Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৯ নং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা (সাম্মী) নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন এবং বিদ্যালয়ের শৃঙ্খলা মানতে অনাগ্রহ দেখান। স্থানীয়ভাবে তিনি প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছামতো দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অন্যান্য শিক্ষকদের মধ্যেও বিরূপ প্রভাব পড়ছে।
    এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে তার দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা প্রায়ই কাউকে না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং বিষয়টি জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ করেন। তাকে একাধিকবার শোকজ করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দিন দিন তার আচরণ আরও কঠোর হয়ে উঠছে, যা বিদ্যালয়ের পরিবেশে অস্থিরতা সৃষ্টি করছে।
    তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মীর মাসুম বিদ্যালয় পরিদর্শনে এসে ওই শিক্ষিকাকে অনুপস্থিত পান। পরে তাকে তলব করে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ওই কর্মকর্তার সঙ্গেও অসদাচরণ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত প্রতিবেদন পাঠানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
    একাধিক অভিভাবক জানান, এ অবস্থায় তারা তাদের সন্তানদের এই বিদ্যালয়ে পাঠানো নিয়ে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, উক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক

    সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে পরিচালিত হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলো সাদিপুর নানাখী কামালেরকেট এলাকার শাকিব হোসেন, একই এলাকার আ: আমির হোসের ছেলে ফাহিম ও মৃত শফিকুল ইসলামের ছেলে মো: ইসলাম।
    এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

  • মহান মে দিবসে সোনারগাঁও জাদুঘর বন্ধ থাকবে

    মহান মে দিবসে সোনারগাঁও জাদুঘর বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) মহান মে দিবস উপলক্ষ্যে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) ‘মহান মে দিবস’ পালনের কারণে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে না।

    জাদুঘর কর্তৃপক্ষ আরও জানায়, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের স্মরণে পালিত এই গুরুত্বপূর্ণ দিবসে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে ওই দিন সোনারগাঁও জাদুঘরে আগত দর্শনার্থীরা ভেতরে প্রবেশ বা কোনো প্রদর্শনী উপভোগ করতে পারবেন না।

    তবে পরদিন থেকেই জাদুঘরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। আগামী ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) থেকে যথারীতি প্রতিদিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দর্শনার্থীদের জন্য জাদুঘরটি পুনরায় উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    এদিকে, সংশ্লিষ্টরা দর্শনার্থীদের আগেভাগে বিষয়টি জেনে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন, যাতে কেউ অপ্রস্তুত অবস্থায় এসে বিড়ম্বনায় না পড়েন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপ্রেমীদের জন্য সোনারগাঁও জাদুঘর একটি অন্যতম আকর্ষণীয় স্থান হওয়ায়, এই সাময়িক বন্ধের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, কারুশিল্প এবং বাংলার ইতিহাসের সমৃদ্ধ নিদর্শন সংরক্ষণে সোনারগাঁও জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমায়।

  • সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অধিক মুনাফার আশায় এসব জ্বালানি তেল মজুত করা হয়েছিল বলে জানা গেছে।
    বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপে করে তেল পাচারের সময় সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তেলগুলো জব্দ করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ১৩টি ড্রামে রাখা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।
    প্রশাসন জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে তেল সংগ্রহ ও মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল।
    এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে।
    অভিযানকালে সোনারগাঁ থানা পুলিশসহ পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ের দড়িকান্দি–বাংলাবাজার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    সোনারগাঁয়ের দড়িকান্দি–বাংলাবাজার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি থেকে বাংলাবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
    এই সড়কের পাশে রয়েছে অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ইউনিয়ন পরিষদ, চারটি কবরস্থান এবং একটি ব্যস্ত বাজার। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে। এছাড়াও আশেপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করেন।
    স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও করুণ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না, শ্রমিকরা কাজে যেতে দেরি করে এবং ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়।
    সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও জরুরি সেবা প্রার্থীরা। অনেক সময় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা জানান, রাস্তার এমন অবস্থার কারণে অনেক ডেলিভারি রোগী সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন না, যা জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
    এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
    স্থানীয়দের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।

  • সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টা দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হারুন মিয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার সোনাময়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সোনাময়ী ইউনিয়নের বৈদ্যবাজার এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মৃত মোতালেব হোসেনের ছেলে এবং পিয়ারা বেগমের সন্তান। অভিযানকালে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি উঠেছে।

