্রেজার ও বালি ভরাটের কাজ করে আসছেন। তাদের অভিযোগ সম্প্রতি বিএনপির ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করছে।

    মামলায় অভিযুক্তরা হলেন, আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)।

    এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর কিছুই জানি না।

    সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির রফিককে পিটিয়ে আহত করা হয়। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    হুমায়ুন কবির রফিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

    সেজন্য স্থানীয় বিএনপি তার উপর ক্ষিপ্ত  ছিল বলে তিনি জানান। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

  • সোনারগাঁয়ে শব্দ দুষণের অভিযোগে দুটি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা

    সোনারগাঁয়ে শব্দ দুষণের অভিযোগে দুটি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

    এসময় অভিযানে উচ্চ শব্দ সৃষ্টি করার অপরাধে পৃথকভাবে দুটি যানবাহনকে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

    এসময় পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ রোধে সকল প্রকার যানবাহন চালককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে ভবিষ্যতে কেউ এই ধরনের আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

  • জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর এর আলিফ মোল্লা

    জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম সোনারগাঁ জি.আর এর আলিফ মোল্লা

    নিউহ সোনারগাঁ: এবারের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ.জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলিফ মোল্লা  মেধা স্থানে প্রথম হয়েছে। এবার সোনারগাঁ উপজেলা মোট ৩২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  ১হাজার ৮০জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পুরো উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
    এছাড়া তিনটি ট্যালেন্টপুল ও ৯ টি সাধারণ বৃত্তি পেয়ে পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
    জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অধিকারকারী আলিফ মোল্লা সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের মনির হোসেন মোল্লা ও মোমেনা আক্তার লাভলী দম্পতির পুত্র।
    সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, এবারের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্লাস করানো হয়েছিল। তাছাড়া শিক্ষকদের দিকনির্দেশনায়  শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করেছে। আলিফ মোল্লার সাফল্যে তিন তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    এ প্রতিষ্ঠানের অন্য দুজন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো মোরসালিন হোসাইন সূর্য ও আহনাফ আনান তৌসিফ।
    সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯জনের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিক্ষার্থী। ৪জন ছেলে বৃত্তি প্রাপ্তরা হলো আদনান, জুবায়ের আল রাহি, নাকিবুল আলম নাকিব ও আবু সাইদ। এছাড়া ৫ জন মেয়ে বৃত্তি প্রাপ্তরা হলো দিঘী,নওরিন, হাফসা, নুসরাত জাহান নুহা ও নাদিয়া আক্তার দোলা।

  • সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

    সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
    সোমবার বিকেলে স্থানীয় জনগণ প্রথমে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
    আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার আব্দুল হাই এর ছেলে মোঃ আল আমিন (২৫),এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার মৃত মাহিম মিয়ার ছেলে মোঃ সোহান (২৩),
    পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • জরুরি রক্ষণাবেক্ষণ কাজে মঙ্গলবার সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

    জরুরি রক্ষণাবেক্ষণ কাজে মঙ্গলবার সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

    নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে সংক্রান্ত কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
    যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— বাড়ি মজলিস, মোগড়াপাড়া চৌরাস্তার পূর্বপাশ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, রতনপুর, ভবনাথপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্দর, উদ্ধবগঞ্জ, হাতকোপা ও বৈদ্যের বাজার এলাকা।
    তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

  • সোনারগাঁয়ে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একজন পলাতক রয়েছে।
    রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা অভিমুখী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চলছিল। এ সময় কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামানোর সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে।
    চেকপোস্ট থেকে প্রায় ১০ গজ দূরে মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে থাকা একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কার্টনের ভেতরে ঘিয়া রঙের কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে আনুমানিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
    পরে অভিযান চালিয়ে রাত ১১টা ২৫ মিনিটে সোনারগাঁও পৌর এলাকার ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মোটরসাইকেলটি তার চাচা আবু হানিফের। চাচার অগোচরে চাচাতো ভাই নাইমের কাছ থেকে চাবি নিয়ে তিনি তার বন্ধু জীবন (২২), সাং কাঁচপুর বেহাকৈর, সোনারগাঁও, নারায়ণগঞ্জকে সঙ্গে নিয়ে বের হন।
    একপর্যায়ে তারা কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে কাঁচপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিলেন এবং গাঁজার কার্টনটি জিসানের কোলে ছিল বলে তিনি স্বীকার করেন।
    পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ:  সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়েছে।
    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত ৫টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। পিরোজপুরে একটি সচল ভাট্টি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয় এবং বাকি ভাট্টিগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি ঝাউচরে ২টি অবৈধ ঢালাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
    তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার ঘনফুট অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে প্রতিদিন সরকারের দুই লাখের বেশি টাকার গ্যাস সাশ্রয় হবে। এছাড়া বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে।
    অভিযানে তিতাসের কারিগরি টিম, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে রোজা রেখে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

