Category: সর্বশেষ

  • কাঁচপুর ফুটওভার ব্রিজে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    কাঁচপুর ফুটওভার ব্রিজে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী ফুটওভার ব্রীজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভার ব্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

    এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে লাশটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনারগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিএনপি ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। ওয়ার্ড বিএনপির ক্লাব নির্মাণের অজুহাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবুর বিরুদ্ধে অসহায় ব্যক্তির জমি দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী দিন ইসলাম। এ বিষয়ে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী দিন ইসলাম জানান, বারদী ইউনিয়নের আলগীরচর মৌজায় তার মালিকানাধীন ২৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন আবুল কাসেম বাবু। স্থানীয় সন্ত্রাসীদের পাহারায় ওই জমির মাটি কেটে কিছু অংশ বিএনপি ক্লাবের জায়গায় ফেলা হচ্ছে এবং বাকি মাটি তার ব্যক্তিগত বাড়িতে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে তাকে ও তার ভাইকে মারধর করা হয় এবং মিথ্যা মামলার ভয় দেখানো হয়।দিন ইসলামের দাবি, ২০০৭ সালে এসএ-আরএস নামজারির মাধ্যমে বৈধভাবে তারা মিয়া, চাঁন মিয়ার কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন। জমি কেনার সময় পাশের জমির মালিক আবুল কাসেম বাবুকে কিনতে বলেছিলেন, কিন্তু তখন তিনি আগ্রহ দেখাননি। পরবর্তীতে বাবু দাবি করেন, তিনি অন্য ওয়ারিশদের কাছ থেকে জমিটি কিনেছেন।

    এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক হয়, যেখানে বাবুর জমি কেনার দাবির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিন্তু সালিশ মানতে না চেয়ে ২০১১ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২৯ অক্টোবর যুগ্ম জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মামলাটি খারিজ করে দেন।

    দিন ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর  বিএনপি নেতা আবুল কাসেম বাবু নিজেকে ক্ষমতাশালী মনে করে আরও বেপরোয়া হয়ে ওঠেন। বিএনপি ক্লাব নির্মাণের অজুহাতে জমির দখল নিতে শুরু করেন এবং বাধা দিলে হুমকি দেন।

    বিএনপি নেতা বাবুর পাল্টা দাবি
    এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবু বলেন, “২০০৭ সালে দিন ইসলাম জায়গাটি কেনার তিনদিন আগেই আমি মালিকদের মেয়েদের কাছ থেকে ক্রয় করে নামজারি করে ভোগদখল করে আসছি। দিন ইসলামের কাগজপত্র ঠিক না থাকায় সে এখনো নামজারি করতে পারেনি। এরপরও সে বিভিন্ন সময় আমাকে হয়রানি করে বিচার সালিশ করে আসছে। সেই বিচার সালিশ কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, সে যাদের টাকা দিয়েছিল, তারা জমি বুঝিয়ে দিয়েছেন। তারপরও সে আমাকে হয়রানি করছে।”

    তিনি আরও বলেন, “আমি চাইলে শেষ একটা সমাধান করতে পারি, কিন্তু করিনি। সেটা করলে সব ঠান্ডা হয়ে যাবে।”

    মামলার খারিজের বিষয়ে তিনি বলেন, “আমার উকিল একটি কাগজ সময় মতো জমা না দেওয়ায় মামলাটি খারিজ হয়েছে। আমি সেই খারিজের বিরুদ্ধে আপিল করেছি।”

    এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৫ মার্চ (বুধবার) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড (এফভিপি) মাহবুবুল হাসান, সোনারগাঁ শাখার হেড (এভিপি) মোস্তাফিজুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯৬ নং পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোক্তার হোসেন

    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
    “এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। আগে টাকা উত্তোলনের জন্য ঢাকা যেতে হতো, কিন্তু এখন এজেন্ট ব্যাংকের মাধ্যমে সহজেই নিকটস্থ স্থান থেকে সেবা গ্রহণ করা যাবে। ব্যাংক এশিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক, যা উন্নত সেবা প্রদান করছে। সবাইকে ব্যাংকের সঙ্গে যুক্ত থেকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানাই।”

