Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে রেস্তোরাঁর বিদ্যুতের তার কেটে চুরির অভিযোগ, ভবন মালিকের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে রেস্তোরাঁর বিদ্যুতের তার কেটে চুরির অভিযোগ, ভবন মালিকের বিরুদ্ধে

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা শপিং কমপ্লেক্সে একটি রেস্তোরাঁর বিদ্যুতের তার কেটে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় রেস্তোরাঁর ম্যানেজার মো. ইমন মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে উল্লেখ করা হয়, আল-মদিনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার রেস্তোরাঁটি ২০২০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তির মাধ্যমে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন ব্যবসায়ী মো. মাহাবুব মামুন শিকদার। অভিযোগ অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অধিক ভাড়ার আশায় ভবন মালিক মাজহারুল ইসলাম নবী রেস্তোরাঁটি অন্যের কাছে ভাড়া দেওয়ার চেষ্টা করেন।
    রেস্তোরাঁ কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতিষ্ঠান ছাড়তে অস্বীকৃতি জানালে, ভবন মালিকের নেতৃত্বে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন সময়ে পানির ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
    লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ আগস্ট রাতে প্রতিদিনের মতো রেস্তোরাঁ বন্ধ করে সবাই চলে যাওয়ার পর ৫ আগস্ট সকালে এসে দেখা যায়, রেস্তোরাঁর বিদ্যুতের মূল সংযোগের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
    অভিযোগকারী মো. ইমন মিয়া জানান, তিনি রেস্তোরাঁটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে অভিযোগে অভিযুক্ত ভবন মালিক মাজহারুল ইসলাম নবীর বক্তব্য জানা সম্ভব হয়নি।
    সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত সব তথ্য অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

  • সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ

    সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ

    নিজস্ব প্রতিবেদক :.১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হয়েছে সোনারগাঁয়ের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো. হাফিজ উল্লাহ।
    ৪ সদস্যের এডহক কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান ও অভিভাবক সদস্য মনির হোসেন মোল্লা।
    অধ্যাপক মো. হাফিজ উল্লাহ এর আগেও সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    তিনি সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন থেকে এসএসসি, নটোরডেম কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয থেকে ১৯৭২ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পাস করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের শামসুজ্জোহা হলের ভিপি হিসেবে নির্বাচিত হন তিনি। পরে একই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে যোগদান করেন।
    তিনি সোনারগাঁ পাইলট গার্লস হাই স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং ১০ বছর ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন এবং সমস্যা সংকুল প্রতিষ্ঠানটির শিক্ষা অবকাঠামগত উন্নয়ন এবং শৃঙ্খলায় অবদান রাখেন। তিনি সোনারগাঁ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
    অধ্যাপক হাফিজুল্লাহ রোটারি ইন্টারন্যাশনাল এর সাথে যুক্ত হন ১৯৮৫ সনে এবং বিভিন্ন সেবামূলক কাজে অবদান রাখেন। তিনি ১৯৯৮ সালে রোটারি গ্রুপ স্ট্যাডি এক্সচেঞ্জ প্রোগ্রামের লিডার হিসেবে মিশিগান ইউএসএ এবং অন্টারিও কানাডায় পাঁচ সপ্তাহ রোটারির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করেন।
    তিনি বাংলাদেশ রোটারির গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ২০০৮-৯ সালে গভর্নরের দায়িত্ব পালন করেন। সারাদেশে শিক্ষা ও স্বাস্থ্য বিশুদ্ধ পানীয় জল ও অভুক্তদের খাদ্য সহযোগিতায় ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত ৬ বছর রোটারি ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন জেলায় বিশুদ্ধ পানি বিশেষত বিভিন্ন স্কুল কলেজে ছাত্রীদের জন্য আলাদা বাথরুম ও স্যানিটেশনের ব্যবস্থা করেন। করোনার সময় বিভিন্ন হাসপাতালে করোনার চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় অবদান রাখেন।
    তিনি রোটারি গভর্নর হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য ২০০৮ সালের জানুয়ারিতে স্বস্ত্রীক আমেরিকার সিন্ডিয়াগোতে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ব্যাংকক রোটারি ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ছিলেন, বালি রোটারি ইনস্টিটিউটের কান্ট্রি চেয়ারম্যান ছিলেন এছাড়াও মালয়েশিয়া তাইওয়ান হংকং সিঙ্গাপুর ফিলিপিনস নেপাল ও ভারতে রোটারির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ানাপলিস ইউএসএ, শিওল কোরিয়া ব্যাংকক থাইল্যান্ড ও তাইপে তাই ওয়ান এবং বার্মিংহাম ইংল্যান্ডে রোটারি কনভেনশনে অংশগ্রহণ করেন।
    কর্মজীবনে তিনি কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ও মুখ্য নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কর্ণফুলী ইন্সুরেন্স পি এল সি ও মেঘনা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জৈষ্ঠ্য ইন্সুরেন্স নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অফ ইন্সুরেন্স
    এক্সিকিউটিভ এর সভাপতি হিসেবে বিগত ১২ বছর দায়িত্ব পালন করছেন।
    অধ্যাপক হাফিজুল্লাহ রোটারি পার্লামেন্ট সি ও এল এর সদস্য হিসেবে আমেরিকার শিকাগো শহরে পার্লামেন্টে অংশগ্রহণ করেন এবং রোটারি আইন কানুনের উপর বলিষ্ঠ বক্তব্য রাখেন যাহা বাংলাদেশকে বিশ্বের কাছে মেলে ধরতে সাহায্য করেছে।

  • বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

    বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।
    দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা খাতুন। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মহান গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
    এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, শহীদদের রক্তের ঋণে গড়া এই বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যাবে এবং তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
    বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

    বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

    বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
    নিজস্ব প্রতিবেদক:  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
    কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
    এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়ন করি বাস্তবায়ন।”
    আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। এটি শিশুর সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
    বক্তারা মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

  • ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক ঃ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাক ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা মজিবুর রহমান ভূঁইয়া।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক বশির উদ্দিন ফকির এবং নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চঞ্চল।
    সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব ভূঁইয়া।
    এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব শিকদার, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক রাসেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কামরুজ্জামানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    আলোচনা সভায় বক্তারা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির মরহুম চেয়ারম্যানসহ সকল শহীদ ও আহতদের মাগফিরাত, সুস্থতা এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক :  জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এক মর্যাদাপূর্ণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব কাজী মাহবুবুল আলম।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
    সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত বীরদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, তাঁদের আত্মত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানে রাধাকৃষ্ণ ও লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

    সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানে রাধাকৃষ্ণ ও লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

    পরিমল বিশ্বাস,
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী শ্রী শ্রী নগরবাসী সাধু বাবার সেবাশ্রম ও মহাশ্মশানে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
    বুধবার (৫ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন গাবতলী শ্রী শ্রী নগরবাসী সাধু বাবার সেবাশ্রম ও মহাশ্মশান কমিটির সভাপতি রঞ্জিত ঘোষ মনু এবং সাধারণ সম্পাদক শুভ রঞ্জন বিশ্বাস।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি অভিরাজ সেন সজল, শুভ সাহা ও চম্পা রানী বিশ্বাস, বিশিষ্ট গীতা পাঠক তপন ধর তপু, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব সাহা ও কল্পনা রানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নিবু দাস, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম চন্দ্র মনদাস, ধর্ম ও পূজা উদযাপনবিষয়ক সম্পাদক সুনাই বিশ্বাস, সহ-ধর্ম ও পূজা উদযাপনবিষয়ক সম্পাদক রবি চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির সভাপতি লিটন ঘোষ, সহ-সভাপতি দীপক দাস, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিমল দাসসহ সেবাশ্রম ও মহাশ্মশান কমিটির সদস্যবৃন্দ এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।
    বক্তারা বলেন, মন্দির দুটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই মন্দির নির্মাণকাজের সফল সমাপ্তি কামনা করেন।