    সোনারগাঁয়ে রোজা রেখে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-র বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে রোজা অবস্থায় খেলতে গিয়ে অজ্ঞান হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
    নিহত সিয়াম (১৪) ওই গ্রামের এমদাদুলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রোজা রেখে সিয়াম বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
    পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
    সিয়ামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সুস্থ-সবল একটি ছেলের হঠাৎ এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।
    ঘটনার পর থেকে এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

  • বন্দরে বিকাশ এজেন্টের কাছ থেকে পিস্তল ঠেকিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাই, আতঙ্ক

    বন্দরে বিকাশ এজেন্টের কাছ থেকে পিস্তল ঠেকিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাই, আতঙ্ক

    নিউজ সোনারগাঁ: বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বন্দর থানাধীন লক্ষণখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মদনপুর–মদনগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
    ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি জানান, প্রতিদিনের মতো তিনি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে বের হন। দুপুরে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।
    তিনি বলেন, মোটরসাইকেল থেকে দুইজন নেমে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ২ লাখ ৯২ হাজার টাকা ছিল। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার দিকে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
    ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
    এ বিষয়ে বন্দর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • জমি থেকে ইটভাটায় মাটি নিতে বাধা, সংঘর্ষে আহত ২০

    জমি থেকে ইটভাটায় মাটি নিতে বাধা, সংঘর্ষে আহত ২০

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামে কৃষিজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে মাটি ব্যবসায়ীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাজহরদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    আহতদের মধ্যে রয়েছেন কবির, আকতার, সাদ্দাম, মোস্তফা, আনোয়ার, মামুন, আমিনুল, নজরুল ও কবির হোসেনসহ মোট ২০ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    স্থানীয় সূত্র জানায়, কাজহরদী ও পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে। ভাটার নিকটবর্তী হওয়ায় প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, অনেক সময় জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নেওয়া হলেও, বেশ কিছু ক্ষেত্রে জোরপূর্বক মাটি কেটে নেওয়া হয়। এতে পার্শ্ববর্তী জমির পাড় ভেঙে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
    শনিবার রাতে মাটি কাটতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আহত কবির অভিযোগ করেন, হানিফ, মহাসিন, শারজাহান ও শানুদের নেতৃত্বে সশস্ত্র লোকজন পিস্তল, হকিস্টিক, দা ও কুড়াল নিয়ে তাদের ওপর হামলা চালায়।
    তবে অভিযোগ অস্বীকার করে শারজাহান বলেন, তিনি কন্ট্রাকটর হানিফের অধীনে কাজ করেন। প্রথমে গ্রামবাসী তাদের মোটরসাইকেল ও ভেকু ভাঙচুর করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
    এ বিষয়ে তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মারামারির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    সোনারগাঁয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    নিউজ সোনারগাঁ: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
    এরপর সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে ওসি মুহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
    সকাল ১০টার দিকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    পুরো আয়োজন জুড়ে ছিল ভাষা শহীদদের স্মরণে নীরবতা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহ।

  • সোনারগাঁয়ে নিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    সোনারগাঁয়ে নিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    নিউজ সোনারগাঁ: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
    এরপর সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে ওসি মুহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
    সকাল ১০টার দিকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    পুরো আয়োজন জুড়ে ছিল ভাষা শহীদদের স্মরণে নীরবতা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহ।

  • ভাষা আন্দোলনের অগ্রসেনানী সোনারগাঁয়ের ড. নূরুল হক ভূঁইয়া

    ভাষা আন্দোলনের অগ্রসেনানী সোনারগাঁয়ের ড. নূরুল হক ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : বাঙালির স্বাধিকার আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাসে কিছু নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল হলেও প্রচারের আলো থেকে তাঁরা অনেকটা অন্তরালেই রয়ে গেছেন। তেমনই এক ক্ষণজন্মা পুরুষ ভাষা আন্দোলনের প্রথম সারির সংগঠক এবং প্রখ্যাত বিজ্ঞানী ড. এ এস এম নূরুল হক ভূঁইয়া। জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং বিজ্ঞানের নিভৃত সাধনায় তাঁর অনবদ্য অবদান আজ আমাদের গর্বের সম্পদ।