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • বন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

    বন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আওয়ামী ফ্যাসিস্টদের দোসর মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।

    তবে তাৎক্ষনিক বিস্তারিত জানা যায়নি।

    এরআগে গত বছরের ২০ জুন স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত জামিন নামঞ্জুর করে মাকসুদ চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেন।

    পরে ২৪ জুন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিন দিলে তিনি ২৫ জুন কারামুক্ত হন।

    উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে মুছাপুর ইউনিয়নে নিজের ও পরিবারের আধিপত্য বিস্তার করেছে।

    স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের প্রভাব খাটিয়ে মুছাপুর এলাকায় দিনকে রাত আর রাতকে দিন বানিয়েছেন মাকসুদ ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ।

    তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর স্ত্রীর দায়ের করা মামলায় মাথায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা মাকসুদ হোসেন মুছাপুরে ফিরে এসে শেখ হাসিনার পতনে আনন্দ মিছিল করে। মিষ্টি বিতরন করেন।

    এদিকে ক্ষমতার জোরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল বন্দর উপজেলার অপসারন হওয়া চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার পরিবারসহ তাদের দোসররা।

    গত বছরের ৮ জুন উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিপক্ষে অবস্থান নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাকসুদ। স্বাধীনতার আগে থেকে এ পরিবারের কাছে জিম্মি হয়ে আছে মুছাপুর ও কুড়িপাড়া এলাকাবাসী।

    এখনো ভয়ে কেউ কিছু বলতে পারেনা। বিগত দিনের তাদের কর্মকান্ডে এখনো আতকে উঠতে হয়। এমনই অভিযোগ স্থানীয়দের। গত ৫ আগষ্টে তাদের তান্ডবে মুছাপুর ইউনিয়নবাসীকে আবারো সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

    গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী বিজয় উল্লাসের সুযোগে দেশে এক শ্রেনী লোক ব্যাপক তান্ডব চালায়। সেই তান্ডবের একটি অংশ মুছাপুর ইউনিয়ন।

    মাকসুদের নির্দেশে তার ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে মাকসুদ চেয়ারম্যানের পিএস ইকবাল, মনির মেম্বার, মনোয়ার মেম্বার, সোহেল মেম্বারসহ, ৪/৫শ’ লোক নিয়ে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর মিয়ার বাড়ি, মুছাপুর ইউনিয়নের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ায় বারপাড়া এলাকায় আলী হোসেনের বাড়ি, আনোয়ার মেম্বারের বাড়ি, মালিভীটা এলাকার সফরউদ্দিন মেম্বারের বাড়ি, শাসনেরবাগ এলাকায় জাপা নেতা রবিউল আউয়ালের বাড়ি, মতিউর রহমানের বাড়ি ও হরিবাড়ি এলাকার সৈয়দ আহাম্মদের বাড়িতে তান্ডব চালায়।

    তারা ভাংচুর চালিয়ে ক্ষান্ত হয়নি বাড়িতে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেয়। তারা সেই ৭১ এর পাক হানাদারের মত বর্বরতা চালায়। মুছাপুর ইউপির একাধিক ভ’ক্তভোগী জানান, মাকসুদ চেয়ারম্যান পরিবারের কাছে জিম্মি তারা যুগের পর যুগ ধরে এ জিম্মি দশা থেকে মুক্ত হতে পারছেন না।