  • সোনারগাঁও পৌরসভার শাহাপুরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    সোনারগাঁও পৌরসভার শাহাপুরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

    নিজস্ব প্রতিবেদক : একদিনের টানা বৃষ্টি কিংবা সামান্য ভারী বর্ষণ হলেই নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহাপুর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গোয়ালপাড়া, নয়াপাড়া, জেলেপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

    এলাকাবাসীর অভিযোগ, এটি তাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

    স্থানীয়দের দাবি, অপরিকল্পিত নগরায়নের কারণে আশপাশের পুকুর-ডোবা ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে না এবং দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী থাকে।

    জলাবদ্ধতার কারণে অনেক বাড়িতে বিষাক্ত সাপ, ব্যাঙসহ বিভিন্ন ধরনের প্রাণী ঢুকে পড়ছে। অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নারীরা।

    এ বিষয়ে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ বলেন, “শাহাপুর এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ দ্রুত নিরসনে আমি সোনারগাঁও পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অতি দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং একটি টেকসই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারেন।”

  • সাদিপুর স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    সাদিপুর স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত সোমবার (৩ আগস্ট) সকাল ১০ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম বাংলা টিউবস-এর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তাবারক হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য আবু হামজা ছাদসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ‎বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

    সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

    নিউজ সোনারগাঁ : জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২৫(১) ধারার ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়েছে।

    অফিস আদেশ অনুযায়ী, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত কমিটির সভাপতি, স্থানীয় এমপি আজহারুল ইসলাম মান্নান পুত্র ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।

    অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের গত ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল, সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়।

    নবগঠিত এডহক কমিটি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সোনারগাঁর ক্রীড়াঙ্গনে নতুন গতি আনবে বলে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা।

  • “কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে” সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ

    “কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে” সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ

    (সোনারগাঁয়ে অসহনীয় লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
    “কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে” সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ)

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলা সদর, থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উপজেলার অধিকাংশ গ্রিড এলাকায় দিনের পর দিন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
    স্থানীয়দের ভাষায়, এখন আর “কারেন্ট যায়” না, বরং “মাঝে মধ্যে আসে”। এমন পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
    সম্প্রতি দুই বন্ধুর কথোপকথনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে। একজনের বাড়ি বন্দরে, অপরজনের সোনারগাঁয়ে। কথা বলার মাঝেই বিদ্যুৎ চলে গেলে বন্দরের বন্ধু জানতে চান, “তোদের এখানে কখন কারেন্ট যায়?” জবাবে সোনারগাঁয়ের বন্ধু বলেন, “আমাদের এখানে কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে।” তখন বন্দর এলাকার বন্ধুও একই সুরে বলেন, “ঠিক বলেছো বন্ধু, আমাদের এখানেও যায় না, মাঝে মধ্যে আসে।” এই কথোপকথনই যেন বর্তমান লোডশেডিং পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে।
    ভুক্তভোগীদের অভিযোগ, গ্রীষ্মকাল শুরু হওয়ার পর থেকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাকি সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান মালিক, শিক্ষার্থী, গৃহিণীসহ সব শ্রেণি-পেশার মানুষ।
    এক ব্যবসায়ী জানান, সকালে দোকান খুলেই দেখা যায় বিদ্যুৎ নেই। বেলা ১১টা বা সাড়ে ১১টার দিকে আসে, আবার দুপুরে চলে যায়। সন্ধ্যার পরও একই অবস্থা। রাতে বাড়িতে ফিরেও বিদ্যুৎ পাওয়া যায় না। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
    এক গৃহিণী বলেন, বিদ্যুৎ না থাকায় বাড়ির পানির ট্যাংকে পানি তুলতে সমস্যায় পড়তে হচ্ছে। কখন বিদ্যুৎ আসবে বা যাবে তার কোনো নির্দিষ্ট সময় না থাকায় প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। প্রচণ্ড গরমে সন্তানদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। সামনে পরীক্ষা থাকায় অভিভাবকদের উদ্বেগ আরও বেড়েছে।
    এক ক্ষুদ্র কারখানা মালিক বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। অন্যদিকে শ্রমিকদের বসিয়ে রেখেও বেতন দিতে হচ্ছে।
    আরেক দোকানি অভিযোগ করে বলেন, বিদ্যুতের দাম বাড়লেও সেবার মান বাড়েনি। আগে যেখানে মাসিক বিল এক হাজার টাকার মতো আসত, এখন চার হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না।
    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং নিয়ে প্রতিদিন অসংখ্য ক্ষোভের পোস্ট দেখা যাচ্ছে। অনেকেই বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন। কেউ কেউ মানববন্ধন ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচির আহ্বানও জানাচ্ছেন।
    স্থানীয়দের দাবি, দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।