    জন্ম ও শৈশব: ড. নুরুল হক ভূইয়া ১৯২৩ সালের ১ মে,  ঐতিহাসিক সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের  গোবিন্দপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্ম গ্রহণ করেন।ড. নূরুল হক ভূইয়ার পুরো নাম আবু সাইদ মোহাম্মদ নুরুল হক ভূইয়া। পিতা মৌলভী সাহাবদ্দীন ভূঁইয়ার আদর্শে বড় হওয়া নূরুল হকের শৈশব নাম ছিল মনির হোসেন। ছয় ভাই ও এক বোনের সংসারে মেধার দীপ্তিতে শৈশব থেকেই তিনি ছিলেন অনন্য।

    শিক্ষাজীবন: মেধার অসামান্য স্বাক্ষর

    বড় ভাই রমিজদ্দীন ভূঁইয়ার হাত ধরে বিদ্যাপীঠে যাত্রা শুরু। প্রাথমিক স্তরেই তাঁর নাম পরিবর্তিত হয়ে ‘নূরুল হক ভূঁইয়া’ স্থায়ী হয়। ১৯৩৯ সালে মহজমপুর উচ্চ বিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ প্রথম বিভাগে প্রবেশিকা (এন্ট্রান্স) পাস করার পর তিনি উচ্চশিক্ষার পথে ধাবিত হন। ১৯৪৪ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৪৫ সালে অত্যন্ত কৃতিত্বের সাথে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘স্টাডিজ অন মেটাল সালফাইড’ বিষয়ের ওপর গবেষণার স্বীকৃতিস্বরূপ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    কর্মজীবন ও শেকড়ের টান:

    ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন। ১৯৮৪ সালে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে তিনি অবসর নেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের স্যার এফ  রহমান হলের প্রথম প্রভোস্ট। ড. নুরুল হক ভূইয়ার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। ১৯৪৮ সালে কমনওয়েলথ বৃত্তি এবং ১৯৬০ সালে পাকিস্তান এটমিক এনার্জি কমিশনের ফেলোশিপ লাভের সুযোগ এলেও বিদেশের হাতছানি তাঁকে টলাতে পারেনি; মাতৃভূমির সেবা করতেই তিনি দেশে থেকে যাওয়াকে শ্রেষ্ঠ মনে করেছিলেন।

    ভাষা আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা:

    ড. নূরুল হক ভূঁইয়া ছিলেন ১৯৫২-র ভাষা আন্দোলনের অন্যতম নেপথ্য কারিগর। রাজনৈতিক প্রজ্ঞা ও সাংস্কৃতিক চেতনায় ঋদ্ধ এই মানুষটি ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের সাথে মিলে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ‘তমুদ্দুন মজলিস’। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।

    ভাষা আন্দোলনের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর প্রথম আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পিত হয় তাঁর কাঁধেই। পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পরেই তাঁর বড় ভাই রমিজ উদ্দিন ভূইয়ার তৎকালীন আবাসস্থল ‘লিলি কটেজ’-এ অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হন, যা পরবর্তীকালে গণআন্দোলনের রূপ নেয়।

    বিজ্ঞানী ও লেখক হিসেবে অবদান:

    বিজ্ঞান সাধনায় তিনি ছিলেন এক বিরল প্রতিভা। পাটের অগ্নিরোধক মিশ্রণ এবং পাটখড়ি থেকে জাইলোজ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া বর্জ্য জিপসাম থেকে সার উৎপাদনের তাঁর আবিষ্কৃত পদ্ধতি শিল্পক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা রাখে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে তিনি শিক্ষার্থীদের জন্য রচনা করেন অনন্য পাঠ্যবই ‘শিল্প রসায়ন ও রসায়ন প্রযুক্তি’।

    প্রচারবিমুখ ও প্রচারবিলাসহীন এই মহান মনীষী ১৯৯৮ সালে মৃত্যুর বরণ করার পূর্ব পর্যন্ত সময়ে নিরবে  নিভৃতে বাংলাদেশের সেবা করে গেছেন। আজ আমরা যে স্বাধীন ভূখণ্ড ও মাতৃভাষার মর্যাদা নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপনে ড. নূরুল হক ভূঁইয়ার ত্যাগ ও অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গুণী এই মানুষের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে এক অনন্ত অনুপ্রেরণার উৎস।

    মাহফুজুল ইসলাম হায়দার
    সহযোগী অধ্যাপক, ইতিহাস,
    সোনারগাঁও সরকারি কলেজ।