  • এনসিপি’তে মূখ্য সমন্বয়ক কে এই তুহিন মাহমুদ

    এনসিপি’তে মূখ্য সমন্বয়ক কে এই তুহিন মাহমুদ

    ব্বিশের গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে দেশের রাজনীতিতে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লাখো তারুণ্যের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার। নাহিদ ইসলামকে আহবায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে দলটি। আত্মপ্রকাশের পরদিন শনিবার (১ মার্চ) রাতে ২১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেছে এনসিপি। সেখানে জায়গা পেয়েছেন  প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের সন্তান তুহিন মাহমুদ। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার জাঙ্গাল গ্রামের মরহুম বদরুজ্জামানের সন্তান তুহিন মাহমুদ। ছোটবেলা থেকেই তুখোর মেধাবী তুহিন মাহমুদ স্থানীয় নূরানী মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ সম্পন্ন করেন। এরপর বন্দর উপজেলার মদনপুরে রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে ২০১০ সালে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে দাখিল (মাধ্যমিক) পাশ করেন। এরপর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ২০১২ সালে আলিম পাশ করে ২০১৩-১৪ সেশনে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট  থেকে স্নাতক ও স্নাতোকত্তর পাশ করে স্কলার্শিপ নিয়ে জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহন করেন তুহিন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও বেসরকারি সংস্থায় কর্মরত তুহিন মাহমুদ ছাত্র জীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কর্মকান্ডে জড়িত। এর আগে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
    নতুন দলে  কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন। বলেন, দেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ২৪এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন সুচনা করেছেন। তারা এখন চায় তরুণরা এগিয়ে আসুক। দেশ গঠনে কাজ করুক। তারা অতীতে অনেককে দেখেছে, এখন তরুণদেরকেও দেখতে চায় কতটা পরিবর্তন করতে পারে। দেশকে এগিয়ে নিতে কতটা কাজ করে। ইনশাআল্লাহ আমরাও জনআকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবো। একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ দেশ, স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতামুলক রাষ্ট্র কায়েক করতে চাই। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন ও জনগনের অংশগ্রহন নিশ্চিতে কাজ করতে চাই। বিশেষভাবে আমার নিজ জন্মস্থান সোনারগাঁয়ের মানুষের অধিকার নিশ্চিত ও উন্নয়নের জন্য নিরলসভাবে ভুমিকা রাখতে চাই।

  • দালালের খপ্পরে পড়ে স্বপ্নের মৃত্যু

    দালালের খপ্পরে পড়ে স্বপ্নের মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন।

    সোমবার (৩ মার্চ) সকালে তার লাশ চরকিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। লাশ আনার পর তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠে।

    এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদি হয়ে গত ১৯ জানুয়ারী বিকেলে সোনারগাঁ থানায় দু’জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা ফোনেও তাদের সঙ্গে কথা বলেননি। সোমবার সকালে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় তার বাড়িতে লাশ নিয়ে আসা হয়। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়।

    কোহিনূর বেগম অভিযোগে উল্লেখ করেন, ‘আমার স্বামী দেশে ব্যবসা করত, কিন্ত ব্যবসার অবস্থা ভাল ছিল না। এ কারণে সংসারে স্বচ্ছলতা ফেরাতে সে তুরস্ক যাওয়ার স্বপ্ন দেখে।

    মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর কাইজ এলাকার জাহিদ (৪৫) ও তার বন্ধু কালাম হোসেন মান্নান (৫৫) নামক দুই আদম ব্যবসায়ী তাকে ৮ লক্ষ টাকার বিনিময়ে তুরস্ক নেয়ার কথা বলে গত ৮ মাস পূর্বে উজবেকিস্তানে নিয়ে ছেড়ে দেয়। সেখানে দিনের পর দিন কোনো খোঁজ খবর না নিয়ে ফেলে রাখে এবং তুরস্ক নেয়ার কথা বললে টালবাহানা করতে থাকে। পরবর্তীতে ফোন কলের মাধ্যমে তার অবস্থা অনেক খারাপ বলে পরিবারকে জানায়। ’

    স্ত্রী কোহিনূর বেগম বলেন, ‘আমার স্বামীর অবস্থা খারাপ বলে দালালদের জানানো হলে তারা ব্যবস্থা নেয়ার কথা বলে পুনরায় ৮০ হাজার টাকা নিয়ে যায়।

    কিন্তু গত ১৩ জানুয়ারি কবির হোসেন মারা গেছে বলে জানতে পারে পরিবার৷ স্বামীর লাশটা ফেরত পাওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে উল্টো ক্ষতিপূরণ না দিয়ে বিভিন্নভাবে মামলার ভয়ভীতি ও হুমকি প্রদান করে দালালরা। ’

    নিহতের ফুফাতো ভাই রফিকুল ইসলাম বলেন, কবির হোসেনের দুই ছেলে, তিন মেয়ে। আর্থিক দুরবস্থায় পড়ে ভাগ্য ফিরাতে বিদেশ গিয়েছে। কে জানতে তার এ পরিণতি হবে। তার দু’ চালা ঘরের দরজা পর্যন্ত নাই। পুরানো কাপড় ঘরের দরজা হিসাবে ব্যবহার করে। কবির হোসেনের মৃত্যুতে তার পরিবার অথৈ সাগরে হাবু ডুব খাচ্ছে।

    এ বিষয়ে অভিযুক্ত আদম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হলে কল রিসিভ করে পরিচয় জানার পর মোবাইল বন্ধ করে দেয়।

    সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বসাককে একাধিকবার ফোন দেওয়ার হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে তিনি কোর্টে মামলা করার পরামর্শ দেন। কি কারনে এসআই যাননি এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

    নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ- অঞ্চল) আসিফ ইমাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে আহত

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে আহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাক্ষণবাওগাঁ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘবদ্ধ হামলায় তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।

    সোমবার (৩ মার্চ) দুপুরে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রাক্ষণবাওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— মৃত আলী আকবরের ছেলে দৌলত মিয়া, সাদ্দাম মিয়া ও আওলাদ মিয়া।

    ভুক্তভোগী দৌলত মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে তার ছোট ভাই সাদ্দাম মিয়া অটোরিকশা নিয়ে বাড়ির সামনে পৌঁছালে মুক্তার হোসেন, শহিদুল্লা, মামুন, সোহেল, মুক্তার জাকিরসহ ১০-১৫ জনের একটি দল তাকে গতিরোধ করে। তারা সাদ্দামকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।

    এ সময় দৌলত মিয়া এগিয়ে গেলে হামলাকারীরা তাকে চাপাটি দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া, ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আজিজের স্ত্রী জুমা আক্তারকেও মারধর করা হয়।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দৌলত মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    দৌলত মিয়া আরও জানান, হামলাকারীরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে ছিনতাইকারী চক্রের মুল হোতা গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ছিনতাইকারী চক্রের মুল হোতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক ছিনতাই চক্রের মূলহোতা। রবিবার সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। 
    আটককৃত যুবকের নাম সায়মন হাওলাদার (২১) । সে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।
    র‌্যাব জানায়,  সোনারগাঁয়ে ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদারকে (২১) আটক করা হয়েছে।  এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  আটককৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
  • সোনারগাঁয়ে ভরপুর তরমুজ, তবুও বাজার চড়া

    সোনারগাঁয়ে ভরপুর তরমুজ, তবুও বাজার চড়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাস চলছে, আর এ সময়ে ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ তরমুজ। সোনারগাঁয়ের বিভিন্ন হাট-বাজারে এখন তরমুজের সরবরাহ বেশ ভালো থাকলেও দাম রয়েছে চড়া। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, এ বছর তরমুজের উৎপাদন ভালো হলেও পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে খুচরা বাজারেও দাম বাড়তি।

    সোনারগাঁয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের তরমুজ প্রতি কেজি ৬০-৭০ টাকা এবং বড় আকৃতির তরমুজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা অভিযোগ করছেন, রোজার শুরুতে দাম আরও বেশি ছিল, এখনো সহনীয় হয়নি।

    স্থানীয় এক বিক্রেতা জানান, “আমাদের কাছে পর্যাপ্ত তরমুজ আছে, কিন্তু ঢাকার পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

    ইফতারি হিসেবে তরমুজের চাহিদা বরাবরই বেশি। বিশেষ করে সারা দিনের রোজার পর ঠান্ডা ও রসালো এই ফল খেলে তৃপ্তি মেলে বেশি। তাই উচ্চমূল্য সত্ত্বেও ক্রেতারা কিনতে বাধ্য হচ্ছেন।

    ভোক্তারা আশা করছেন, রমজানের মাঝামাঝি বা শেষের দিকে তরমুজের দাম কিছুটা কমবে এবং সবাই সহজে এই সুস্বাদু ফল উপভোগ করতে পারবেন।

  • শামীম ওসমানের পাটনার নিয়াজ উদ্দিনকে সোনারগাঁ থানায় হস্তান্তর

    শামীম ওসমানের পাটনার নিয়াজ উদ্দিনকে সোনারগাঁ থানায় হস্তান্তর

    বন্দরের নাসিক ২৪ নং ওর্য়াডের কামাল উদ্দিন মোড় এলাকার বিশেষ ট্রাইবুনাল, হত্যাসহ একাধিক মামলার আসামি নিয়াজ উদ্দিন আহমেদ (৫২)কে এলাকাবাসী আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। গতকাল শনিবার ১মার্চ দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকা হতে নিয়াজ উদ্দিন আহমেদকে আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত ইউসি মহিউদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে। যে মামলায় নিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার। এছাড়া সোনারগাঁ থানায় হেফাজত কর্মী হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানায় ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের ও জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। নিয়াজ উদ্দিন সাবেক এমপি শামীম ওসমানে ঘনিষ্ট ও ব্যবসায়ীক পাটনার।

    নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার কবল হতে মসজিদের জায়গা রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরয়া হয়নি।

    এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আমি এ বিষয়ে অবগত রয়েছি। আমি এসপি অফিসে আছি। খরব পেয়েছি এলাকাবাসী নিয়াজ নামের একজনকে আমাদের থানায় দিয়েছে। উনি আটক আছেন।

  • জাতীয় নাগরিক পার্টিতেও কেন্দ্রীয় সদস্য সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    জাতীয় নাগরিক পার্টিতেও কেন্দ্রীয় সদস্য সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের ৪ তরুণ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ১৭১ জনের ঘোষিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন তারা। সেই কমিটিতে নতুন করে সদস্য হিসেবে পদ পেয়েছেন সোনারগাঁয়ের তুহিদ মাহমুদ।

    তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

    তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

  • সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইউনুস মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল।

    প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

    • বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ মেম্বার
    • বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান
    • বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক গ্রাম সরকার আলাউদ্দিন
    • বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা মো. হোসেন
    • পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী
    • বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন
    • সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন
    • বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান
    • পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল সিকদার

    এছাড়াও বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের নেতা নাছির উদ্দিন, নবির হোসেন, মোমেনসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

    বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ে পিকআপের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু: দুর্ঘটনা নাকি হত্যা? তদন্তের দাবি

    সোনারগাঁয়ে পিকআপের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু: দুর্ঘটনা নাকি হত্যা? তদন্তের দাবি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মারীপাড়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ গ্রামের বাবুল মিয়া ও তার স্ত্রী পিয়াঙ্কা।

    পরিবারের দাবি: পরিকল্পিত হত্যা
    পরিবারের সদস্যদের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত বাবুল মিয়ার বোন মেহেরুন নেছা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া তাদের হয়রানি করছিলেন। বাবুল মিয়াকে একটি এনজিও থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে তার পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে লিখে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে আদালতে মামলা চলছিল।

    পুলিশি হয়রানি ও রহস্যজনক দুর্ঘটনা
    সোমবার সকালে বাবুল মিয়া পুকুর থেকে মাছ ধরতে গেলে পলাশ মিয়া তালতলা ফাঁড়ি থেকে পুলিশ এনে তাকে ধাওয়া করে। গ্রেপ্তার এড়াতে বাবুল মিয়া সারাদিন আত্মগোপনে ছিলেন এবং জমি সংক্রান্ত বিরোধ এড়াতে অন্যত্র বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন।

    সোমবার রাত ১০টার দিকে স্ত্রী পিয়াঙ্কাকে নিয়ে মালপত্রসহ ভাড়া বাসায় যাওয়ার পথে অজ্ঞাত এক পিকআপ ভ্যান তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া ও তার স্ত্রী মারা যান।

    পলাশ মিয়ার রহস্যজনক ভূমিকা
    বাবুলের পরিবারের অভিযোগ, তাদের মৃত্যুর পর পলাশ মিয়া একাই ধর্মীয় রীতিনীতিসহ সব কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিবারের অন্য সদস্যদের এতে অংশ নিতে দিচ্ছেন না। এতে তার ভূমিকা আরও সন্দেহজনক হয়ে উঠেছে।

    প্রশাসনের বক্তব্য
    এ বিষয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফেরদৌস ইসলাম জানান, এটি সড়ক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে জমি সংক্রান্ত বিরোধের কারণে পুলিশ তাদের বাড়িতে গিয়েছিল কি না, তা তিনি নিশ্চিত নন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    পলাশ মিয়ার অবস্থান ও স্থানীয়দের প্রতিক্রিয়া
    নিহত বাবুলের ভাতিজা হানিফ মিয়া বলেন, “আমার চাচাকে সকালেই পুলিশ হয়রানি করেছে, আর রাতে তিনি ও চাচি পিকআপ দুর্ঘটনায় মারা গেলেন। এটি নিছক দুর্ঘটনা নয়, এর আসল রহস্য উদঘাটন করা দরকার।”

    এদিকে, জামপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোতালেব ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে তাদের সঙ্গে পলাশ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ছিল বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।

    ঘটনার পর থেকে পলাশ মিয়ার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় পাওয়া যাচ্ছে না।

    পরিবারের দাবি: সুষ্ঠু তদন্ত ও বিচার
    নিহতদের পরিবারের সদস্যরা এ ঘটনাকে নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে জামায়াতের বিক্ষোভ

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে জামায়াতের বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা জেলার বন্দর উপজেলার মদনপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    ইকবাল হোসাইন বলেন, দ্রব্যমূল্যের কশাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষ রমজান আসলে সিন্ডিকেট করে বাজারের দাম বাড়িয়ে দেয়। হুঁশিয়ারি করে বলে দিতে চাই কেউ অন্যায়ভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে জামায়াত ব্যবস্থা নিতে বাধ্য হবে। রমজানে দিনের বেলায় কোনো হোটেল ও রেস্তোরা খোলা যাবে না।

    অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে পণ্যের কারসাজি হলে আমরা মানবো না।

    সোনারগাঁ উত্তর থানা আমির মাওলানা মো. ইসহাকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলার কর্মপরিষদ সদস্য মো. সালাহ উদ্দিন, মাওলানা মো. খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিণ থানা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. ইয়াছিন মোল্লা, মো. ইয়াছিন মিয়া প্রমুখ।

     

  • রোজার আগেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম

    রোজার আগেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান শুরু হতে আর দুই–তিন দিন বাকি। তবে এর মধ্যেই সোনারগাঁয়ের বাজারগুলোতে বেড়েছে লেবু, বেগুন ও শসার দাম। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম এখনো বাড়েনি। আগের দামেই স্থিতিশীল রয়েছে এসব পণ্য।

     

    আজ শুক্রবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর, মেঘনা শিল্পনগরী, বারদিসহ বিভিন্ন বাজারে ঘুরে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে, ‘রোজার পণ্যে’র দরদামের এমন চিত্র দেখা গেছে। ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকে।

    বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে লেবু বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এলাচি লেবুর হালি ছিল ২০ থেকে ৪০ টাকা। এখন ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সিলেটের শরবতি লেবুর দাম প্রতি হালি ১০০-১২০ টাকা। আর প্রতি হালি কাগজি লেবুর দাম ৭০-৮০ টাকা।

     

    বিক্রেতারা বলছেন, রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক বেড়েছে; কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছে না।

    বিশেষ করে এখন লেবুর সিজন না। শীতকালে লেবুর ফলন হয়। এই সময় লেবুর ফুল আসা শুরু করেছে। বাজারে শীতকালের মতো দাম কমতে দুই তিন মাস লাগবে। এ কারণে দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, সোনারগাঁয়ে মুলতত সিলেট, সাতক্ষীরা, চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে লেবু আসে। এছাড়া লেবুর পাশাপাশি মাল্টার দামও কেজিতে ১৫-২০ টাকা করে বেড়েছে।

    আজ বিভিন্ন বাজারে এক কেজি মাল্টা ২৫০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। ইফতারের সময় খাওয়া হয় এমন অন্যান্য ফলের দামও কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

    ইফতারের সময় বহুল ব্যবহৃত দুটি পণ্য—বেগুন ও শসার দামও কিছুটা বাড়তি।

    আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হাইব্রিড শসা ৫০-৬০ টাকা ও দেশি শসা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  খিরাইও দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে ১০-২০ টাকা করে কম ছিল।

     

    তবে বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম। আগের বছরগুলোতে রোজার শুরুতে খেজুর, ছোলা প্রভৃতির দামে কিছুটা বাড়তি প্রবণতা দেখা যেত। তবে এবার ব্যতিক্রম। এর কারণ, এ বছর রমজানের আগে সরকার খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে; যার ফলে বেড়েছে আমদানি।

     

     ব্যবসায়ীরা জানান, গত এক মাসের মধ্যে মানভেদে খেজুরের দাম কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে। যেমন বর্তমানে প্রতি কেজি জায়েদি খেজুর ২২০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ৩০০-৪৫০ টাকা ছিল। এ ছাড়া সাধারণ মানের মাবরুম খেজুর ১২০০-১৩০০ টাকা, আজওয়া ৭০০-৮০০ টাকা, মেডজুল ৯০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

    বাজারে ছোলার দামও আগের তুলনায় কমেছে। এক মাস আগে এক কেজি ছোলার দাম ছিল ১৩০ টাকা। আজ প্রতি কেজি ছোলা ১০৫ থেকে ১১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম আগের মতোই রয়েছে। মানভেদে প্রতি কেজি চিড়া ৭০-৮০ টাকা, আখের গুড় ১৪০-১৮০ টাকা, খেজুর গুড় ২৫০-৩০০ টাকা ও মুড়ি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

  • মোবাইল গেমের আসক্তি: সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    মোবাইল গেমের আসক্তি: সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে মর্মান্তিক এক ঘটনায় মোবাইল গেমের আসক্তির জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম (৯) নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের লিচু বাগান থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

    সোনারগাঁ থানার ওসি আব্দুর বারি জানান, ইব্রাহিমের বাবা মহব্বত আলী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, ইব্রাহিমের বড় ভাই সাব্বির (১৫) মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল। ইব্রাহিমও মাঝে মাঝে মোবাইলে গেম খেলতে চাইতো, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে সাব্বিরের মনে ক্ষোভ জন্মায় এবং সে ছোট ভাইকে হত্যার সিদ্ধান্ত নেয়।

    পরিকল্পনা অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির ইব্রাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং লিচু বাগানে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে সে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সাব্বিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    ওসি আব্দুর বারি বলেন, “বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের বিষয়টি দুঃখজনক। আমাদের প্রতিটি পরিবারের সন্তানদের প্রতি নজর দেওয়া উচিত, যাতে তারা মোবাইল আসক্ত হয়ে না পড়ে।”