  • সোনারগাঁও জাদুঘরে পরিদর্শনের নতুন সময়সূচি ঘোষনা

    সোনারগাঁও জাদুঘরে পরিদর্শনের নতুন সময়সূচি ঘোষনা

    নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও প্রাচীন শিল্পকর্মের এক অনন্য ভাণ্ডার। ইতিহাস ও সংস্কৃতিপ্রেমীদের কাছে এটি পরিচিত সোনারগাঁও জাদুঘর নামে, যেখানে বাংলার গ্রামীণ জীবন, কারুশিল্প, নকশা ও ঐতিহ্যের নিদর্শনগুলো জীবন্ত হয়ে ওঠে।
    সবুজে ঘেরা মনোরম পরিবেশ, প্রাচীন স্থাপত্যশৈলী এবং নান্দনিক সংগ্রহশালা মিলিয়ে এই স্থানটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এক আদর্শ গন্তব্য। এখানে ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীরা বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও শিল্পের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান।
    🔶 পরিদর্শন সময়সূচি:
    প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে বিকাল ৫:৩০টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
    🔶 সাপ্তাহিক ছুটি:
    বর্তমানে কোনো সাপ্তাহিক ছুটি নেই। সপ্তাহের যেকোনো দিনই নির্দ্বিধায় ভ্রমণ করা যাবে।
    প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে এই ঐতিহ্যের আঙিনা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে একদিনের অবকাশযাপন কিংবা শিক্ষা সফরের জন্য এটি হতে পারে চমৎকার একটি স্থান।
    আপনি যদি ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির ছোঁয়া একসাথে উপভোগ করতে চান, তবে সোনারগাঁয়ের এই জাদুঘরটি আপনার জন্য হতে পারে একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা।

  • সোনারগাঁয়ে অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় আম-লিচুর ফলনে বিপর্যয়, লোকসানের আশঙ্কায় চাষিরা

    সোনারগাঁয়ে অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় আম-লিচুর ফলনে বিপর্যয়, লোকসানের আশঙ্কায় চাষিরা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলতি মৌসুমে আম ও লিচুর ফলনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনাবৃষ্টি, তীব্র তাপদাহ এবং দফায় দফায় শিলাবৃষ্টির কারণে লিচুর ফুল ও মুকুল ঝরে পড়েছে। একইভাবে খরার প্রভাবে আমের মুকুলও নষ্ট হয়ে যাওয়ায় আশানুরূপ ফলন হয়নি। ফলে ফলের আকার ও স্বাদে পরিবর্তন এসেছে, যা নিয়ে উদ্বেগে রয়েছেন বাগান মালিক ও চাষিরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি আম গাছ রয়েছে। বাণিজ্যিকভাবে আম চাষ কম হলেও স্থানীয় চাহিদা মেটাতে এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শীত শেষে গাছে মুকুল আসার পর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় তীব্র খরায় সেই মুকুল শুকিয়ে ঝরে পড়েছে। ফলে অনেক গাছে এখন নতুন পাতার উপস্থিতি দেখা গেলেও ফলনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

    অন্যদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় ১০৮ হেক্টর জমিতে ছড়িয়ে-ছিটিয়ে সাড়ে ৩ শতাধিক লিচুর বাগান রয়েছে। এসব বাগান থেকে সাধারণত প্রায় ৭০০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়। তবে চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

    বাগান ঘুরে দেখা গেছে, কদমি, চায়না-৩, মোজাফফরপুরী, এলাচি ও পাতি জাতের লিচু চাষ হলেও কদমি জাতের আধিক্য বেশি। কিন্তু এবার প্রতিটি গাছে ফলন উল্লেখযোগ্যভাবে কম। যেখানে একটি ছড়ায় সাধারণত ২০-৩০টি লিচু থাকে, সেখানে এখন মাত্র ২-৩টি দেখা যাচ্ছে। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের।

    বাগান মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত তাপদাহ ও শিলাবৃষ্টির কারণে কীটনাশক কার্যকর হয়নি। ফলে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে এবং ফল ঝরে পড়েছে। গত বছর প্রতি পিস লিচু ৭-৮ টাকায় বিক্রি হলেও এবার ৪-৫ টাকায়ও ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়ছে। এতে করে অনেকেই শ্রমিকের মজুরি নিজেদের পকেট থেকে দিতে বাধ্য হচ্ছেন।

    লিচু চাষিরা বলেন, তীব্র গরমে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে, ফলে লিচুর আকার ছোট হয়েছে এবং বাজারমূল্য কমে গেছে। সার্বিকভাবে এবারের মৌসুম তাদের জন্য হতাশাজনক।

    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, গত বছরের তুলনায় এ বছর লিচুর বাগানের পরিমাণ কিছুটা বেড়েছে এবং উৎপাদন ৭৫০ মেট্রিক টনে পৌঁছানোর আশা ছিল। কিন্তু তাপদাহ ও বৈরী আবহাওয়ার কারণে ফলন কমে গেছে। কৃষি অফিস থেকে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে এবং সীমিত পরিসরে স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে। তবে সরকারি কোনো আলাদা বরাদ্দ না থাকায় সহায়তা সীমিত রয়েছে।

  • সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলামের মৃত্যুতে মাসুম বিল্লাহর শোক প্রকাশ

    সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলামের মৃত্যুতে মাসুম বিল্লাহর শোক প্রকাশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মরহুমের জানাযার নামাজ আজ আছরের পর দৌলরদী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া মাগরিবের পর অলিপুরা কবরস্থান সংলগ্ন স্থানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহ। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    তিনি বলেন, “মরহুম নজরুল ইসলাম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে আমরা একজন সিনিয়র, সাহসী ও ত্যাগী নেতাকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।”

    সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।

  • সোনারগাঁয়ে গৃহস্থালি পুকুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উপকরণ বিতরণ

    সোনারগাঁয়ে গৃহস্থালি পুকুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উপকরণ বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গৃহস্থালি পুকুরে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তি সেবা ও সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (২৬ এপ্রিল) ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মৎস্যচাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির লক্ষ্য হলো গ্রামের সাধারণ জনগণকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা এবং পুকুরভিত্তিক উৎপাদন বৃদ্ধি করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।
    এ কার্যক্রম বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সোনারগাঁ

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গৃহস্থালি পুকুরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পরিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ও সম্ভব।
    এসময় মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।
    উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আরও ইউনিয়নে এ কার্যক্রম চালু করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।

  • সোনারগাঁয়ে শতবর্ষী কালভার্ট ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পাঁচ গ্রামের পানিবন্দি হওয়ার আশঙ্কা

    সোনারগাঁয়ে শতবর্ষী কালভার্ট ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পাঁচ গ্রামের পানিবন্দি হওয়ার আশঙ্কা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এর সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় শত বছরের পুরোনো একটি কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

    রোববার (২৬ এপ্রিল) মদনপুর-টু-গাউছিয়া সড়কের পাশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পাঁচ গ্রামের কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা জানান, নয়াপুর বাজার সংলগ্ন এই কালভার্টটি দীর্ঘদিন ধরে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কার কাজের সময় কালভার্টটি ভরাট করে ফেলা হয়েছে, ফলে পানি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মো. ঈসমাইল, মো. আরিফ এবং সমাজসেবক মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তারা বলেন, কালভার্টটি শুধু একটি অবকাঠামো নয়, এটি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার মূল অংশ। এটি বন্ধ হয়ে গেলে আশপাশের অন্তত পাঁচ গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ পানিবন্দি হয়ে পড়বে।

    তারা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

    মানববন্ধন থেকে এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কারের পাশাপাশি ঐতিহ্যবাহী এই কালভার্ট ও সংযুক্ত খাল অক্ষত রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে এলাকার স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকে।

    পরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

  • সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
    রোববার (২৬ এপ্রিল ২০২৬) সোনারগাঁ উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
    নোটিশে বলা হয়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
    এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হবে না—তার ব্যাখ্যা দিতে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন-এর নিকট জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • শম্ভুপুরায় মাদকসহ তিন মাদকাসক্ত আটক, গাছে বেঁধে রাখল এলাকাবাসী

    শম্ভুপুরায় মাদকসহ তিন মাদকাসক্ত আটক, গাছে বেঁধে রাখল এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদকাসক্তকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের গাছে বেঁধে রাখা হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।
    আটককৃতরা হলেন— শাওন (পিতা: জাহাঙ্গীর), জাহাঙ্গীর (পিতা: নুর ইসলাম, গ্রাম: রামগৌবিন্দের গাঁও) এবং রোমান (পিতা: মেছের আলী, গ্রাম: মোগারচর)।
    ঘটনার পর তাদের স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপনের হেফাজতে রাখা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, সকালে তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
    এ বিষয়ে স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

  • সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় বড় ভাইয়ের নেতৃত্বে হামলায় ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতের নাম আব্দুল জলিল।
    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রবের নেতৃত্বে একদল লোক তার ছোট ভাই আব্দুল জলিলের ওপর হামলা চালায়।
    আহত জলিল জানান, গত কয়েকদিন ধরে তার বড় ভাই আব্দুর রবের অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। পরবর্তীতে তিতাস কর্তৃপক্ষ কারখানাটি ভেঙে দিলে এর জেরে তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
    গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

  • মাদক নির্মূলে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি

    মাদক নির্মূলে সোনারগাঁয়ে বিক্ষোভ ও মানববন্ধন, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

    শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

    মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।

    মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবীদের সবাই চেনেন ও জানেন উল্লেখ করে তারা বলেন, এসব মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই পরিবার ও সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সামির হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল মোল্লা শান্ত, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি সুলতান আল মামুন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য মোঃ আল আমিন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৫নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান শাহীন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়ামিন মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন (আঃ লতিফ মেম্বার), ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আমানুল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • আটবাড়ি গ্রাম থেকে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপুর প্রচারণা শুরু

    আটবাড়ি গ্রাম থেকে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপুর প্রচারণা শুরু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন ৭ নম্বর ওয়ার্ডের আটবাড়ি গ্রাম থেকে।
    শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে আটবাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
    এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ এবং তার সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অনেকেই সেলিম হোসেন দিপুকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আশাবাদ ব্যক্ত করেন।
    প্রচারণার শুরুতেই সেলিম হোসেন দিপু বলেন, “আমি বারদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের সেবার লক্ষ্যে নির্বাচন করছি। সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
    প্রচারণার প্রথম দিনেই তার অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে জানা গেছে।