  • সোনারগাঁয়ের বারদীর চকবাজারে বেহাল সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

    সোনারগাঁয়ের বারদীর চকবাজারে বেহাল সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

    নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খানাখন্দে ভরা সড়ক এবং সামান্য বৃষ্টিতেই জমে থাকা কাদাপানির কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

    স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করছেন। অনেক সময় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।

    এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
    স্থানীয়দের মতে, জনস্বার্থে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা অত্যন্ত জরুরি।

  • সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ
    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
    আটক ব্যক্তি হলেন সাইফুল ইসলাম। তিনি উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চৈরাপাড়া গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সোনারগাঁ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তার বাবা শহিদুল্লাহ সরকার নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (তারিখ) তাকে আটক করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
    এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

  • ওয়ালিউর রহমান আপেল পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লি: এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়।

    ওয়ালিউর রহমান আপেল পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লি: এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়।

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান (আপেল)-কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

    ‎শনিবার (১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

    এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ‎এ সময় বক্তারা বলেন, এস এম ওয়ালিউর রহমান (আপেল)-এর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি সোনারগাঁবাসীর জন্য গর্বের বিষয়। তারা তাঁর কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
    ‎পরে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মেডি কেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল স্পেশালিষ্ট হাসপাতালকে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় হাসপাতালটিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
    শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ না করায় ওটি রুম সিলগালা করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রয়েল স্পেশালিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, সোনারগাঁয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিরাপদ ও মানসম্মত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আইন ও বিধিমালা না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে হাসপাতাল বা ক্লিনিকের বৈধতা ও অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

     

  • সোনারগাঁয়ে ৬০ পরিবার পানিবন্দি, রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

    সোনারগাঁয়ে ৬০ পরিবার পানিবন্দি, রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকায় প্রায় ৬০টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। চলাচলের একমাত্র রাস্তা পুনরায় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
    শনিবার (১ আগস্ট) সকালে উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
    এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন বছর আগে উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ইটের বাউন্ডারি নির্মাণের সময় তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় ৬০টি পরিবার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    তাদের দাবি, আগে এই পথ দিয়েই এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু বাউন্ডারি নির্মাণের ফলে সামনে কিংবা পেছন দিয়ে বের হওয়ার মতো কোনো বিকল্প রাস্তা নেই। এমনকি কোনো ব্যক্তি মারা গেলেও খাট বহন করে নেওয়ার মতো পথও নেই। নিচু এলাকায় পানি জমে থাকায় প্রতিদিন পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
    ভুক্তভোগীরা আরও জানান, বাউন্ডারি নির্মাণের সময় তারা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। তাই এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে আগের চলাচলের রাস্তা পুনরায় খুলে দেওয়ার জোর দাবি জানান তারা।
    মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তা পুনরায় চালু হলে এলাকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন এবং শিক্ষার্থীরাও নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবে। এ বিষয়ে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
    মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলিম, হোসেন, সাইদুর, কালাম, আওলাদসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ।